সময়ের তারকা সত্তুর, আশি ও নব্বইয়ের দশক জুড়ে মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশের মঞ্চ ও ছোটপর্দা। সেই আফজাল হোসেনই দুই দশক পর ফিরছেন রুপালি পর্দায়। অনুদানের ছবি কাজলের দিন-রাত্রি তে অভিনয় করবেন তিনি। মাথায় আছে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও। আর লেখালেখি, ছবি আঁঁকা, সেসব তো আছেই। এবারের সময়ের তারকা
আফজাল হোসেন
ছবি আঁকা, লেখালেখি, অভিনয়—যেটি বেশি পছন্দের: সবই পছন্দ। কোনোটাই ছাড়তে পারি না।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি: নিজেকে, খাতা-কলম, মুঠোফোন।প্রথম লেখা বই: একটা গল্প সংকলন। যুবকদ্বয়। ইমদাদুল হক মিলনের সঙ্গে যৌথভাবে লেখা।প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল: ক্যামেরা বস্তুটাকে খুব একটা ভয়ংকর কিছু মনে হয়নি। সেদিন আশপাশে ঢাকা থিয়েটারের সব চেনা মানুষজন ছিলেন। নতুন কিছু করছি সেটা মনেই হয়নি।টাইম মেশিনে চড়ে যে সময়টায় ফিরে যেতে চাই: অবশ্যই শৈশবে। কোনো দায় নেই। শুধু আনন্দ। সুযোগ পেলে বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাই: চেষ্টা করেও পারব না। বাঙালি সহজে বদলাবে বলে মনে হয় না আমার প্রথম লেখা : স্কুলে থাকতে একটি রহস্য উপন্যাস লেখা শুরু করি। দস্যু বনহুর ধাঁচের কিছু একটা হবে। নামের সঙ্গে দস্যু শব্দটা ছিল এটুকু মনে আছে। আমার প্রথম অভিনয়: গ্রামে আমার সমবয়সী ছেলেপেলেদের সঙ্গে নিয়ে সিরাজউদ্দৌলা। তখন ক্লাস সেভেন কি এইটে পড়ি। প্রিয় রং: বিশেষ কোনো প্রিয় রং নেই। যেকোনো প্রিয় জিনিসের ক্ষেত্রেই মাত্র একটির নাম বলা কঠিন। আমার অভিনীত প্রথম টিভি নাটক: ১৯৭৫ সালে। নাটক আবদুল্লাহ আল-মামুুনের রাইফেল। আমার নিজের করা প্রিয় চরিত্র: সেলিম আল দীনের লেখা একটি চরিত্র। নাম ছুট্টি এবং কেরামত মঙ্গল-এর চশমা ডাকাত।সামনে যে কাজটি করব ভাবছি: অনেক কিছুই করতে চাই। চিত্র প্রদর্শনী। কবিতার বই। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানোর ভাবনাও মাথায় আছে। প্রথম বিদেশ ভ্রমণ:’৭৫ সালে। সিঙ্গাপুরে গিয়েছিলাম সেবার। যে স্বপ্ন প্রায়ই দেখি: ঘুমের ঘোরে স্বপ্ন দেখি খুব কম। জেগে থেকেই স্বপ্নে দেখি বেশি। আমি যা লিখি। যা আঁকি। সামনে যে ছবি বানাব। এসব নিয়েই আমার স্বপ্ন।সাক্ষাতকার: ইকবাল হোসাইন চৌধুরী