আফগানিস্তানে মুক্তি পাওয়া পাঁচ জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা ছিল শুক্রবার। ছুটির দিন। আফগান শহর মাজার-ই-শরিফের একটি অস্থায়ী কর্মীশিবিরে গল্পগুজব করে অবসর কাটাচ্ছিলেন বাংলাদেশ ও আফগানিস্তানের জনা চল্লিশেক কর্মী। মাসে দুই শুক্রবার ছুটি কাটান দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধের সন্ধ্যায় মোটামুটি জাঁকিয়ে বসেছে শীত। হঠাৎ করেই নিয়মিত বিরতিতে ফাঁকা গুলির শব্দে এক নিমেষেই পাল্টে গেল নিরিবিলি শিবিরটির দৃশ্যপট। স্তম্ভিত হয়ে গেলেন সবাই। ওপরের বর্ণনাটা মাজার-ই-শরিফের বাইবুগায় সামহোয়ানের কর্মীশিবিরে আফগান তালেবানদের জিম্মি অপহরণের শুরুর অংশ। ২০১০ সালের ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামহোয়ানে কনস্ট্রাকশন করপোরেশনের পাঁচ বাংলাদেশি কর্মীকে অপহরণ করেছিল। প্রায় আট মাসের মাথায় ২ আগস্ট তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। নতুন জীবন ফিরে পাওয়া ওই পাঁচ কর্মী দেশে ফিরেছেন ৭ আগস্ট। কী ঘটেছিল শীতের সেই সন্ধ্যায়? শোনা যাক শফিকুল ইসলামের ভাষ্যে। টাঙ্গাইলের কালীহাতির ওই তরুণ গত ছয় বছর করেছেন শিবেরগাং, ময়মনা ও বাইবুগায়। শফিউল বলেন, ‘আফগানিস্তান পাড়ি জমাই ২০০৫ সালে। বাইবুগার যে অঞ্চলে আমাদের শিবির ছিল, তা একটি নিরিবিলি প্রত্যন্ত অঞ্চল। সড়ক তৈরিতে ব্যবহারের জন্য আমাদের যন্ত্রগুলোই ছিল শোরগোলের একমাত্র উৎস। দিনশেষে চারদিকে নেমে আসত সুনসান নীরবতা। তাই শীতের রাতে খুব কাছ থেকে থেমে থেমে গুলি আসার শব্দে অবাক হওয়াই স্বাভাবিক। আমাদের কামরার সাতজন বের হয়ে বুঝলাম, দুয়ারে এসে দাঁড়িয়েছে যমদূত। পাহাড় থেকে ফাঁকা গুলি ছুড়ছিল তালেবানরা। তাদের ভয়ে আমাদের নিরাপত্তায় নিয়োজিত ১০ আফগান পুলিশ শিবির ছেড়ে পালিয়েছে। আর শিবিরটি দখলে নিয়েছে জনা বিশেক আফগান মুজাহিদ কিংবা তালেবান। তাদের সবার হাতেই রাশিয়ান কালাশনিকভ রাইফেল। কামরায় ঢুকে অস্ত্রের মুখে পিঠমোড়া করে হাত বাঁধল আমাদের সাতজনেরই। একটু পর শিবির থেকে বের করে হাঁটতে বলল। এর মধ্যে আমাদের দুই সহকর্মী অসুস্থ হলে তাদের মাঝপথে ফেলেই তালেবানরা আমাদের নিয়ে চলতে থাকে। হাঁটছি তো হাঁটছিই। ঘণ্টা তিনেক পর ওরা আমাদের হাত খুলে দেয়। কিন্তু পথ শেষ হয় না। আমাদের প্রতি গোঁয়ার আফগানগুলোর এতটুকু মায়াও জন্মায় না। ভোর চারটার দিকে এক জায়গায় আসার পর তারা এবার আমাদের চোখ বেঁধে দেয়। এরপর একটা গাড়িতে উঠিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর গাড়ি থেমে যায়। আমাদের চোখ খুলে দিলে দেখতে পাই, একটা গ্রামে এসে পৌঁছেছি।’