আফ্রিকার মানচিত্রে নতুন দেশ
পূর্ব তিমুর ও কসোভোর পর বিশ্বের মানচিত্রে আরেকটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ জুলাই আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র সুদান ভেঙে এ দেশের আর্বিভাব ঘটবে। এ দেশটি হবে খ্রিষ্টান-অধ্যুষিত দক্ষিণ সুদান নিয়ে।সুদান মূলত দুই অংশে বিভক্ত। উত্তর ও দক্ষিণ সুদান। উত্তর সুদানে বাস করে আরব বংশোদ্ভূত মুসলমানেরা। দক্ষিণ সুদানের বাসিন্দারা খ্রিষ্টান ও সর্বপ্রাণবাদী। তেলসহ দক্ষিণ সুদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ন্ত্রণ করে উত্তর সুদান। সুদান সরকার বলতে বোঝায় মূলত উত্তর সুদানকেই।সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রে উত্তর সুদানের একচ্ছত্র আধিপত্য। আর এ নিয়েই দক্ষিণ সুদানের সঙ্গে প্রায় পাঁচ দশক ধরে উত্তরের বিরোধ। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য দক্ষিণ সুদানের বাসিন্দারা সশস্ত্র লড়াই করে আসছে দীর্ঘদিন ধরে। এ লড়াইয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২০ লাখ মানুষ, যার সিংহভাগ দক্ষিণ সুদানের বাসিন্দা। সংঘাত অবসানে ২০০৫ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সুদানের দুই অঞ্চলের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুসারেই দক্ষিণ সুদানে গত ৯ থেকে ১৫ জানুয়ারি স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট পড়ে ৯৯ দশমিক ৫৭ শতাংশ। এর ফলে সুদান ভেঙে আরেকটি স্বাধীন দেশের আত্মপ্রকাশ এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির বলেছেন, তিনি গণভোটের ফল মেনে নেবেন। তাঁর এ প্রতিশ্রুতি ঠিক থাকলে দক্ষিণ সুদান আগামী ৯ জুলাই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসেব অনুসারে, দক্ষিণ সুদান হবে বিশ্বের ১৯৫তম স্বাধীন দেশ। ইতিমধ্যেই এর জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নির্ধারণ করা হয়েছে। তবে নাম কী হবে, তা এখনো ঠিক হয়নি।গণভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর উল্লাসে মেতে উঠে দক্ষিণ সুদান। ওই অঞ্চলের প্রধান নগর জুবাতে হাজার হাজার সরকারি কর্মী, কূটনীতিক ও সাধারণ মানুষ স্বাধীনতা আন্দোলনের নেতা জন গারাংয়ের সমাধির পাশে সমবেত হয়ে তাঁকে শ্রদ্ধা জানায়। ২০০৫ সালের জানুয়ারিতে শান্তিচুক্তি হওয়ার কিছু দিনের মাথায় বিমান দুর্ঘটনায় মারা যান জন গারাং। এক প্রার্থনা অনুষ্ঠানে আর্চবিশপ ড্যানিয়েল দেং বলেন, ‘একটি স্বাধীন দেশের জন্য দক্ষিণ সুদানের জনগণ দীর্ঘ ৫৫ বছর ধরে অপেক্ষা করেছে।’তবে দক্ষিণ সুদান স্বাধীন হলেও তারা ভালোভাবে দেশ চালাতে পারবে কি না, তা নিয়ে বেশ সংশয় আছে। দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে দরিদ্র এলাকাগুলোর একটি। শিক্ষার হার সেখানে খুবই কম। একটি দেশ চালানোর জন্য যে ধরনের প্রশাসনিক ও সামরিক জনবল দরকার, তাও দক্ষিণীদের নেই। দেশটির অর্থনীতি বহুলাংশে উত্তরনির্ভর। দক্ষিণ সুদানের ২০ শতাংশের বেশি মানুষ উত্তর সুদানে চাকরি করে জীবিকা নির্বাহ করে। উত্তরের নেতা প্রেসিডেন্ট ওমর আল-বশির ইতিমধ্যেই বলেছেন, দক্ষিণ সুদান স্বাধীন হলে তাঁরা সেখানকার বাসিন্দাদের বিদেশি হিসেবে গণ্য করবেন। এত দিন সুদানের নাগরিক হিসেবে তাদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। এটা হলে দক্ষিণ সুদানের র্অথনীতি শুরুতেই মারাত্মকভাবে হোঁচট খাবে। এ ছাড়া দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ আবেয়ি এলাকার নিয়ন্ত্রণ উত্তর সুদান কোনোভাবেই ছাড়তে রাজি নয়। এ বিষয়ে এখনো ফয়সালা হয়নি। অনেকে মনে করেন, আবেয়ির নিয়ন্ত্রণ নিয়ে দক্ষিণ সুদানের সঙ্গে যুদ্ধ বাধিয়ে দিতেও পিছপা হবে না উত্তর সুদান।