
আফগানদের রয়েছে মুখরোচক নানা খাবারের ঐতিহ্য। আফগানের পোলাওয়ের স্বাদও অনন্য। তাই মধ্যপ্রাচ্যের বেশির ভাগ খাবারের দোকানেই মেলে আফগান পোলাও। মধ্যপ্রাচ্য ঘুরে এসে বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছিল উদ্যোক্তা হতে চাওয়া এক তরুণকে। ঐতিহ্যবাহী আফগান খাবারের স্বাদ কীভাবে পৌঁছে দেওয়া যায় চট্টগ্রামের ভোজনরসিকদের কাছে, বিষয়টি তাঁর মাথায় ঘুরছিল। এভাবেই সাফওয়ানুল করিম নামের এক তরুণ তুর্কির হাত ধরে চট্টগ্রামে শুরু হয় আফগান খাবারের প্রথম রেস্তোরাঁর যাত্রা। ২০১৬ সালের ৪ নভেম্বর থেকে নগরের ২ নম্বর গেট এলাকায় যাত্রা শুরু হওয়া আফগান নামের এই রেস্তোরাঁ ইতিমধ্যেই ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
আফগান রেস্তোরাঁয় কাবুলি পোলাও, আফগান পোলাও, আফগান স্পেশাল নান, আফগান স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইসসহ ভিন্ন স্বাদের ভিন্ন দামের আফগানি খাবার মিলবে। এ রেস্তোরাঁর আফগানি খাবারের তালিকাটা বেশ লম্বা। তবে আফগানি খাবারের পাশাপাশি এ রেস্তোরাঁয় মিলবে কন্টিনেন্টাল, ইতালিয়ান, থাই, চায়নিজ, বাংলাদেশি, সামুদ্রিক ও আরবের নানা ধরনের খাবারের পদ।
চারজন মানুষের চাহিদার অনুপাতে তৈরি ‘আফগান স্পেশাল’ নামের প্ল্যাটার পাওয়া যাবে ২ হাজার ৪৯০ টাকায়। আফগানি মসলা, বাদাম ও কিশমিশ দিয়ে তৈরি করা হয় কাবুলি পোলাও। এক প্লেট ফুল কাবুলি পোলাও ৩৬০ টাকা ও হাফ ১৮০ টাকায় মিলবে আফগান রেস্তোরাঁয়। দুজন মানুষের খাবার অনুপাতে তৈরি ‘আফগান পোলাও উইথ মাটন’ প্ল্যাটার ৬০০ টাকায়, ‘আফগান পোলাও উইথ মিক্সড বিবিকিউ/কাবাব’ প্ল্যাটার ৭০০ টাকায় ও ‘আফগান পোলাও উইথ গ্রিলড হাফ চিকেন’ প্ল্যাটার ৬০০ টাকায় পাওয়া যাবে। চারজনের খাবার অনুপাতে তৈরি ‘আফগান পোলাও উইথ চুপান কাবাব’ প্ল্যাটার ৬০০ টাকায়, ‘আফগান ফ্যামিলি মিল’ প্ল্যাটার ১ হাজার ৫৫০ টাকায়, ‘আফগান স্পেশাল মিক্সড বিবিকিউ’ প্ল্যাটার ১ হাজার ৫৭৫ টাকায় মিলবে। এসব প্ল্যাটারের বাইরে ‘আফগান স্পেশাল কাবাব-অ্যাসর্টেড’ ৮০০ টাকা, ‘আফগান স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস’ ৩৫০ টাকা, ‘আফগান স্পেশাল নান’ ১০০ টাকা, আফগান স্পেশাল সালাদ ২০০ টাকা খরচ করে কিনতে পারবেন ভোজনরসিকেরা। এর বাইরে আরও বেশ কিছু আফগানি খাবারের পদ রয়েছে এই রেস্তোরাঁয়। এসব খাবার তৈরিতে ব্যবহার করা হয় বাসমতী চাল, আফগানি মসলা, দেশি মুরগি ও ছাগলের বাছাই করা মাংস।
