সাতসকালে প্রেসক্লাবের নির্বাচনে ভোট দিয়েই বন্ধু রাজ্জাকের গাড়িতে সোজা গাজীপুর। জাতীয় উদ্যানের তিন নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই ‘রজনীগন্ধা’। আমাদের পিকনিক স্পট। সাবেক সোভিয়েত ইউনিয়ন, পরবর্তী সময়ে রাশিয়ার সর্বদক্ষিণের শহর ক্রাসনাদারে আমরা যারা পড়াশোনা করেছি, তাদেরই মিলনমেলা এটি। ওখানেই দেখি স্বামী আর দুই পুত্রসন্তান নিয়ে আফশা হাজির। আফশা এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পোশাকি নাম মাহতালাত আহমেদ। পিকনিকে আসা বড় ভাই-বোন ও বন্ধুদের দেখে মনে হলো, বয়সটা আর এই বয়সে বেঁধে রাখা যাচ্ছে না মোটে। আমরা এই বৃক্ষশোভিত বনাঞ্চলে এসে ফিরে গেছি বরফাচ্ছাদিত স্মৃতির শহরে। পৌঁছে গেছি আমাদের ২০-২১ বছর বয়সে।‘কবে এলে?’ আফশাকে আমার প্রশ্ন।‘কাল। বেশ ভালো লাগছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে।’আমারও ভালো লাগছে। মনে হচ্ছে আমরা আমাদের পুরোনো সময়টাতে ফিরে গেলাম।‘সময় পুরোনো হয় না। আমরা এখনো ক্রাসনাদারে আছি।’‘বাচ্চাকাচ্চাসমেত?’আমরা হাসি। শরতে যখন গাছের পাতারা ঝরে যেত কিংবা তীব্র শীতে বরফ মাড়িয়ে চলতে হতো পথ, সেই সময়টার কথা মনে পড়ে যায়। মনে পড়ে খাদ্যাভাবের সময়টিতে দেড় মাইলব্যাপী কিউয়ে দাঁড়িয়ে দুই কেজি চাল কিংবা পাঁচ কেজি আলু কেনার দিনগুলোর কথা।‘তোমার দিন কাটছে কী করে?’‘ক্লাস নিয়ে। বাড়ি এসে রান্না-বান্না করে।’‘রিপন সাহায্য করে না?’‘ও এখন আর রান্না করতে চায় না।’ রিপন, মানে মনিরুল ইসলামও এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।রাশিয়ার জীবনে ছেলেরাই ছিল ভালো বাবুর্চি। সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে ফ্রিজ থেকে গরুর মাংস অথবা রুই মাছ বের করে রান্না করা, হোস্টেলের সব বাঙালি এক হয়ে খেতে বসার আনন্দ কি ভোলা যায়! সেই আসরে মাঝেমধ্যে ছিল আফশার নিমন্ত্রণ। ভারতের বিহারের মেয়ে আফশা কখন যে আমাদের একান্ত আপন হয়ে উঠল, তা বুঝতে বুঝতেই একসময় রিপনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসল ও। বিয়ের আগে রিপনের হবু শাশুড়ির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে ফিসফিস করে আফশা বলল, ‘মাকে বলো, সোচো মাৎ’। তৎক্ষণাৎ রিপন বলল, ‘মাতো সোচ।’ এই নিয়ে কম হাসাহাসি করিনি আমরা।বাংলাদেশে এসে আফশা এখন পুরো বাংলায় কথা বলে আর ইংরেজিতে ক্লাস নেয়।‘বাচ্চারা বড় হচ্ছে। আমাদেরও দায়িত্ব বাড়ছে। কাজের লোক থাকতে চায় না। বাড়িতে কত কাজ থাকে!’ বলে আফশা।হঠাৎ একটা ঘোড়ার গাড়ি এসে হাজির হয় পিকনিক স্পটে। তা দেখে অধ্যাপক মাহতালাত শিশু হয়ে যান। বলেন, চলো আমরা একটু ঘোড়ার গাড়িতে ঘুরে আসি।ঘোড়ার গাড়ি ছোটে টগবগ টগবগ। সঙ্গের চার শিশুর আনন্দের সঙ্গে সঙ্গত দিই আমরা। আফশা বলে, ‘সেই ছোটবেলায় বাবার সঙ্গে ঘোড়ার গাড়িতে উঠেছিলাম। এরপর কত বছর পার হয়ে গেল, আর ঘোড়ার গাড়ি চড়া হয়নি। মনে পড়ে বিহারের কথা। পাটনার কথা। মা-বাবা-ভাইদের কথা।’নীরবতা। কিছুক্ষণ আগে আমরা ছিলাম আমাদের যৌবনে। আফশা এখন ওর ফেলে আসা শৈশবে।