আফ্রিকার নীরব উত্থান
আফ্রিকার সঙ্গে কালো মানুষ আর জঙ্গল যতটা মেলানো যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অগ্রসরমান একটি মহাদেশের চিত্র হয়তো ততটা যেন মেলে না। পাঠকদের অনেকেই হয়তো অবাক হবেন, যদি বলা হয় বিশ্ব অর্থনীতির মানচিত্রে চীন আর ভারতের সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসছে আফ্রিকার দক্ষিণাঞ্চল, কেনিয়ার গ্রেট লেক অঞ্চল, তানজানিয়া ও উগান্ডা। তাদের সঙ্গে রয়েছে খরাকবলিত হর্ন অব আফ্রিকা। গত বছর অর্থনৈতিক মন্দার মধ্যেও আফ্রিকা মহাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল দুই শতাংশ; যা প্রায় মধ্যপ্রাচ্যের প্রবৃদ্ধির হারের সমান এবং ভারত ও চীন ছাড়া অন্য যেকোনো অঞ্চলের চেয়ে বেশি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, চলতি বছর ও আগামী বছর আফ্রিকা চার দশমিক আট শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। প্রবৃদ্ধির এ হার এশিয়ার বাইরে সর্বোচ্চ এবং ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো ও ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতির চেয়ে বেশি। আরও মজার তথ্য হলো, মাথাপিছু আয়ের হিসাবে আফ্রিকাবাসী এখনই ভারতীয়দের চেয়ে ধনী এবং আফ্রিকার ডজনখানেক দেশের মাথাপিছু আয় চীনকে ছাড়িয়ে গেছে।অদ্ভুত বিষয় হলো, আফ্রিকাবাসীর ধনী হয়ে ওঠার পেছনে তেল বা হীরার মতো খনিজ সম্পদ বা অন্য কাঁচামাল বিক্রি করার চেয়ে অভ্যন্তরীণ বাজারব্যবস্থার অবদান অনেক বেশি। চীন ও ভারত ছাড়া সবচেয়ে বড় নিজস্ব বাজারটি এখন আফ্রিকার। গত চার বছরে আফ্রিকার অভ্যন্তরীণ বাজারে বেসরকারি খাতের পণ্য ও সেবা বিক্রি থেকে যে আয় হয়েছে, তার পরিমাণ মহাদেশটির মোট জাতীয় উত্পাদনের (জিডিপি) তিন ভাগের দুই ভাগ। আর এর পেছনে অবদান রয়েছে আফ্রিকার উঠতি মধ্যবিত্ত শ্রেণীর।উন্নয়ন-বিশেষজ্ঞ বিজয় মহাজনের হিসাবে, আফ্রিকার ১০০ কোটি মানুষের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন ৩০ কোটি। তাঁদের মধ্যে রয়েছেন শিক্ষক, সেবিকা, ট্যাক্সিচালক, রাস্তার পাশে বসে থাকা খুচরা পণ্য বিক্রেতা। এসব পেশাজীবী শ্রেণীর অনেকেরই অর্থ সঞ্চয়ের সামর্থ্য এশিয়া বা পশ্চিমের বাসিন্দাদের সমান। এদের মধ্যে মোবাইল ফোন কেনা, ফাস্টফুডে খাওয়া বা আবাসন শিল্পে বিনিয়োগ করার প্রবণতাও বাড়ছে। আর বাস্তবতাটি হলো, বর্তমানে আফ্রিকার ১০টি বড় অর্থনৈতিক খাতের মধ্যে শুধু সেবা খাতই মহাদেশটির মোট জিডিপির ৪০ শতাংশের যোগান দিচ্ছে। ভারতীয় জিডিপিতে সেবা খাতের যোগান ৫৩ শতাংশ। সুতরাং বোঝাই যায়, খুব পিছিয়ে নেই আফ্রিকাবাসী।আফ্রিকার ১৭টি দেশে বিস্তৃত স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রুপের প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান গ্রাহাম থমাস বলেন, ‘নতুন আফ্রিকার গল্প হচ্ছে ভোগ করা।’ বাণিজ্যের ধরন, প্রযুক্তির আবিষ্কার ইত্যাদির কারণে এই ভোগ বাড়ছে। দুর্নীতি আর কুশাসনের জন্য বিশেষভাবে পরিচিত আফ্রিকাবাসীর একটি বড় অংশ অর্থনীতির এই নীরব উত্থানের সঙ্গে রয়েছে। আর এর জন্য সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা রাখছে রাজনৈতিক স্থিতিশীলতা। এ কারণে কেনিয়া ও বতসোয়ানার মতো দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে উন্নত বিশ্বের দেশগুলো। এসব দেশে এখন ব্যক্তিমালিকানায় বড় হাসপাতাল, বিদ্যালয় এমনকি টোলভিত্তিক রাস্তা নির্মাণ করা হয়েছে।বিশ্ব ব্যাংকের একটি সমীক্ষায় দেখা গেছে, টেলিযোগাযোগ খাতের অবকাঠামোর উন্নয়ন করায় আফ্রিকার মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে প্রায় এক শতাংশ। সাম্প্রতিক সময়ে আফ্রিকার পুঁজিবাজারে বেসরকারি বিমান সংস্থা, জাহাজ কোম্পানি ও টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অনেক ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি ব্যক্তি-উদ্যোগে ব্যবসা পরিচালনাও বেড়েছে। আর এতে চালিকাশক্তি হিসেবে কাজ করছে আফ্রিকায় ফিরে আসা প্রবাসী দক্ষ কর্মী শ্রেণী।