গন্তব্যে এসে শফিউল আর তাঁর সঙ্গীরা এই ভেবে স্বস্তি পেলেন, আপাতত আর হাঁটতে হচ্ছে না। নেওয়ার পথে তালেবানরা মারধর কিংবা কোনো নির্যাতন চালিয়েছি কি না জানতে চেয়েছিলাম তাঁর সহকর্মী রাজশাহীর চারঘাটের মাহবুব আলীর কাছে। তিনি বলেন, ‘মারধর করেনি। কিন্তু কেউ যদি অস্ত্র তাক করে আর হুমকি দেয়, কেন এখানে কাজ করতে এলাম, সেটাই তো যথেষ্ট!’ গালমন্দের হেতু কী? কি-ই বা তাদের অভিযোগ? অভিযোগ একটাই, ‘মুসলমান হয়েও কুফরির কাজ করছি। হাত মিলিয়েছি তাঁদের শত্রু মার্কিনদের সঙ্গে।’ বললেন মাহবুব। কীভাবে?মাহবুবের জবাব, ‘খুব সহজ। আমরা সামহোয়ানের হয়ে আফগানিস্তানের দুর্গম এলাকায় সড়ক যোগাযোগের অবকাঠামো করছি। এর ফলে মার্কিন বাহিনীর চলাচলের পথ সুগম হচ্ছে। এটা করে আমরা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। তাই শাস্তি আমাদের পেতেই হবে। সেটা কি মৃত্যু, নাকি মুক্তিপণ দিয়ে মুক্তি— কোনোটাই আমরা বুঝতে পারিনি অন্তত প্রথম এক মাস।’ এক মাস কেন? এক মাস পর এমন কী ঘটেছিল?শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাপের সময় প্রশ্নটার জবাব দিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমাম উদ্দিন। মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশির মধ্যে বয়োজ্যেষ্ঠ তিনি। ইমাম বললেন, এক রাতে তাঁদের ডেরায় এসে হাজির তালেবানের এক নেতা। বলা হলো, ‘তোরা মার্কিনদের সঙ্গে হাত মিলিয়েছিস, তোরাও কাফের। এ জন্য তোদের ভুগতে হবে। ভয় নেই। তোদের মারব না। নিশ্চিন্ত থাক। খাওয়াদাওয়া কর, ঘুমা। সময় হলেই ছেড়ে দেব। তবে কখনোই জানতে চাইবি না, কখন ছাড়ব।’তালেবান নেতার কথায় আশ্বস্ত হলেন কীভাবে? ‘সেদিনের পর থেকে খেয়াল করেছি, আমাদের আর হুমকি-ধমকি দেওয়া হচ্ছে না। তা ছাড়া শুরুতে যে মেরেছে, তাও নয়। তার পরও নেতার ঘোষণা বলে কথা।’ যুক্তি ইমামের। কেমন ছিল সেই সাত মাস ১৫ দিন? খাবারদাবার কেমন ছিল? কীভাবেই বা সময় কাটত?প্রশ্নটা শুনে দীর্ঘশ্বাস ফেললেন টাঙ্গাইলের মোহাম্মদ লাভলু রহমান। নবম শ্রেণীর ছাত্র আশিকুর রহমানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। ছেলেকে দেখিয়ে বললেন, ‘ওদের ফিরে পাব ভাবিনি। কীভাবেই বা ভাবব! বন্দী অবস্থায় চারবার আমাদের জায়গা বদল হয়েছে। সারাক্ষণ অস্ত্র হাতে তালেবান পাহারা দিচ্ছে। টানা এক মাস চাঁদ-সূর্য দেখিনি। একটু উঁচু স্বরে কথা বললেই খুন করার হুমকি। আমাদের জীবন তো ছিল তাদের হাতের মুঠোয়। আসলেই বেঁচে থাকাটা কোনো কোনো দিন অলীক মনে হতো। খাবার বলতে দুই বেলা রুটি আর এক বেলা পোলাও। কখনো কখনো রুটির সঙ্গে চিনি আর পোলাওয়ের সঙ্গে দেওয়া হতো মাংস। প্রাকৃতিক কাজটুকু সেরেছি যেখানে থেকেছি, সেই কামরায়। শুধু রাতের বেলা কামরার বাইরে আনা হতো।’ একই এলাকার আমিনুল ইসলাম বলেন, তালেবানদের হাতে বন্দী অবস্থায় তাঁদের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। প্রথম এক মাস তাঁদের পাহাড়ি এলাকার একটি গ্রামে রাখা হয়। সেখান থেকে পরের তিন মাস আরেক গ্রামে। পরের সময়টা দুই দফা নেওয়া হয় পাহাড়ের গুহায়। তা মুক্তি পাবেন, এটা কি আগেভাগে টের পেয়েছিলেন?আমিনুল বললেন, ‘আগেভাগে না, মুক্তি পাওয়ার আগের রাতে জানলাম, অবসান ঘটছে আমাদের বন্দিত্বের। হঠাৎ তালেবানরা এসে জানাল, তোদের ছেড়ে দেওয়া হবে। রাতে প্রত্যেকের হাতে একটা করে মিনিপ্যাক শ্যাম্পু গুঁজে দেওয়া হলো গোসলের জন্য। এরপর তারা আমাদের পরতে দিল তাদের পুরোনো পোশাক। ফজরের আজানের পর আমাদের ওরা ছেড়ে দিল। তখন চোখ বাঁধা ছিল। গাড়িতে চালকের সঙ্গে আমাদের ১০ থেকে ১২ কিলোমিটর চলার পর নামিয়ে দেওয়া হলো। এরপর তাদের নির্দেশ অনুযায়ী দুই ঘণ্টা হাঁটার পর দেখা মিলল আমাদের জন্য অপেক্ষমাণ সামহোয়ানের একটি গাড়ি। পরে ওই গাড়িতে করে চলে গেলাম মাজার-ই-শরিফে সামহোয়ানের মূল দপ্তরে। দেশে ফেরার আগপর্যন্ত সেখানেই কেটেছে।’অপহরণের সেই রাতে সহকর্মী কাজী আলতাফ হোসেনের প্রাণহানির বিষয়ে স্পষ্ট করে কিছু জানতেন না জিম্মি পাঁচ বাংলাদেশি। শফিকুল বলেন, ‘সেই রাতে শিবিরে ঢোকার পর তালেবানরা গুলি ছুড়লেও জানতে পারিনি কী ঘটেছে। ফেরার পর শুনেছি, হামলার সময় অন্য কামরায় থাকা আলতাফ ও তাঁর ছয় সঙ্গী বাতি নিভিয়ে দরজা বন্ধ করে খাটের নিচে লুকায়। এরপর তালেবানরা দরজা ভেঙে কামরায় ঢুকে টর্চলাইট জ্বেলে খাটের নিচে কয়েকজনকে খুঁজে পায়। বের হয়ে আসার নির্দেশ দিলেও আলতাফ বের হয়নি। আর রেগেমেগে তাকে হত্যা করে তালেবানরা।’ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কীভাবে যাওয়া হয়েছিল? কোনো জনশক্তি রপ্তানিকারক কিংবা অন্য কোনো সংস্থা মধ্যস্থতা করেছিল কি না? ‘না, সরাসরি গিয়েছিলাম। কোনো টাকা-পয়সাও লাগেনি।’ বললেন শফিউল ইসলাম। তিনি জানালেন, দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠানটির হয়ে এর আগে যমুনা সেতুর অ্যাপ্রোচ সড়ক, জয়দেবপুর থেকে সিরাজগঞ্জ রেল সংযোগ প্রকল্পে কাজ করছেন তাঁরা পাঁচজনই। সেই অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটি আফগানিস্তানের প্রকল্পগুলো বাস্তবায়নে তাঁদের সেখানে নিয়ে যায়।