আফ্রিকার ছাদে চড়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিলিমানজারোর চূড়ায় লেখক। ছবি: সংগৃহীত
কিলিমানজারোর চূড়ায় লেখক। ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর ছেড়ে এসেছি প্রায় আড়াই ঘণ্টা। ইথিওপিয়ান এয়ারলাইনসের এই বোয়িং বিমানের ডিজিটাল পর্দায় ত্রিমাত্রিক ছবিতে দেখা যাচ্ছে মাউন্ট মেরু ও মাউন্ট কিলিমানজারোর মাঝামাঝি কোনো জায়গায় আছি আমরা।

বিমানে যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই পর্যটক। মূলত তানজানিয়ার বিখ্যাত সাফারিতে যাওয়ার জন্যই এসেছেন তাঁরা। তবে আমার মতো লক্ষ্য নিয়েও এসেছেন অনেকে। আমাদের লক্ষ্য আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু কিলিমানজারো পর্বতের উহুরু চূড়ায় পৌঁছানো।

বিমানবন্দরের বাইরে বের হয়েই আমার নামের লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা সায়মনকে পেয়ে গেলাম। কয়েক সপ্তাহ আগে ফেসবুকের একটি গ্রুপে পরিচয় ওর সঙ্গে। শেষ পর্যন্ত এত দিনের লালিত স্বপ্নটা সত্য হতে যাচ্ছে, কিলিমানজারো পর্বত আরোহণ করা শুরু করব পরের দিন থেকেই। বিমানবন্দর থেকে মোশি শহরে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লাগল।

হোটেলে পৌঁছে প্রথমেই ঝটপট করে আমার ব্যাগ খুলে পর্বতারোহণের যাবতীয় সরঞ্জাম বের করে সায়মনের সঙ্গে হিসাবনিকাশ করতে বসে গেলাম। মোটামুটি সবই ঠিক আছে—তবে স্লিপিং ব্যাগ, গেইটার, থার্মাল পানির বোতল, আর পানি নিরোধক ট্রেকিং বুট নেই আমার সঙ্গে। সায়মন চলে গেল ওগুলো ভাড়া করার ব্যবস্থা করতে। শেষ বিকেলে বৃষ্টি থামতেই বের হলাম হোটেল থেকে। একটু হেঁটে মূল রাস্তায় উঠতেই প্রথমবারের মতো দেখলাম কিলিমানজারো। সবুজ বনের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরফের এই পর্বত। পরবর্তী ছয় দিনে এই পর্বতের সর্বোচ্চ চূড়া উহুরু পৌঁছানো আমার লক্ষ্য।

পরের দিন ৫ নভেম্বর সকাল ১০টার দিকে সায়মন এসে হাজির হলো গাড়ি নিয়ে। সঙ্গে দুজন পোর্টার ও একজন শেফ। মোট পাঁচজনের দলের নেতৃত্ব দিচ্ছে সায়মন। গাড়িতে করে দুই ঘণ্টা পরে আমরা হাজির হলাম মাসামি গেটে। কিলিমানজারো পর্বতারোহণের জন্য যে কটি রুট রয়েছে সেগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে মাসামি রুট। মাসামি গেটের উচ্চতা ৫ হাজার ৭১৮ ফুট আর মাসামি ক্যাম্প ৯ হাজার ৯২৭ ফুট উচ্চতায়। প্রথম দিনের জন্য উচ্চতাটা একটু বেশিই। তবে সন্ধ্যার একটু আগেই মাসামি ক্যাম্পে পৌঁছে গেলাম।

পরের দিনের গন্তব্য ১২ হাজার ৩৫৫ উচ্চতায় শিরা ক্যাম্প। এখানে পৌঁছাতে অনেক চড়াই-উতরাই পার হতে হয়। এখানে ক্যাম্পে রাত কাটালাম। 

আমরা বারাংকো ক্যাম্পের উদ্দেশে রওনা হলাম পরদিন সকালে। খাড়া ঢাল বেয়ে পাথরের বড় বড় বোল্ডারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দুপুরে লাভা টাওয়ারে পৌঁছে মোটামুটি আড়াল খুঁজে বের করে যখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি খেয়াল করলাম বৃষ্টির ফোঁটাগুলো কেমন জানি মোটা মোটা আর সাদা হয়ে যাচ্ছে। একটু পরেই বুঝতে পারলাম আসলে তুষারপাত হচ্ছে!