মালাবি ও বুরুন্ডির মতো আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য মেধা পাচার এখনো একটি বড় সমস্যা। কিন্তু ঘানা, বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকার মতো ভালো অর্থনীতির দেশগুলো এখন আবার তাদের মেধাসম্পদ ফিরে পেতে শুরু করেছে। বেশ কিছু প্রতিবেদনের তথ্যানুসারে গত বছর নাইজেরিয়াতেই ১০ হাজার দক্ষ প্রবাসী কর্মী ফিরে এসেছে।আফ্রিকার এই উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে নগরায়ণ। এ মুহূর্তে বিশ্বে সবচেয়ে দ্রুত নগরায়ণের হার আফ্রিকা মহাদেশে। যা ওই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। জাতিসংঘের সেন্টার ফর হিউম্যান সেটেলমেন্টের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে আফ্রিকার মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ শহরে বাস করে। কিন্তু এই শহুরে জনগোষ্ঠীই মহাদেশের জিডিপির ৮০ শতাংশ যোগান দেয়। সংস্থার হিসাবে আগামী ৩০ বছরের মধ্যে আফ্রিকার অর্ধেক বাসিন্দা শহরে বাস করবে। আফ্রিকায় নগরায়ণের উদাহরণ দেখতে যেতে পারেন নাইজেরিয়ার লাগোসে। ভারতের মুম্বাই বা চীনের চুংকিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠছে শহরটি। শহরের বাণিজ্যিক কেন্দ্র ভিক্টোরিয়া আইল্যান্ডে একটি থাকার জায়গার দাম নিউইয়র্কের ম্যানহাটনের জায়গার দামের সমান বা তার কাছাকাছি। যেদিকে তাকাবেন দেখবেন নির্মাণকাজ চলছে।আফ্রিকার সবচেয়ে ধনী কালো উদ্যোক্তার নাম আলিকো দানগোতে। ১৯৭৮ সালে তিনি পণ্য আমদানির ব্যবসা শুরু করেছিলেন। ক্রমবর্ধমান ভোক্তা শ্রেণীর চাহিদা মেটাতে তিনি শিশুখাদ্য, সিমেন্ট ও হিমায়িত মাছ আমদানি করা শুরু করেন। ফোর্বস সাময়িকীর তথ্যানুসারে এখন দানগোতের সম্পদের পরিমাণ আড়াই শ কোটি ডলার।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ পল কলিয়েরের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, আফ্রিকার ৯৫৪টি পাবলিক লিমিটেড কোম্পানি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত গড়ে যে পরিমাণ বার্ষিক আয় করেছে তা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন বা ভারতের একই মানের কোম্পানিগুলোর তুলনায় ৬৫ শতাংশ বেশি। এসব কোম্পানি ওই সময় লাভ করেছে ১১ শতাংশ হারে যা এশিয়া বা লাতিন আমেরিকার দেশগুলোর চেয়ে বেশি। এর সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে আফ্রিকার মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো। এই খাতে তাদের মুনাফার পরিমাণ বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এমনকি ইউনিলিভার, নেসলে ও সুইসপোর্ট ইন্টারন্যাশনালের মতো বহুজাতিক কোম্পানিগুলো জানিয়েছে আফ্রিকায় অন্যতম সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে।অরগানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্যান্য অঞ্চলে ২০০৮ সালে যেখানে সরাসরি বিদেশি বিনিয়োগের হার ২০ শতাংশ কমেছে, সেখানে আফ্রিকায় তা বেড়েছে ১৬ শতাংশ। যা মহাদেশটির ইতিহাসে সর্বোচ্চ। এখন চীনা কোম্পানিগুলোও আফ্রিকায় বিনিয়োগ করতে উত্সাহী হয়ে উঠেছে।তবে আইএমএফের হিসাবে, এত কিছুর পরও আফ্রিকায় ব্যবসা শুরু ও পরিচালনার খরচ বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় মহাদেশটির ৫৩টি দেশের ৩৬টি দেশই অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত। কিন্তু আশার কথা শোনাচ্ছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। তিনি বলেন, সব হিসাব-নিকাশ শেষে বিনিয়োগকারীরা উপলব্ধি করেন উন্নত বিশ্বের বাজারেও ঝুঁকি অনেক। চীন বা ভারতের চেয়ে আফ্রিকা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। আর তাই নতুন বিশ্বব্যবস্থায় এগিয়ে যাবে আফ্রিকা। (নিউজউইক অবলম্বনে)