আফগানিস্তানে নতুন শক্তি
প্রচারমাধ্যমে এখন আফগানিস্তানের খবর মানেই মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর সঙ্গে তালেবানের যুদ্ধ বা কোনো না কোনো জঙ্গিগোষ্ঠীর নানা ধরনের হামলা। এ রকম প্রেক্ষাপটে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন এক আন্দোলন। পরিবর্তনের জন্য উন্মুখ শিক্ষিত আফগান তরুণেরা এর উদ্যোক্তা। গত মাসে কাবুলে এক বড়সড় সমাবেশে নিজেদের ক্রমবর্ধমান শক্তির জানান দিয়েছে ন্যাশনাল মুভমেন্ট নামের এ নতুন আন্দোলন।সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ অনলাইনে প্রচারণা চালিয়ে তরুণদের সংগঠিত করছে ন্যাশনাল মুভমেন্ট। সারা আফগানিস্তানে এখনো ইন্টারনেটের তেমন প্রসার না হলেও নগর অঞ্চলের ২০ থেকে ৩০ বছর বয়সী শিক্ষিত তরুণ-যুবকেরা অনেকেই অন্তত মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত থাকে বৈশ্বিক এ ‘অন্তর্জালে’।আরব বিশ্বে ঝড় বইয়ে দেওয়া গণবিক্ষোভ আফগানিস্তানের এ তরুণদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। রাজনৈতিক সংস্কারের লক্ষ্য নিয়ে শুরু হওয়া আন্দোলন ন্যাশনাল মুভমেন্ট স্থানীয়ভাবে ‘বেসিজ ই মেল্লি’ নামেও পরিচিত। তৃণমূল পর্যায়ের এই নতুন রাজনৈতিক আন্দোলনের কর্মীরা প্রতীক হিসেবে বেছে নিয়েছেন সবুজ রং। আরেকটি লক্ষণীয় বিষয়: এই তরুণেরা তালেবানের সঙ্গে আলোচনার বিরোধী। আর এ বিষয়টি কিছুটা উদ্বেগের সূচনা করেছে স্থানীয় পর্যবেক্ষক মহলে।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্ষমতাচ্যুত উগ্রপন্থী তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহী। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়েরও নীরব সম্মতি রয়েছে। তাই গত মাসে বেশ কয়েক হাজার উৎসাহী সমর্থকের উপস্থিতিতে ঘোর তালেবানবিরোধী ন্যাশনাল মুভমেন্ট বিশাল সমাবেশ করলে তা অনেকেরই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ এবং দেশটির গোয়েন্দা বিভাগের সাবেক মন্ত্রী আমরুল্লাহ সালেহ। উভয়েই একসময় প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরে তাঁরা প্রেসিডেন্ট কারজাইয়ের সমালোচকে পরিণত হন।দুটি ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হওয়া সত্ত্বেও বর্তমানে একই পতাকাতলে আশ্রয় নেওয়া সাবেক এই দুই মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতেই তাঁরা একসঙ্গে কাজ করতে চান। তাঁদের আন্দোলন ন্যায়বিচার ও সংস্কারের জন্য। অনলাইনে প্রতিক্রিয়ার মাত্রা দেখে বোঝা যাচ্ছে, আবদুল্লাহ ও সালেহর আহ্বান জনগণের অন্তত বিশেষ কিছু অংশের মধ্যে সাড়া ফেলেছে।ন্যাশনাল মুভমেন্টের গত মাসের ওই সমাবেশের পর থেকে রাজনৈতিক পরিবর্তনের প্রতি সমর্থন জানিয়ে অনলাইনে আবির্ভূত হয়েছে বেশ কয়েকটি সবুজ চিহ্নিত ওয়েবসাইট। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ফেসবুক’ ব্যবহার করেও কয়েক সপ্তাহে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন ন্যাশনাল মুভমেন্টের সমর্থক ওই তরুণেরা। ওয়েবসাইটগুলোর একটি হচ্ছে অ্যান্টি-তালেবান মুভমেন্ট। ইংরেজি ও ফার্সি ভাষায় এই তালেবানবিরোধী ওয়েবসাইট তৈরি করেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর আহমদ পারওয়ানি। ওমর বলেন, আরব বিশ্বের গণজোয়ারে ইন্টারনেট যেভাবে তরুণদের সমর্থন জোগাতে সাহায্য করেছিল, তা থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি। ‘অ্যান্টি-তালেবান মুভমেন্ট’ ইতিমধ্যে আট হাজার সদস্য পেয়েছে এবং এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।ওই ওয়েবসাইটে বিনিময় করা অভিমতে আফগানিস্তানের লোকজন তাদের দেশের নাজুক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে। তারা এতে বলছে, আর বন্দুকের শক্তি নয় বরং ইন্টারনেট ব্যবহার করে পরিবর্তন আনার সময় এসেছে এখন।ওমর বলেন, ‘আফগানিস্তানের সরকার আবারও আমাদের তালেবানের অধীনে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা আর কখনো জনগণের ও রকম দুর্ভোগ চাই না। আমরা তাদের বাঁচাতে চাই।’