আফ্রিকার বিদ্রোহী সংস্কারক
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, তুিস বংশোদ্ভূত পল কাগামে একজন স্বৈরশাসকের মতোই দেশ চালান। অন্যদিকে জাতিসংঘ সদ্য পুনর্নির্বাচিত রুয়ান্ডার নেতাকে অভিহিত করেছে আফ্রিকার উন্নয়নের একজন তারকা হিসেবে। সম্পূর্ণ বিপরীতার্থক অভিধায় ভূষিত এই ব্যক্তিটি ৯ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম তাঁকে বলেছে ‘রেবেল রিফর্মার’ বা ‘বিদ্রোহী সংস্কারক’। কেন?নির্বাচনের আগে কাগামের সরকার বিরোধীদলীয় একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিনিধিকে বহিষ্কার করেছে এবং বন্ধ করে দিয়েছে স্থানীয় দুটো পত্রিকা। প্রচারমাধ্যমবিরোধী অভিযানে বিবিসির রুয়ান্ডা শাখার সম্প্রচারও স্থগিত করে দেয় কাগামের সরকার। আরও অভিযোগ, তাঁর সরকারের লোকজন পিটার এরলিন্ডার নামের এক মার্কিন আইনজীবীকে দুই সপ্তাহ আটকে রেখেছিল। ওই আইনজীবী রুয়ান্ডার এক বিরোধীদলীয় নেতার পক্ষে মামলা লড়তে গিয়েছিলেন।কাগামের বিরোধিতাকারীদের অনেকে এর চেয়েও খারাপ পরিণতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দেশটির সাবেক এক সেনা কর্মকর্তা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। গত ১৯ জুন আততায়ীর গুলিতে তিনি আহত হন। এ ছাড়া ২৪ জুন রুয়ান্ডায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। ১৪ জুলাই গলা কেটে হত্যা করা হয় বিরোধীদলীয় এক নেতাকে। সাম্প্রতিক এ ঘটনাগুলো একত্র করলে এমন ধারণা হতেই পারে, রুয়ান্ডার সরকারের অবস্থা আফ্রিকার সমস্যাকবলিত আর ১০টি দেশের মতোই।হিউম্যান রাইটস ওয়াচের প্রধান কেনেথ রথ বলেন, ‘কাগামে ভালো কাজ করেছেন স্বীকার করতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের প্রশ্ন, বিশ্ব কি একনায়কতন্ত্রের ব্যাপারে চোখ বুজে থাকবে?’রুয়ান্ডা কিন্তু এ ধরনের প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেওয়ার মতো দেশ নয়। ১৯৯৪ সালে সেখানে মাত্র ১০০ দিনের সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যাগরিষ্ঠ হুতুরা সংখ্যালঘু তুিস সম্প্রদায়ের প্রায় আট লাখ সদস্য এবং তাদের হুতু ‘দালাল’কে মূলত কুপিয়ে হত্যা করে। গণহত্যার এই দগদগে ঘা নিয়ে ক্ষমতায় গিয়ে দেশকে নেতৃত্ব দেওয়া খুব সহজ ব্যাপার নয়।সমালোচকেরা কাগামের মানবাধিকার বোধকে যতটা প্রশ্নবিদ্ধ করেছেন, সেটি হয়তো ততটা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো অবস্থানেও নেই। ক্ষমতায় আসার পর তিনি মৃত্যুদণ্ড তুলে দিয়েছেন। দেশে সমঝোতা ও পুনর্গঠন-প্রক্রিয়া এগিয়ে নিতে কারাগারে আটক কয়েক হাজার কথিত গণহত্যাকারীকে মুক্তি দিয়েছেন। মন্ত্রিসভায় স্থান দিয়েছেন বিরোধী দলের সদস্যদের। সবচেয়ে বড় কথা, তিনি দেশে জাতিগত সংঘাতের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন, যা কোনো একনায়কের বৈশিষ্ট্যের সঙ্গে যায় না।কাগামের অর্জনের ফিরিস্তি এখানেই শেষ নয়। রুয়ান্ডার ইতিহাসের কালো অধ্যায়টি শেষ হওয়ার পর কাগামের নেতৃত্বেই দেশটির পুনরুত্থান ঘটে। ২০০১ সাল থেকে সে দেশের অর্থনীতি গড়ে ৬ দশমিক ৪ শতাংশ হারে বেড়েছে। গত বছর রুয়ান্ডাকে সবচেয়ে উন্নতি লাভকারী দেশ হিসেবে স্বীকৃতি দেয় বিশ্বব্যাংক। কাগামের নেতৃত্বে সেখানে সড়ক যোগাযোগ, শিক্ষা, পানীয় জলের সরবরাহব্যবস্থা এবং টেলিফোন সেবার ব্যাপক উন্নতি হয়েছে। রোগের প্রকোপ কমেছে এবং শিক্ষা ও গড় আয়ু বেড়েছে।