পঞ্চাশ থেকে আশির দশকে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে যে কজন ব্যক্তি বিশেষ স্থান করে নিয়েছিলেন, তাঁদের মধ্যে আবদুল্লাহ আল হারুন চৌধুরী অন্যতম। বিনোদ বিহারী চৌধুরী, শরদিন্দু দস্তিদার, এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, শেখ মোজাফফর আহমদ, এম আর সিদ্দিকী ও এম এ হান্নানদের মতো নেতাদের সংস্পর্শে থেকে দলের হাল ধরার সামর্থ্য অর্জন করেছিলেন তিনি। বায়ান্নর ভাষা আন্দোলন, পঞ্চাশের দশকের ছাত্র ও যুব আন্দোলন, ছয় দফা প্রচার এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁর ছিল সক্রিয় ভূমিকা। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সত্তরের নির্বাচনে গণপরিষদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বাকশালের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। সত্তরের নির্বাচনে তৎকালীন পাকিস্তানের প্রভাবশালী মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর পরাজয়ে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের সংবিধান রচনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রেও আবদুল্লাহ আল হারুনের আগ্রহ ছিল নজরকাড়ার মতো। শরদিন্দু দস্তিদার, মাহবুব উল আলম চৌধুরী, সুচরিত চৌধুরী প্রমুখের মতো সাহিত্যসেবী ব্যক্তির সংস্পর্শে থেকে নিজেও সাহিত্য-সংস্কৃতির অনুরাগী হয়ে ওঠেন। পঁচাত্তর পরবর্তী সময়ে মাঠের রাজনীতিতে তিনি কিছুটা দোদুল্যমানতায় ভোগেন। ১৯৮১ সালে তিনি বাকশালে যোগ দেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও আগের মতো উদ্যম দেখা যায়নি। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বাধীনতা নামে একটি পত্রিকা বের করেন। সাতাত্তর সালে পত্রিকাটি পুনরুজ্জীবিত করেন। ওই সময় থেকে আশির দশকের মাঝামাঝি এবং নব্বইয়ের দশকের প্রথমার্ধে আমি ওই পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছি। এর মধ্যে বছর তিনেক তাঁর সচিব (সম্পাদকের সচিব) হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জেনেছি রাজনীতির পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির বিকাশে তাঁর আকাঙ্ক্ষার কথা। এসব নিয়ে আড্ডায় দীর্ঘক্ষণ কাটিয়ে দিতে তাঁর ক্লান্তি ছিল না। জিয়া-এরশাদ আমলে তাঁদের দলে যোগদান কিংবা মন্ত্রিত্ব গ্রহণের প্রলোভনে তিনি প্রলুব্ধ হননি। নানা কারণে তাঁর পত্রিকাটি তিনি ধরে রাখতে পারেননি। পরবর্তী দিনগুলো তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেই কাটানোর ইচ্ছা পোষণ করেন। সূর্য সেনের বাস্তুভিটা রক্ষণ, তাঁর স্মৃতিস্তম্ভ নির্মাণ, জে এম সেন গুপ্ত, নবীনচন্দ্র সেন ও নেলী সেনগুপ্তের বাসভবন রক্ষণাবেক্ষণের উদ্যোগে তাঁর ছিল অগ্রণী ভূমিকা। মৃত্যুর আগে তিনি ইউএসটিসির প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন। অসাম্প্রদায়িক এই নেতার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবদুল্লাহ আল হারুন স্মৃতি সংসদ ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।