আপ্যায়নে মুড়ি-মুড়কি
লাল-সাদা পোশাকে সারা দিন ঘুরে বাড়ি ফেরার সময় দুই হাত ভর্তি করে মেলা থেকে মুড়ি, মুড়কি, বাতাসা, খই কেনা তো হয়ই। বাড়িতেও অতিথি আপ্যায়নে এসব চাই। রোজকার বিস্কুট, চানাচুর তুলে রেখে এ দিনটিতে অনেকেই এসব খেতে চান। মাটির সানকিভর্তি মুড়ি, খই, নকুলদানা; বেতের ঝুড়িতে কদমা, বাতাসা, মুরলি এবং কলাপাতায় নাড়ু তো আমাদের ঐতিহ্যেরই অংশ। তবে বাড়িতে এসব বানানোর চল এখন কম। তাকে কী! বৈশাখী মেলায় তো পাবেনই। ঢাকা শহরেরই অনেক স্থানে গাড়িতে করেও বিক্রি হতে দেখা যায় এসব খাবার।গৃহিণী তাসমিনা হক বলছিলেন, ‘প্রতিবছরই পয়লা বৈশাখে আমার বাড়িতে বিকেলে চায়ের আসরে খই, মুড়ির মোয়া, মুরলি, বাতাসা থাকবেই। কখনোই এই নিয়মের হেরফের হয়নি। কোনোবার হয়তো বৈশাখী মেলায় যেতে পারিনি, তবে অতিথি আপ্যায়নের জন্য ঠিকই আগে থেকে মুড়ি, মুড়কি আনিয়ে রেখেছি।’ মুড়কি, মুরলি, নাড়ু, নকুলদানা, বাতাসা, কদমা, নিমকি, তিলা, দানাদার, মোনাক্কা, ডালের পিঠি, নারকেলি ইত্যাদি পাবেন ঢাকার নিউমার্কেট, বাংলাবাজার, ঢাকেশ্বরী মন্দির, ধূপখোলা মাঠ, ঢাকা কলেজ ও চারুকলার সামনে। বিক্রেতারা সাধারণত ভ্যানে করে এই খাদ্যসামগ্রীগুলো বিক্রি করে থাকেন এবং তাঁদের বেশির ভাগই ভ্রাম্যমাণ। বিক্রেতারা জানালেন, নববর্ষে এসবের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর দামটাও বছরের অন্য সময়ের তুলনায় এ সময় বেশি হয়।দরদাম কেজিপ্রতি দাম জেনে নিন এসবের।মুরলি, নিমকি ১০০-১২০ টাকা, নকুলদানা, কদমা, বাতাসা ১৩০ টাকা, নারকেলের নাড়ু ৪০০ টাকা, তিলা ১৪০-২২০ টাকা, দানাদার ১৮০ টাকা, খই ১১০ টাকা আর ডালের পিঠি ১৪০ টাকা। পাপড়ি মিঠাই প্রতিটি পাঁচ টাকা।