কাগামের নেতৃত্বে রুয়ান্ডার এই উত্থানকে স্বীকৃতি জানাতে গিয়ে গত ২৪ জুন জাতিসংঘের মহাসচিব বান কি মুন তাঁকে আফ্রিকার পুনর্গঠনের তারকা হিসেবে অভিহিত করেন। ওই দিন বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে গঠিত একটি নতুন প্যানেলের যুগ্ম সভাপতি পদে কাগামের নাম ঘোষণা করেন বান কি মুন।অভিযোগ ও প্রশংসার এই বিপরীত চিত্রকে মেলানো একটু কষ্টকর, তবে মানবাধিকার কর্মীর প্রতিনিধি বহিষ্কারের ঘটনার ব্যাপারে পল কাগামে বলেন, বিষয়টি ছিল ভিসাসংক্রান্ত অনিয়মের ফল। হামলার ঘটনায় তাঁর সরকারের যোগসূত্র অস্বীকার করেছেন কাগামে। আর পত্রিকা বন্ধ ও বিরোধীদের গ্রেপ্তারের ঘটনার একটা ব্যাখ্যা হতে পারে অতীতের সাম্প্রদায়িক সহিংসতার তিক্ত অভিজ্ঞতা। কয়েকজন হুতু নেতা উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। কাগামে বলেছেন, আবার কোনো বিভক্তি যাতে মাথাচাড়া দিয়ে না ওঠে, সে জন্যই সরকার ওই ধরনের পদক্ষেপ নিয়েছে।১৯৫৭ সালে মধ্য রুয়ান্ডার রুহাঙ্গো গ্রামে জন্ম নেন পল কাগামে। কিন্তু তিনি বড় হয়েছেন প্রতিবেশী উগান্ডার একটি উদ্বাস্তু শিবিরে। ১৯৫৯ সালে হুতু-তুিস সহিংসতা ছড়িয়ে পড়লে তাঁর পরিবার পালিয়ে সেখানে আশ্রয় নেয়। ক্ষুধা ও অভাবের মধ্যে বেড়ে ওঠেন কাগামে। বয়স ২১ হতে না-হতেই তিনি পুরোদস্তুর এক বিদ্রোহীগোষ্ঠীর সদস্য হয়ে ওঠেন। ১৯৮৬ সালে উগান্ডার ক্ষমতা দখলে ইউরি মুসেভেনিকে সহায়তা করেন তিনি। এরপর যৌথভাবে গড়ে তোলেন রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট। ১৯৯০ সালে এ বাহিনীই রুয়ান্ডায় হামলা চালায়। ১৯৯৪ সালের ৬ এপ্রিল অজ্ঞাত পরিচয় হামলাকারীরা রুয়ান্ডা ও বুরুন্ডির তত্কালীন দুই হুতু প্রেসিডেন্টকে বহনকারী বিমান লক্ষ্য করে গুলি চালায়। এতে উভয় প্রেসিডেন্টের মৃত্যু হয়। শুরু হয় গণহত্যা। এর মধ্যে কাগামের বাহিনী আক্রমণ জোরদার করে। জুলাই নাগাদ দেশের বেশির ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ চলে আসে তাদের হাতে। কিন্তু ওই ১০০ দিনের ভয়াবহ সহিংসতার কথা ভুলতে পারেননি কাগামে। তাই মাতৃভূমির জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়তে অতীতের শেকল থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেন তিনি।উন্নত বিশ্ব সম্পর্কে কাগামে বলেন, ‘আফ্রিকাকে এখনো চরম দরিদ্রদের মহাদেশ মনে করে ধনী দেশগুলো। সাদা রঙের দামি গাড়িতে ঘুরে বেড়ানো পশ্চিমাদের ত্রাণসহায়তা দেওয়া, আর মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা ঔদ্ধত্যেরই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চায়, আফ্রিকার মানুষ নিজেদের দায়িত্ব নেওয়ার উপযুক্ত নয়।’পল কাগামে আরও বলেন, ‘ধনী দেশগুলো বলে, রুয়ান্ডা একটি ছোট দেশ, একটি আফ্রিকার দেশ, একটি গরিব দেশ। আমি এই বক্তব্য প্রত্যাখ্যান করছি।’ কাগামে অবশ্য পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলা আফ্রিকার প্রথম নেতা নন। এই তালিকায় লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, লাইবেরিয়ার চার্লস টেইলর, জিম্বাবুয়ের রবার্ট মুগাবেও রয়েছেন। কিন্তু পল কাগামের স্বাতন্ত্র্য হলো, তাঁর পেছনে রয়েছে একটি সাফল্যগাথা। সাহায্য বা দান নয়, সাহায্য তাঁর মতে একটি সাময়িক বিষয়, বরং বাণিজ্য সম্প্র্রসারণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছেন তিনি।