আফ্রিকার ফার্স্ট লেডিদের মুখোমুখি
বিবিসির আফ্রিকা নেটওয়ার্কের সংবাদদাতা ভেরোনিক এডওয়ার্ডস সম্প্রতি ওই মহাদেশের পাঁচটি দেশের ফার্স্ট লেডিদের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে ওই ফার্স্ট লেডিরা রাজনীতি ও ক্ষমতার পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন।এই পাঁচ ফার্স্ট লেডি হলেন সিয়েরা লিয়নের সিয়া করোমা, নামিবিয়ার পেনেহহুপিফো পোহাম্বা, ঘানার আর্নেস্টিনা মিলস, জাম্বিয়ার থানডিওয়ে বান্দা ও উগান্ডার জ্যানেট মুসেভেনি।সিয়া করোমা ও পোহাম্বা চিকিৎসাপেশার সঙ্গে জড়িত। থানডিওয়ে বান্দা ও আর্নেস্টিনা মিলস শিক্ষকতা করেন। জ্যানেট মুসেভেনি উগান্ডার একজন নির্বাচিত এমপি ও মন্ত্রী।রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটির সবচেয়ে কাছে থাকলেও ফার্স্ট লেডিরা কখনোই রাষ্ট্র পরিচালনায় সরাসরি কোনো ভূমিকা পালন করেন না। তবে এই পদে থেকেও অনেকে সমাজ ও রাষ্ট্রের জন্য অনেক কিছু করে থাকেন। এর অনেক কিছুই হয়তো প্রচারের আলোয় আসে না। চলতি বিশ্বের পাঠকদের জন্য আফ্রিকার এই পাঁচ ফার্স্ট লেডির ভাবনা ও কার্যক্রম তুলে ধরা হলো।সিয়া করোমা, সিয়েরা লিয়ননারী হওয়ার কারণে দাবি আদায়ের জন্য আমাদের কিছু কলাকৌশল আছে। কোনো দাবি জানানোর সময় আমি আমার স্বামীকে ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করি। এটার অর্থ—আমি তাঁর কাছে কিছু চাইছি। কখনো কখনো তাঁকে আমি ওই নামেই সম্বোধন করি।আমার স্বামী তাঁর প্রথম মেয়াদের মাঝামাঝি পর্যায়ে রয়েছেন। আমি চাই না, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাজনীতিতে কিছু নিয়ম-কানুন আছে। একজন রাজনীতিক হিসেবে আপনাকে বুঝতে হবে কখন আপনার ক্ষমতায় থাকা উচিত এবং কখন আপনাকে চলে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।জ্যানেট মুসেভেনি, উগান্ডাএকজন ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে বসবাস করাটাই সব নয়। সমাজের জন্য কিছু করতে হলে ওই ক্ষমতাবান ব্যক্তির কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে হবে। তা না করতে পারলে কোনো লাভ নেই। একজন নির্বাচিত এমপি ও মন্ত্রী হিসেবে আমি অনেক কিছু আদায় করেও থাকি।অনেকে অভিযোগ করেন, নিজে প্রেসিডেন্ট, স্ত্রী মন্ত্রিসভার সদস্য। তাই প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দেশ চালাচ্ছেন অনেকটা পারিবারিক ব্যবসার মতো। আমি জানি, এ কথার কোনো অর্থ হয় না। আমার স্বামী ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন। জনগণ না চাইলে এটা হতো না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ভোটারদের কাছে ছুটে যান।আগামী বছরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমি দ্বিতীয় মেয়াদের জন্য পার্লামেন্টের সদস্য হতে চাই। পাঁচ বছর দায়িত্ব পালন করার পর রাজনীতি থেকে অবসর নেব।পেনেহহুপিফো পোহাম্বা, নামিবিয়াবিয়ের আগে স্বামীর সঙ্গে আমার প্রথম দেখা হয় জার্মানিতে। তখন আমরা দুজনই সেখানে পড়াশোনা করি। তো, একদিন সে এসে আমাকে বলল, ‘যদি এমন কেউ থাকে, যে তোমার প্রেমে পড়েছে, তুমি কি তার প্রেমের প্রস্তাবে সাড়া দেবে?’আমি জবাব দিলাম, ‘এটা নির্ভর করবে আমি তাকে চিনি বা জানি কি না, তার ওপর। যদি আদৌ চেনাজানা না থাকে, তাহলে উত্তর হবে “না”। তা, এই মানুষটা কে?’ কিন্তু সরাসরি উত্তর না দিয়ে অন্য কথাবার্তা বলতে থাকল সে। এভাবে ঘণ্টা চারেক চলার পর স্বীকার করল, আমার প্রেমে পড়া ব্যক্তিটি সে নিজে।আমি বললাম, ‘কী আশ্চর্য! তাই? আমাকে একটু ভাবতে দাও।’এর অনেক দিন পর অ্যাঙ্গোলায় আমাদের দেখা হয়। একসময় আমিও তার প্রেমে পড়ে গেলাম। একপর্যায়ে সে আমাকে একেবারে হাঁটু গেড়ে আনুষ্ঠানিক কায়দায় বিয়ের প্রস্তাব দিল। আমিও রাজি হয়ে গেলাম।বিয়ের আগে ডিসকোতে গিয়ে নাচতাম। এখন ওসব বন্ধ হয়ে গেছে। আমি ছিলাম গানের পাগল। নাচ তো ছিল আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে। এখন এই বাড়ি (প্রেসিডেন্ট প্রাসাদ) আমার কাছে কারাগারের মতো মনে হয়। আগের মতো আমি মুক্ত আর স্বাধীন নই। এখন আমার মনে হয়, যদি কোনোভাবে আগের জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে আর এ জীবনে কিছু চাইতাম না।আর্নেস্টিনা মিলস, ঘানাআর্নেস্টিনা মিলসের নিজের কোনো সন্তান নেই। কিন্তু একজন শিক্ষক হিসেবে শিশু-কিশোরদের প্রতি দায়িত্ব পালন করতে ভোলেন না তিনি। তাঁদের শিক্ষার উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেন। বিশেষ করে গ্রামের অবহেলিত মেয়েদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেন মিলস। বাড়িতে তিনি বেশির ভাগ সময় কাটান তাঁর পোষা কুকুরগুলোর সঙ্গে।থানডিওয়ে বান্দা, জাম্বিয়া আগে আমি জিনস ও টি-শার্ট পরে ঘুরে বেড়াতাম। ফার্স্ট লেডি হওয়ার কারণে সেটা আর পারি না।শিক্ষকতা করার পাশাপাশি এইচআইভি তথা এইডসের বিষয়ে প্রচারণা চালাচ্ছি। আমি চাই, ফার্স্ট লেডির জন্য একটি আনুষ্ঠানিক দপ্তর খোলা হোক। তাহলে সেখান থেকে তিনি তাঁর সামাজিক দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করার সুযোগ পাবেন।