আফালের সঙ্গে হিজল-করচের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিস্তীর্ণ নলুয়ার হাওরের গহিনে ভুরাখালী গ্রাম ঘিরে লাগানো হিজল-করচগাছের সারি। নিজ হাতে লাগানো এসব গাছ ছেলেকে দেখাচ্ছেন বৃক্ষপ্রেমী আবদুল হাফিজ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সুনামগঞ্জের বিস্তীর্ণ নলুয়ার হাওরের গহিনে ভুরাখালী গ্রাম ঘিরে লাগানো হিজল-করচগাছের সারি। নিজ হাতে লাগানো এসব গাছ ছেলেকে দেখাচ্ছেন বৃক্ষপ্রেমী আবদুল হাফিজ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বর্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শহর থেকে ভুরাখালী গ্রামে যাওয়ার বাহন বলতে নৌকা। মাঝে পাড়ি দিতে হয় দিগন্তবিস্তৃত নলুয়ার হাওর। প্রায় দুই ঘণ্টা ধরে জল ঠেলে যেতে হয়। মাথার ওপর রোদের খরতাপ সয়ে যাচ্ছি। একসময় দূর থেকে চোখে পড়ল গাছগাছালি। মাঝি জানালেন, ওইটাই ভুরাখালী গ্রাম।
কিন্তু গ্রামে বাড়িঘরের দেখা মিলছে কই? চোখে পড়ছে হাওরের জলে ভাসা সারি সারি হিজল-করচ। জলের ওপর যেন ডালা মেলে আছে গাছগুলো। এ গাছের ওপরই প্রথম আছড়ে পড়ে আফাল। আফাল মানে ঢেউ।
এই হিজল-করচ আসলে হাওরের আফাল মোকাবিলায় এক প্রাকৃতিক ঢাল। হিজল-করচে আছড়ে পড়েই শক্তিহীন হয় আফাল। আগে সরাসরি আঘাত করত মানুষের বাড়িঘরে, চুরমার করে দিত সব। এখন এই গাছগুলোই বুক পেতে আগে লড়াই করে; পরম মমতায় আগলে রাখে হাওরের মানুষ, বাড়িঘর।

ভরা বর্ষায় হাওরের ঢেউ ‘আফাল’ থেকে গ্রামের বসতবাড়ি-ভিটেমাটি রক্ষায় লাগানো হিজল-করচ l ছবি: প্রথম আলো
ভরা বর্ষায় হাওরের ঢেউ ‘আফাল’ থেকে গ্রামের বসতবাড়ি-ভিটেমাটি রক্ষায় লাগানো হিজল-করচ l ছবি: প্রথম আলো

হাওরের দুই রূপ: বোরো মৌসুমে হাওর থাকে সবুজ ফসলের চাদরে ঢাকা। সেই হাওরই বর্ষায় আরেক রূপ ধারণ করে। শান্ত সবুজের হাওর হয়ে ওঠে অশান্ত। দমকা হাওয়ায় অবারিত জলরাশি থেকে তৈরি হয় তীব্র ঢেউ। যেন প্রাকৃতিক দুর্যোগ।
পুরো বর্ষাই হাওরবাসীর কাটে এই আফালের সঙ্গে যুদ্ধ করে। ৪০ বছর আগে আফালকে প্রাকৃতিকভাবে মোকাবিলার চেষ্টায় নেমেছিলেন একজন মুক্তিযোদ্ধা। হাওরকে বেষ্টনী করে গ্রামের চারদিকে লাগিয়েছিলেন দুই শতাধিক হিজল-করচ। মুক্তিযুদ্ধ শেষে গ্রামে ফিরে তাঁর এ চেষ্টাকে আরেকটি যুদ্ধ হিসেবেই দেখেছিল গ্রামবাসী। এ যুদ্ধেও সফল হয়েছেন তিনি। বৃক্ষরোপণ কিংবা পরিবেশ নিয়ে আজকের দিনের যে ভাবনা, তখন তা কোনো মফস্বল শহরেও ছিল কি না, সন্দেহ। ওই রকম সময়েই এসব গাছ লাগিয়ে হাওরের গ্রাম, বসতভিটা রক্ষার চিন্তা করেছেন যে মানুষটি, তিনি আবদুল হাফিজ (৭০)।
