আবরণে আভরণে ঋতুর ছোঁয়া
বর্ষার কালো মেঘের রঙে দ্রুত পরিবর্তন আসছে। আকাশে একটা শুভ্রতার ছোঁয়া আঁচ করা যায় মাঝেমধ্যে। সঙ্গে রঙধনু। প্রকৃতির মতোই দ্রুত বদলে যাচ্ছে ফ্যাশন। আর বড় কোনো উৎসব-পার্বনকে ঘিরে ফ্যাশনে বৈচিত্র্য তো থাকেই—প্রকৃতির রঙের মতোই বদলায়। তাই তো দরজায় কড়া নাড়তে থাকা ঈদ উৎসবের পোশাকে লেগেছে আগমনী শরতের হাওয়া।এককালে মা-খালাদের শৌখিনতার একটি স্নিগ্ধ চেহারা ফুটে উঠত আটপৌড়ে ছাপা সুতি কিংবা তাঁতের শাড়িতে। ভাঁজ করা নতুন কাপড়ের গন্ধ এসে লাগত নাকে। সেই পরিবর্তনের ধারায় নারী আজ অন্দরমহলের গণ্ডি পেরিয়েছে। নারী নিজেকে দেখতে চায় আরও উজ্জ্বল স্বচ্ছ আয়নায়। তাই তো ঋতুভিত্তিক পোশাক নিয়ে মাতামাতি বেড়েছে।ঈদকে সামনে রেখে ডিজাইনারদের মধ্যে এখন সেই চেষ্টাই চলছে। ডলস হাউসের ফ্যাশন ডিজাইনার আইভি হাসান তো বলেই ফেললেন, ‘পোশাক ডিজাইন করার সময় আমাদের মাথায় সবসময় কাজ করে ঋতুর কথাটি। ঈদ আর পুজো কাছাকাছি সময়ে। শরতকালে। তাই আমার পোশাকের মধ্যে বর্ষা ও শরতের রঙের কিছুটা প্রাধান্য রয়েছে।’ বুটিক হাউসগুলো ঘুরে দেখা গেছে, নীল সাদা রঙের ছড়াছড়ি। তবে সবুজ, আকাশি, বেগুনি রঙের বাহারও কম নয়। ডলস হাউসের পোশাকে অফ হোয়াইটের আধিক্য একটু বেশিই বলে জানালেন আইভি হাসান। একইভাবে রওশনস বুটিক, চারু চট্টগ্রামসহ অন্যান্য বুটিক হাউসও এখন ঈদ ভাবনায় ব্যস্ত। দিন-রাত চলছে রং আর নতুন নকশার কাজ। ‘প্রকৃতির সঙ্গে সংগতি রেখে আমরা পোশাকের ডিজাইন করার চেষ্টা করি। প্রকৃতির রংগুলো তাই এবারের ঈদে প্রাধান্য পাচ্ছে।’ বললেন চারু চট্টগ্রামের ডিজাইনার শিমুল খালেদ। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়াতেও লেগেছে শরতের ছোঁয়া, ছোটদের পোশাকেও। বুটিক হাউসের পোশাকে যে রকম শরতের নীলাকাশ, শিউলি কিংবা কাশফুলের আমেজ রয়েছে, সে রকমটি বিদেশি কিংবা নিতান্তই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পোশাকে নেই। তারা সেই ঝলমলে রঙের বাহারি ডিজাইন বেছে নিয়েছে। তার পরও ফ্যাশন ও প্রকৃতি-সচেতন মানুষ ঠিকই ছুটছেন দেশীয় ঐতিহ্য ও স্বকীয়তার পিছু পিছু। তাঁরা নিজেদের রাঙাতে চাইছেন ঋতুর রঙে—ঠিক যেন ‘ওই দূর নীল আকাশে সাদা মেঘের ভেলা। এল এল শরৎ বুঝি এল।’ রং, রস ও গন্ধে সিক্ত পোশাকে শরতের আগমনী বার্তাই যেন এবারের ঈদের বাজারে।