আফ্রিকার বাণিজ্যে চোখ ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র–আফ্রিকার নেতাদের সম্মেলনে বারাক ওবামা
যুক্তরাষ্ট্র–আফ্রিকার নেতাদের সম্মেলনে বারাক ওবামা

এবার আফ্রিকা মহাদেশের সঙ্গে বাণিজ্য করতে চাইছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন আফ্রিকার বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার দিকে সেভাবে নজর দেয়নি ওয়াশিংটন। এর ফলে চীন ও ইউরোপের দেশগুলোর তুলনায় আফ্রিকায় বাণিজ্যের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।
তবে বেশ ঘটা করেই সে অবস্থা থেকে উত্তরণের প্রক্রিয়া শুরু করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৪ থেকে ৬ আগস্ট ওয়াশিংটনে আফ্রিকান নেতাদের সঙ্গে বিশাল আকারের সম্মেলন করে আফ্রিকায় বাণিজ্য করার বার্তা দিলেন বিশ্বকে।
আফ্রিকার বাণিজ্যে যুক্তরাষ্ট্রের চোখ দেওয়ার কারণ হলো, এই মুহূর্তে বিশ্বের দ্রুতবর্ধনশীল অর্থনীতির ১০টি দেশের মধ্যে ছয়টিরই অবস্থান আফ্রিকা মহাদেশে। এই দেশগুলোতে মধ্যবিত্ত শ্রেণি দ্রুত বাড়ছে। এ কারণেই বাড়ছে ভোক্তা শ্রেণিও। ফলে সেখানে বিশাল বাজার তৈরি হয়েছে। এ ছাড়া এই মহাদেশে রয়েছে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। মহাদেশটির বিভিন্ন অঞ্চলে আগের চেয়ে আঞ্চলিক ও গোষ্ঠীগত সংঘাত কিছুটা কমেছে। স্থিতিশীলতা আসছে। বিশ্লেষকদের মতে, এই বিষয়গুলোই ওয়াশিংটনকে আফ্রিকামুখী হতে উৎসাহিত করেছে।
যুক্তরাষ্ট্র বাণিজ্যিক দিক থেকে আফ্রিকাকে একপ্রকার এড়িয়ে চলার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউরোপের দেশগুলো আফ্রিকায় নিজেদের অবস্থান অনেকটা জোরালো করেছে। যদিও মার্কিন কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে সেখানে, যা ইউরোপ বা চীনের তুলনায় কম। এই মুহূর্তে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ২০১৩ সালে দেশটি আফ্রিকার সঙ্গে ২০ হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে; যা যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিগুণের বেশি। এদিক থেকে যুক্তরাষ্ট্র শুধু চীনের চেয়ে নয়, ইউরোপের তুলনায়ও পিছিয়ে পড়ছে। চীনের এক কোটির বেশি মানুষ অভিবাসী হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে গেছে। এ বিষয়টিও চীনের বাণিজ্যে অবদান রেখেছে বলে মনে করা হয়।
ওবামা ওয়াশিংটনে ‘যুক্তরাষ্ট্র-আফ্রিকার নেতাদের সম্মেলন’ শীর্ষক যে আয়োজন করলেন, তাতে আফ্রিকার অন্তত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেন। এর আগে মার্কিন কোনো প্রেসিডেন্ট আফ্রিকার নেতাদের নিয়ে এত বড় সম্মেলন করেননি। শুধু ওবামাই নন, আফ্রিকার নেতাদের নিয়ে এই আয়োজনে মার্কিন কংগ্রেসও ভালোভাবে সম্পৃক্ত। আফ্রিকা সম্মেলনে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে সম্মেলনের কয়েক দিন আগে কংগ্রেসে একটি প্রস্তাবও পাস হয়। সম্মেলনের প্রথম দিন কংগ্রেস বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধানদের জন্য ক্যাপিটাল হিলে অভ্যর্থনারও আয়োজন করে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের প্রথম সারির গণমাধ্যমগুলো এই সম্মেলনের খবর ব্যাপক গুরুত্ব দিয়ে প্রকাশ ও প্রচার করে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র যে আটঘাট বেঁধে আফ্রিকার সঙ্গে বাণিজ্য করতে চাইছে, এগুলো তারই আভাস।
সম্মেলনকে ইতিবাচকভাবে নিয়েছেন আফ্রিকার নেতারাও। সম্মেলন চলার সময় আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন এনকোসাজানা
জুমা বলেন, ‘আফ্রিকার নেতারা সম্মেলন উপভোগ করছেন। বিশেষ করে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় তাঁরা অভিভূত। এ ধরনের সম্মেলনে সাধারণত এমনটা হয় না। নেতারা বলছেন, এদিক থেকেও এই সম্মেলন অনন্য।’
মার্কিন প্রেসিডেন্ট ওবামা এই সম্মেলন আয়োজন করে উচ্ছ্বসিত। তিনি সম্মেলনকে ‘অসাধারণ আয়োজন’ বলে অভিহিত করেন। ওবামা ঘোষণা দেন, এটাই যুক্তরাষ্ট্র-আফ্রিকার নেতাদের শেষ সম্মেলন নয়। এটা একটি চলমান প্রক্রিয়া। ওবামা বলেন, তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর তাঁর উত্তরসূরিকে এই সম্মেলন এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেবেন। সম্মেলন শেষে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্মেলনে ভবিষ্যৎ আফ্রিকায় বিনিয়োগ, শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, পরবর্তী প্রজন্মের জন্য বিনিয়োগ, নারীদের শান্তি ও সমৃদ্ধির জন্য বিনিয়োগ, তরুণদের জন্য সুযোগ তৈরি এবং তাদের দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। তবে মূল আলোচনা যে বাণিজ্য ও বিনিয়োগ ঘিরেই ছিল, সেটা স্পষ্ট। এর প্রমাণও পাওয়া যায়, সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধিদের তালিকা দেখেই। জেনারেল ইলেকট্রিক, কোকা-কোলা, মরগান স্ট্যানলি, সিটিগ্রুপ, ফোর্ড, শেভরন, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, লকহিড মার্টিনসহ যুক্তরাষ্ট্রের ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়ে তাঁদের বিনিয়োগের বিষয়টি তুলে ধরেন। সম্মেলনে আফ্রিকার সঙ্গে মার্কিন বাণিজ্য জোরদারের জন্য আগামী কয়েক বছরের মধ্যেই তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক অঙ্গীকার করা হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র আফ্রিকার বিভিন্ন দেশে অবকাঠামো, বিদ্যুৎ, জনস্বাস্থ্য ও জ্বালানি খাতে ৩৭০ কোটি ডলার বিনিয়োগের কথা বলেছে।
শেষ কথা হলো, আগামী দিনে ওয়াশিংটন বাণিজ্যিক দিক দিয়ে আফ্রিকাকে বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে, এটা স্পষ্ট। তার মানে ওবামার শাসনের শেষ দুটি বছরে ওয়াশিংটনের সঙ্গে আফ্রিকার ঘনিষ্ঠতা আরও বাড়ছে। তবে তা কতটা ফলপ্রসূ হবে, তা দেখার জন্য কয়েকটা বছর অপেক্ষা করতেই হবে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা, এএফপি ও ইনডিপেনডেন্ট।