ভারতীয় খাবারের মধ্যে এ রেস্তোরাঁর হায়দরাবাদি বিরিয়ানি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ভোজনরসিকদের কাছে। প্রতি প্লেট ফুল ৩১০ টাকা ও হাফ হায়দরাবাদি বিরিয়ানি পাওয়া যাবে ১৭০ টাকায়। প্রতি প্লেট চিকেন বিরিয়ানি খেতে চাইলেও গুনতে হবে হায়দরাবাদি বিরিয়ানির দাম। এর বাইরে দুই পিস তন্দুরি চিকেন ২৪০ টাকায়, প্রতি পিস চিকেন রেশমি কাবাব ২৩০ টাকায়, চিকেন মালাই কাবাব ২৫০ টাকায়, বিফ বটি কাবাব ২২০ টাকায় পাওয়া যাবে। প্রতি প্লেট চিকেন কড়াই ও চিকেন বাটার মাসালা কিনতে গুনতে হবে ৩২০ টাকা। এ ছাড়া চিকেন রেশমি বাটার মাসালা ৩৫০ টাকা, বিফ কলাপুরি ৩১০ টাকা, ফিশ কড়াই ৪৩০ টাকা, প্রন আচারি ৩৫০ টাকা, মাসালা চিকেন বাটার দোসা ২২০ টাকা ও প্লেন দোসা পাওয়া যাবে ১২০ টাকায়।
এখানে ক্রাব মাসালা ৩৫০ টাকায়, স্পাইসি শেডেড ক্রাব ৩৭০ টাকায়, প্রতি ১০০ গ্রাম আফগান স্পেশাল লবস্টার থার্মিডর ৩৩০ টাকায়, ১০০ গ্রাম গ্রিলড রেড স্ন্যাপার ২৯০ টাকায় পাওয়া যাবে। রয়েছে ২১০ টাকা দামের চিকেন চিলি মিলসহ পাঁচ ধরনের চিকেন ও বিফ মিল। শিক্ষার্থীদের জন্য ২৬০ টাকা দামের বিশেষ এক প্যাকেজ মিলবে এ রেস্তোরাঁয়। এই প্যাকেজে রয়েছে দুই পিস চিকেন ফ্রাই, দুই পিস গ্রিল উইংস, ফ্রায়েড রাইস, চায়নিজ ভেজিটেবল ও সফট ড্রিংকস। ওভেন বেকড চিকেন পাস্তাসহ বিভিন্ন দামের পাঁচ ধরনের পাস্তা মিলবে আফগানে। এ রেস্তোরাঁর বিভিন্ন পদেও ডেজার্টের মধ্যে গুড়ের পায়েস ও আফগান স্পেশাল ফালুদা বেশ সাড়া ফেলেছে। প্রতি বাটি গুড়ের পায়েস ৪০ টাকা ও প্রতি গ্লাস ফালুদা মিলবে ১৫০ টাকায়। এর বাইরেও ডেজার্ট ও আইসক্রিম মিলে রয়েছে ১২ পদের খাবার। রয়েছে আরবের বিশেষ কফি গাওয়াহসহ নয় ধরনের কফির সমাহার। আফগান স্পেশাল বেভারেজ পাওয়া যাবে ১৫০ টাকা খরচ করে। এ ছাড়া আরও ১৮ ধরনের ফ্রেশ জুস ও শেক মিলবে এ রেস্তোরাঁয়। বর্তমানে ১০০ জন একসঙ্গে বসে খেতে পারে এ রেস্তোরাঁয়। চাইলে বাসায় বসে অর্ডার করেও খাবার আনিয়ে নেওয়া যায়। রেস্তোরাঁর স্বত্বাধিকারী সাফওয়ানুল করিম বলেন, ‘প্রতিটি পরিবারের কথা মাথায় রেখে এ রেস্তোরাঁ খোলা হয়েছে। এখানে একই ছাদের নিচে সব ধরনের খাবারের সমাহার রয়েছে। খাদ্যে বৈচিত্র্য, স্বাদ ও মান রক্ষার বিষয়ে আমরা কখনোই কোনো ছাড় দিই না।’