হাওরের গহিনে ভুরাখালী গ্রামে হাফিজের সেই উদ্যোগে আফাল বধ তো হয়েছেই, তাঁরই মতো করে অন্যরাও গাছ লাগিয়ে একে বধ করেছেন নিজ নিজ গ্রামেও।
গ্রামের নাম ভুরাখালী: জগন্নাথপুরের নলুয়ার হাওরের গহিনের গ্রাম ভুরাখালী। খুব বড় নয়, শ দুই বাড়ি আর হাজার দেড়েক মানুষের বাস। এখানেই জন্মেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আবদুস সামাদ আজাদ। তাঁরই ভাতিজা আবদুল হাফিজ। হাওরে গাছ লাগানোর গুরু©হিসেবে হাফিজকে মান্য করে আশপাশের গ্রামের মানুষও। গ্রামগুলোতে লাগানো সারি সারি অগুনতি হিজল-করচ যেন তাঁর পক্ষে সে সাক্ষ্যই দিয়ে যায়।
যেভাবে শুরু: একাত্তরের মুক্তিযুদ্ধ শেষে ওই বছরই বাড়ি ফেরেন আবদুল হাফিজ। পরের বছর সুনামগঞ্জে দেখা দেয় বন্যা। সেবার হাওরে আফালের তাণ্ডবও ছিল বেশি। কোনোভাবেই বসতবাড়ি, ভিটেমাটি রক্ষা করা যাচ্ছিল না। বাড়িঘর রক্ষায় গ্রামবাসী বাঁশ দিয়ে আঁড় দিলেও রক্ষা হয় না। বসতবাড়ি হারান অনেকে। ওই ঘটনা ভাবিয়ে তোলে হাফিজকে।
কীভাবে গ্রাম রক্ষা করা যায়, সে চিন্তা থেকে পরবর্তী বর্ষা আসার আগেই কিছু হিজল-করচের চারা জোগাড় করে সেগুলো লাগিয়ে দেন হাওরপাড়ে। প্রথমবার লাগান ৫০-৬০টি। পরেরবার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হন তিনি। কিন্তু দমে যায়নি উদ্যোগ। গাছ লাগিয়ে যাওয়ার পাশাপাশি উৎসাহ জোগাতে থাকেন গ্রামের মানুষকেও। প্রায় ১০ বছর এভাবে হিজল-করচ লাগিয়ে যান তিনি।
সম্প্রতি নিজের বাংলো ঘরে বসে কথা হয় হাফিজের সঙ্গে। বললেন, আফালের সঙ্গে সংগ্রাম করে যুগ যুগ ধরে টিকে আছে হাওরের মানুষ। কারও পরামর্শে নয়, ঢেউ থেকে রক্ষায় নিজ মন থেকেই গাছ লাগানোর চিন্তা মাথায় আসে। কিছু হিজল-করচ লাগানোর পর যখন দেখা যায় উপকার হচ্ছে, তখন গ্রামবাসীও শুরু করে গাছ লাগানো।
গ্রাম থেকে গ্রামে: হাফিজের আফালবধের উদ্যোগ এখন নিজ উপজেলা জগন্নাথপুরের বেতাউকা, গাদিয়ালা, নোয়াগাঁও, নলুয়া নোয়াকান্দা, হরিনাকান্দি, রাসনাগাঁও গ্রামগুলো ছাপিয়ে দিরাই উপজেলার কদমতলী, রাজনগর গ্রামেও ছড়িয়ে পড়েছে। প্রায় সব বাড়ির সামনেই হাওরের পাড়ে লাগানো করচগাছ। চিলাউরা হলদিপুর ইউপির সদস্য অনিল চন্দ্র দাস জানান, শুধু হিজল-করচ লাগানোই নয়, আবদুল হাফিজের চেষ্টায় ভুরাখালী গ্রামে প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, ডাকঘর ও কবরস্থানও তৈরি হয়েছে।
কেমন কাটছে হাফিজের: বয়স হয়ে যাওয়ায় এখন গাছ লাগাতে পারেন না হাফিজ। তবে অন্যকে উৎসাহ জোগান আগের মতোই। গাছ লাগানোর কাজটি ধরে রেখেছে তাঁর পরবর্তী প্রজন্ম।