(দ্বিতীয় কিস্তি)নানা দেশের রঙ্গ- রসিকতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই আমরা। এবার শুনুন আফ্রিকার কিছু রসিকতাআফ্রিকার এক নিঃসন্তান দম্পতি গিয়েছে বাচ্চা দত্তক নিতে। দুই মাস বয়সী এক রাশিয়ান বাচ্চা পেয়ে খুশি ধরে না তাদের, যাক, তাদের গায়ের রং কালো হলে কী হবে, বাচ্চা তো সাদা। আনন্দে ডগমগ সেই দম্পতি বাচ্চাকে নিয়ে ঘরে ফেরার আগে রাশিয়ান ভাষা শেখায় তেমন একটা প্রতিষ্ঠানে গিয়ে হাজির। ফরম পূরণ করে বেরিয়ে আসবে, ঠিক সেই সময় পরিচিত একজন বলল, ‘তো এই বুড়ো বয়সে হঠাৎ রাশিয়ান ভাষা শিখতে এলে কেন শুনি?’ সাহেব-বিবি কোলের বাচ্চাকে দেখিয়ে বলল, ‘আরে ভাই, বাচ্চা তো দত্তক নিয়েছি রাশিয়ার। আর দুই দিন পরই তো সে কথা বলতে শিখবে, আমরা যদি রাশিয়ান ভাষাই না জানি, তবে ওর কথা বুঝব কী করে, শুনি?’প্রাণের দোস্ত থাকে সেই সুদূর ইংল্যান্ডে। কেপটাউনে বসে তাঁর কথা মনে করে সপ্তাহে এক দিন রেস্তোরাঁয় মিষ্টি খেতে আসেন বুড়ো মাইকেল। দুই প্লেট মিষ্টি নিয়ে টেবিলে বসেন তিনি। তারপর এক পাশে বসে টপাটপ কয়েকটা মিষ্টি খেয়েদেয়ে খানিক পরে চলে যান আরেক পাশে, সেখানেও খানিকটা গিলে ফের চলে আসেন নিজের জায়গায়। বুড়োর এমন কাজ-কারবার দেখে রেস্তোরাঁর লোকজন তো ভারি অবাক, ‘দুই প্লেট মিষ্টি গিলবে তো একপাশে বসেই গিলো না কেন? এপাশ-ওপাশ করার কী দরকার!’ বুড়ো মাইকেল একটা মিষ্টি গলাধঃকরণ করে বললেন, ‘আমার দোস্ত তো কাছে নেই, তাই ওর হয়ে ওপাশের মিষ্টিগুলোও আমিই খেয়ে নিই!’ এমন করেই চলছিল দিন। হঠাৎ একদিন নিয়মের ব্যতিক্রম, টেবিলের এক পাশে এক প্লেট মিষ্টি নিয়ে বসলেন মাইকেল। ‘ঘটনা কী?’ জানতে চাইল লোকেরা। ‘ঘটনা আর কিছুই না। গতকালই ডায়াবেটিস ধরা পড়েছে আমার। ডাক্তারের কড়া নিষেধ—মিষ্টি থেকে এক শ হাত দূরে থাকবেন। কিন্তু আমার দোস্তের তো ডায়াবেটিস নেই। তাই নিয়মানুযায়ী ওর হয়েই এক প্লেট মিষ্টি খেয়ে নিচ্ছি আরকি!’ বুড়ো মাইকেলের নির্লিপ্ত জবাব।জ্যামাইকার হেনরির দিনকাল বেশ খারাপ যাচ্ছিল। রাত দুইটায় মদ খেয়ে বদ্ধমাতাল সে। মড়ার ওপর খাঁড়ার ঘা, ঘরে ফেরার পথে একটা ডাস্টবিনে উল্টে পড়ে গেল সে। পুলিশ এসে ক্যাঁক করে ধরল তাকে, ‘বিষয়টা কী, এত রাতে এমন মাতলামি কিসের, যাচ্ছিলে কোথায়, শুনি?’ ‘যাব আর কোথায়! লেকচার শুনতে যাচ্ছিলাম, জনাব।’ পুলিশ তো সব শুনে মহাখাপ্পা, ‘পাগল পেয়েছ! এত রাতে কোন আহাম্মক তোমার জন্য লেকচার দেবে?’ ‘লেকচার তো একজনই দেয়।’ ‘কে সে?’ ‘আর কে! আছে না আমার বউ!’তিন দেশপ্রেমিক নেতা উঠেছেন পাহাড়ের চূড়ায়। মেক্সিকোর দেশপ্রেমিক বললেন, ‘আমার দেশের মানুষের জন্য আমি জান দিতেও প্রস্তুত।’ বাকিরা বলল, ‘প্রমাণ দাও।’ ‘এই উৎসর্গ আমার প্রিয় দেশবাসীর উদ্দেশে।’ বলেই পাহাড় থেকে নিচে ঝাঁপ দিলেন মেক্সিকোর সেই দেশপ্রেমিক নেতা! জাপানের দেশপ্রেমিক বললেন, ‘আমিও আমার দেশের আপামর জনগণের জন্য প্রাণ বিলিয়ে দিতে দ্বিধা করব না, এবং এই আত্মাহুতি আমার দেশবাসীর জন্য।’ বলেই পাহাড়চূড়া থেকে ঝাঁপিয়ে পড়লেন তিনি। এবার আফ্রিকার দেশপ্রেমিকের পালা। পাহাড়ে একজন শ্বেতাঙ্গ ছিল, তাকে ধরে এনে ঘাড়ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে হাত ঝাড়লেন সেই কৃষ্ণাঙ্গ নেতা। হাসতে হাসতে বললেন, ‘আর এটা আমার দেশবাসীর উদ্দেশে!’দক্ষিণ আফ্রিকার বসভেল্টের এক কৃষক স্টোফেল। এক সকালে স্টোফেল তাঁর বউ কিটি আর ছেলে ফ্রিকিকে নিয়ে গেলেন রাজধানী জোহানেসবার্গে। এটাই তাঁদের প্রথম রাজধানীতে যাত্রা। গিয়েই তাঁরা পঁচিশ তলার এক মার্কেটে ঢুকেছেন। সব দেখে তো তাঁদের চোখ ছানাবড়া। কৃষকের বউ কিটি গেলেন এটা-সেটা কিনতে। সেই ফাঁকে বাপ-বেটা মিলে মার্কেটটা ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ একটা লিফটের সামনে পড়তেই ব্যাপক চমৎকৃত তাঁরা, ফ্রিকি তো চেঁচিয়েই উঠল প্রায়, ‘আরে বাবা, এটা কী জিনিস! কেমন দেয়াল ফেটে দরজা খুলে যায়, আবার দেখি ওপরেও উঠতে পারে!’ স্টোফেল নিজেও বাপের জন্মে এমন জিনিস দেখেননি, তাই তাঁরও একই প্রশ্ন, ‘জিনিসটা কী!’ ঠিক সেই সময় কালোমতো এক নারী লিফটের ভেতরে ঢুকে গেলেন, ভেতরে সুইচ টিপে ওপরেও উঠে গেলেন। খানিক বাদে নেমে এল লিফটটা। দরজাটা খুলে যেতেই বাপ-বেটার চোখ রীতিমতো কমলালেবু। অল্প বয়সী এক সুন্দরী নারী বেরিয়ে আসছেন সেখান থেকে। দেখে তো স্টোফেল তো লাফিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে, ফ্রিকিকে বলল, ‘ওরে ফ্রিকি, এ তো দুর্দান্ত জিনিস! শিগগির যা, তোর মাকে নিয়ে আয়, ওই যন্ত্রের ভেতরে ঢুকিয়ে দিই!’