আফ্রিকার অর্থনীতির জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলা ভাইরাস
ইবোলা ভাইরাস

পশ্চিম আফ্রিকা অঞ্চলে ইবোলা ভাইরাসের আক্রমণে এ পর্যন্ত এক হাজার ৯০০ জনেরও বেশি মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রোগটির প্রভাবে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের স্বাস্থ্য খাতে সংকট দেখা দেওয়ার পাশাপাশি অর্থনীতিতে নেমে এসেছে বিপর্যয়।
ইবোলার কারণে সিয়েরা লিয়নের অর্থনীতি ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বেই কোরোমা কয়েক দিন আগে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন। ইবোলা সংক্রমণের কারণে দেশটির কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, সিয়েরা লিওনের সংখ্যাগরিষ্ঠ মানুষ (প্রায় ৬৬ শতাংশ) কৃষিজীবী। দেশটির মোট ১৩ জেলার ১২টিতেই ইবোলার প্রকোপ দেখা দিয়েছে। তবে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ইস্টার্ন প্রভিন্সে। কৃষক ও শ্রমিকদের চলাফেরার পাশাপাশি সেখানে মালামাল সরবরাহও বন্ধ করে দিয়েছে পুলিশ ও সামরিক বাহিনী।
ইবোলাপীড়িত অঞ্চলের লোকজন নিজেদের বাড়িঘর ও খামার ফেলে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। এতে শ্রমিক-সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান সমন্বয়কারী ডেভিড ম্যাকল্যাচ্লান কার মনে করেন, সড়কপথ অবরোধ করে দেওয়ার বিষয়টি ইবোলার বিস্তার রোধের জন্য বেশ গুরুত্বপূর্ণ। উপদ্রুত এলাকাগুলোর সঙ্গে অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ করে দেওয়াটা আসলেই প্রয়োজনীয়। কিন্তু সামনে আসছে ফসল রোপণের মৌসুম। তার মানে ইবোলার বিস্তারের কারণে এ বছর ফসল উৎপাদন সেভাবে হবে না। পরিণামে খাবারের সংকট দেখা দেবে এবং খাদ্যের দাম বেড়ে যাবে। এতে মূল্যস্ফীতি ঘটবে।
সিয়েরা লিওনের স্বাস্থ্য খাতে সহায়তার জন্য ইউএনডিপি এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার সহায়তার দাবি জানিয়েছে। আর বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সিয়েরা লিওন, গিনি ও লাইবেরিয়ায় জরুরি সহায়তা কাজে মোট সাত কোটি ডলার লাগবে বলে জানিয়েছে।
ইবোলার কারণে গিনি ও লাইবেরিয়ার অর্থনৈতিক পরিস্থিতির যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তা আশঙ্কাজনক না হলেও বেশ উদ্বেগজনক। বিশ্বব্যাংক জানায়, গিনির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৪ থেকে সাড়ে ৩ শতাংশ পর্যন্ত পড়ে যেতে পারে।
লাইবেরিয়ার অর্থনীতিতে চলতি বছর ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এখন সেটা আর বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আমারা কনেহ। কারণ, ইবোলার কারণে দেশটির পরিবহন ও সেবামূলক অন্যান্য খাতে ধীরগতি দেখা দিয়েছে এবং বিদেশি কর্মীরা চলে গেছেন।
ইস্পাত উৎপাদনকারী বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আর্সেলোরমিত্তাল লাইবেরিয়ার ইয়েকেপায় তাদের খনি প্রকল্পে লোহার আকরিক সংগ্রহের কাজে অনেক পিছিয়ে পড়েছে। কারণ, সেখানকার ঠিকাদারেরা ইবোলায় আক্রান্ত হওয়ার ভয়ে ওই এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে নিয়েছে।
গিনির পূর্বাঞ্চলের অরণ্যে রয়েছে দেশটির বৃহত্তম লোহার আকরিকের খনি ও প্রকল্প—সিমান্দু। লোহার আকরিক উৎপাদনকারী বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান ব্রাজিলভিত্তিক ভ্যালে গত এপ্রিল থেকে সিমান্দুতে কাজ করছে। ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ভ্যালে কয়েক দিন আগে সিমান্দু থেকে তাদের আন্তর্জাতিক কর্মীদের সরিয়ে নিয়েছে। স্থানীয় কর্মীদেরও ওই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে, সিয়েরা লিওন থেকে নিজেদের কিছুসংখ্যক কর্মীকে সরিয়ে নিয়েছে লন্ডন মাইনিং নামের ব্রিটিশভিত্তিক একটি খনি প্রতিষ্ঠান। অথচ দেশটির প্রবৃদ্ধির অনেকটাই এই খনিশিল্পের ওপর নির্ভরশীল। সিয়েরা লিওনের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের কাজের সময়সীমা দুই ঘণ্টা কমিয়েছে। গ্রাহকদের সংস্পর্শ এড়িয়ে চলাই এই উদ্যোগের উদ্দেশ্য। ইবোলার কারণে দেশটির পর্যটন খাতেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক হোটেল একেবারে খালি পড়ে আছে।
ইবোলার বিস্তার ঠেকাতে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অনেক উড়োজাহাজের ফ্লাইট। এতে ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে। কয়েকটি দেশে পণ্যের আমদানি-রপ্তানি আশঙ্কাজনক হারে কমে গেছে।
নাইজেরিয়ার সঙ্গে ক্যামেরুনের দীর্ঘ সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর সিয়েরা লিওন ও লাইবেরিয়ার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কেনিয়া এয়ারওয়েজ। ইবোলার আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি দেশই দরিদ্র। ভাইরাসটির সংক্রমণে তারা আরও গরিব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সিয়েরা লিওন ও লাইবেরিয়া—দুটি দেশই ভয়াবহ গৃহযুদ্ধ পেরিয়ে এসেছে এবং অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। ইবোলার কারণে দুটি দেশের অনেক ইতিবাচক অর্জনই এখন বিপর্যয়ের মুখোমুখি। অতিমাত্রায় দারিদ্র্যপীড়িত হয়ে দেশটির মানুষ অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক প্রতিষ্ঠান আফ্রিকা অ্যাটওয়ার্কের প্রধান নির্বাহী ডায়ানা গেমস বলেন, ইবোলার কারণে আফ্রিকার অর্থনীতির পুনর্জাগরণ বিঘ্নিত হতে পারে। আফ্রিকার উত্থানের পথে বড় রকমের আঘাত হেনেছে ইবোলা। সেখানে দারিদ্র্য আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে একমাত্র নাইজেরিয়ারই রয়েছে ইবোলা মোকাবিলার উপযোগী স্বাস্থ্যব্যবস্থা ও অবকাঠামো।
তবে গেমস মনে করেন, ২০১৪ সালের ইবোলা আফ্রিকা মহাদেশের ভাগ্যে কোনো চিরস্থায়ী চিহ্ন নয়, বরং হালকা দাগ ফেলবে। কারণ, আফ্রিকার পুনর্জাগরণের মৌলিক উপাদানগুলো এখনো অটুট রয়েছে।