এ ওয়েবসাইটগুলো ছাড়াও তরুণ আফগান ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই নিজেদের প্রোফাইলের ছবি সবুজ রঙে রাঙিয়ে নিচ্ছেন। এভাবে তাঁরা আন্দোলনে নিজেদের সমর্থন জানান দেন। এ ছাড়া তাঁরা নিজেদের হোম পেজে বিভিন্ন কর্মসূচির তথ্য পোস্ট করেন। এমনই এক তরুণ মাজার-ই-শরিফের আহমদ ফরিদ। নিজেদের প্রোফাইল ছবিতে সবুজ রং ব্যবহারের ব্যাপারে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা আরও সবুজ একটি আফগানিস্তানের দিকে অগ্রযাত্রার কথা বোঝাতে চাই।’তবে ন্যাশনাল মুভমেন্ট দলটির দাবি, রাজনৈতিক সংস্কারের দাবিতে তাদের এ আন্দোলন কেবল ইন্টারনেটে সীমাবদ্ধ নয়। জনগণ ও রাজনীতির বাস্তব ময়দানেও তাদের পক্ষে সমর্থন রয়েছে।দলটির একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ আন্দোলনের পক্ষে সমর্থন আরও বেশি। সেসব জায়গায় ইন্টারনেট তো দূরের কথা, একটি টেলিভিশন সেট পর্যন্ত নেই। তাখার প্রদেশের এক বেকার লোক মোহাম্মদ কোরবান বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা অতিষ্ঠ। আমার চাকরি নেই। কিন্তু এ বিষয়ে কারও মাথাব্যথা নেই। আমি নিরক্ষর, কিন্তু এ আন্দোলন সমর্থন করি।’পরিবর্তনের এই আহ্বান কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে আফগানিস্তানে? এই প্রশ্নের জবাবে দুটি কারণ খুঁজে পেয়েছেন আফগান বিশ্লেষকেরা। প্রথমত, পরিবর্তনের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত জনগণ এভাবেই কিছু একটা করার দাবি জানাতে শুরু করেছে সরকারের কাছে। দ্বিতীয়ত, জঙ্গিদের সঙ্গে সমঝোতার পক্ষপাতীদের ধারণা, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তালেবানের সঙ্গে আলোচনার একটি দুর্লভ সুযোগ তৈরি হয়েছে। এই উভয় পক্ষের মানুষেরা পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে তাই সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।এই পরিস্থিতিতে জঙ্গিদের সঙ্গে সমঝোতার বিরোধীরা হঠাৎ করেই শঙ্কিত বোধ করছে। ন্যাশনাল মুভমেন্টের নেতা আমরুল্লাহ সালেহ বলেন, তালেবানের সঙ্গে আলোচনা করাই যাবে না, তা মনে করেন না তিনি। তবে তালেবান যে ধরনের সংগঠন, তাদের সেভাবেই বিবেচনা করা উচিত। ‘তালেবান বাহিনীর সদস্যদের ভাই বলে সম্বোধন করা আফগানিস্তানের জনগণের সঙ্গে প্রতারণা করার সমতুল্য। তারা আমাদের ভাই নয়,’ বলেন সালেহ।ন্যাশনাল মুভমেন্ট বলেছে, সরকার তাদের দাবি না মানলে আগামী কয়েক মাস দলের পক্ষ থেকে আরও প্রতিবাদ কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে।উজবেক নেতা জেনারেল আবদুল রশিদ দোস্তামের মতো আরও কয়েকজন বিশিষ্ট আফগান এ আন্দোলনে যোগ দেওয়ার কথা বিবেচনা করছেন। তাঁরা সত্যিই ন্যাশনাল মুভমেন্টে যোগ দিলে তা আফগানিস্তানের রাজনীতিতে নতুন বিপজ্জনক বিভাজনকেই সামনে তুলে ধরবে। ফেসবুক প্রজন্ম তাদের আন্দোলন সব আফগানের জন্য উন্মুক্ত বলেই দাবি করছে। কিন্তু তাদের মুখের ভাষা থেকেই স্পষ্ট, আন্দোলনটি মূলত ফার্সি ভাষীদের। এই ‘সবুজ আন্দোলনে’ কিছু পশতুভাষী সমর্থক থাকলেও তাদের সংখ্যা নিতান্তই অল্প। তালেবান বাহিনীর সদস্যরা মূলত পশতুভাষী।ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে জড়িত অনেকের সঙ্গে উত্তরাঞ্চলীয় জোটের সম্পৃক্ততা আছে। তালেবান সরকারকে উৎখাত করতে সহায়তা করেছিল এই উত্তরাঞ্চলীয় জোট। আন্দোলনকারীদের অনেকেই জানায়, তালেবান শাসনামলই তাদের জীবনের বেশি দুঃসহ স্মৃতিগুলোর উৎস।কাজেই তালেবানের সঙ্গে আলোচনা অনেক আফগানের কাছে ঘৃণার বিষয়। কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতিকদের পাশাপাশি প্রেসিডেন্ট কারজাইও তালেবানের সঙ্গে সমঝোতা ও মতৈক্যের কথা বলছেন। তবে সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দেশটির অনেক রাজনীতিবিদ ও সাধারণ মানুষই এখনো নিশ্চিত নয় যে ওই সমঝোতা ভবিষ্যৎ আফগানিস্তানে তাদের নিজেদের অবস্থানের ব্যাপারে কতটা নিশ্চয়তা দেবে। সে জন্যই তাদের এ আন্দোলন। আশিস আচার্য, বিবিসি থেকে