পর্বতে এগিয়ে চলা
পর্বতে এগিয়ে চলা

জীবনে প্রথম আমার তুষারপাত দেখা। ১৫ হাজার ৯১ ফুট উচ্চতার লাভা টাওয়ারে দুপুরের খাবার খেতে খেতে দেখছি তুষারপাত আর বরফ। একটু থামলেই নেমে আসতে শুরু করলাম আমাদের রাতের ক্যাম্পের দিকে। যখন পৌঁছলাম তখন আমার প্রচণ্ড মাথাব্যথার সঙ্গে জ্বর আর বমি। বুঝলাম এটি পর্বতের উচ্চতাজনিত অসুস্থতা।

চতুর্থ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বারাংকো ক্যাম্প থেকে বারাংকো ওয়াল বেয়ে উঠে পৌঁছাতে হবে বারাফু ক্যাম্পে। মূলত পর্বতের শীর্ষ চূড়ায় (সামিট) ওঠার বেইজ ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয় একে। আগের দিনের মতো আর তুষারপাত হচ্ছে না। কুয়াশায় ঢেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ঠান্ডা আবার রোদ উঠলে গরম। এই জ্যাকেট খুলি আবার এই পরি।

বিকেল চারটার দিকে বারাফু ক্যাম্পে এসে সই করলাম। আজ রাতেই সামিট। তাঁবুর মধ্যে আমি থাকতে পারছি না, এত সুন্দর ক্যাম্প ও এর আশপাশ। পাশেই মাউনজি পর্বত। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরফে মোড়ানো স্টেলা পয়েন্ট (১৮ হাজার ৬৫২ ফুট)। মূল চূড়া উহুরু পিক এখান থেকে দেখা যায় না।

বিকেলে খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাত সাড়ে ১১টায় গাইড ডেকে দেবে, এমনই কথা। কিন্তু জেগে গেলাম ৯টাতেই। রাত ১২টার সময় অন্তত শখানেক পর্বতারোহী রওনা দিলেন আফ্রিকার সর্বোচ্চ এই বিন্দুর দিকে। চাঁদের আলোয় পাহাড়ের চূড়া স্পষ্ট দেখা যাচ্ছে। আমরাও হেডল্যাম্পের আলোয় ভালোভাবেই চলতে পারছি।

পর্বতের দিকে কয়েকবার তাকিয়ে পরে দেখা বাদ দিয়ে দিলাম। প্রতিবার মনে হচ্ছে চূড়া যেন আগের চেয়ে দূরে সরে যায়। একসময় পর্বতের অন্য প্রান্তে সূর্য উঠে গেল, কিন্তু পথচলা শেষ হয় না। আর থাকতে না পেরে সায়মনকে জিজ্ঞেস করলাম, স্টেলা পয়েন্ট আর কত দূরে। ‘যখন আসবে তখন দেখবে!’ সায়মনের জবাব। আরও কিছুক্ষণ চলার পর সায়মন জানাল, তিন মিনিটের মধ্যে আমরা স্টেলা পয়েন্টে পৌঁছাব। অন্তত সেখানে পৌঁছালেও একটা গ্রিন সামিট সার্টিফিকেট পাওয়া যাবে। এরপরই দেখলাম স্টেলা পয়েন্ট।

স্টেলা পয়েন্টে পৌঁছেই আমার শক্তি দ্বিগুণ বেড়ে গেল। সায়মনকে তাড়া দিলাম, ‘চল এর শেষ দেখে ছাড়ি। অসহ্য যন্ত্রণা সহ্য করে একসময় পৌঁছে গেলাম উহুরু পিকে (১৯ হাজার ৩৪১ ফুট)। দিনটি গত ৯ নভেম্বর। তানজানিয়ার সময় তখন সকাল ৮টা ৫ মিনিট। দূরে তাকিয়ে আছে মাউন্ট মেরু। এক পাশে গ্লেসিয়ার, অন্য পাশে মৃত অগ্নেয়গিরি। কালো লাভার মধ্যে চিকচিক করছে বরফ। এ যেন অন্য এক পৃথিবী। চার মাস বয়সী ছেলে আর স্ত্রীর কথা মনে পড়ল। চূড়ায় বেশিক্ষণ থাকার নিয়ম নেই। ঝটপট ছবি তুলে নামতে শুরু করলাম।