আবর্জনা থেকে সুরঝংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনা থেকে তৈরি বাদ্যযন্ত্র বদলে দিয়েছে পারাগুয়ের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন
আবর্জনা থেকে তৈরি বাদ্যযন্ত্র বদলে দিয়েছে পারাগুয়ের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন

আসুনসিয়নের কাতেউরা বস্তির বহু শিশুরই স্বপ্ন ফুটবল খেলোয়াড় ও পপতারকা হয়ে ওঠার। এই স্বপ্নে তাদের বিভোর হয়ে থাকার সময়টাতেও এই ঝুপড়ি অঞ্চলে ব্রান্দোন কোবোনের টিকিট পাওয়া বলের চেয়ে বিস্ময়কর, মাইক্রোফোনের চেয়ে দুর্লভ। ডাবল ব্যাসের এই ফ্র্যাংকেনস্টাইনটি তৈরি বস্তিটির আশপাশের জমি ভরাটের আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া উপাদান দিয়ে, যে আবর্জনা কাতেউরা বস্তির নাম আর দুর্গন্ধের উত্স।
১৮ বছর বয়সী এই মানুষটি ‘রিসাইকল্ড অর্কেস্ট্রা অব কাতেউরা’র (স্থানীয় ভাষায় ‘অরকেস্তা দে ইনস্ত্রুমেন্তোস রেসিক্লাদোস দে কাতেউরা’) সদস্য। এই দলটি সংগীতের মাধ্যমে বস্তির শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার ব্যাপারে সহায়তা করে।
পরিবেশ প্রকৌশলী ফাবিও চাভেসের হাত ধরে হঠাৎ করেই এই অর্কেস্ট্রার জন্ম। সংগীতপ্রিয় এই ব্যক্তি আবর্জনা সংগ্রাহকদের নিয়ে কাজ করতেন। এই ছেলেমেয়েরা বিশাল ভরাট করা জমি থেকে পুনর্ব্যবহারযোগ্য বস্তু খুঁজে বের করত।
তিনি বলেন, ‘এটা শুরু হয়েছিল খুবই সাধারণ একটি মতামত দিয়ে।’ এ কাজটি তিনি শুরু করেন আবর্জনা সংগ্রাহকদের অনুরোধে। তিনি যে গান জানেন, এটা জানার পর তারা তাঁকে অনুরোধ করে, তিনি যাতে তাদের সন্তানদের গান শেখান। কিন্তু চাভেস দ্রুতই বাধার মুখে পড়েন। তাঁর কাছে সংগীতের এত যন্ত্রপাতি ছিল না যে সবাইকে তিনি গান শেখাতে পারেন। ছাত্ররা আবার অতি উত্সাহের বশে কখনো কখনো অসাবধানতাবশত গিটার ও বেহালা ভেঙে ফেলত।
চাভেস ভাবলেন, এমন কিছু ব্যবহার করা যাক, যা তার চারপাশে প্রচুর পরিমাণে আছে: আবর্জনা। তিনি স্ট্রেইনার, ধাতব ডিশ ও নল দিয়ে একটি বেহালা বানালেন। স্বীকার করলেন, ‘জিনিসটা দিয়ে তেমন কোনো শব্দ হতো না।’ তিনি আরও জানালেন, এর পরে কাঠ কেটে তাতে তার লাগিয়ে একটি গিটার বানানো হলেও সেটি যে বেহালাটির চেয়ে ভালো ছিল, তা-ও নয়। তবে এগুলো ছিল শিক্ষামূলক।
এরপর চাভেস আবর্জনা সংগ্রাহক নিকোলাস গোমেজের সঙ্গে জুটি বাঁধলেন। ছেলেটি আবার দক্ষ কাঠমিস্ত্রি। তারা একসঙ্গে বেশ কয়েকটি যন্ত্র বানালেন। সেগুলো দেখতে অনেকটা আসল যন্ত্রের মতো। এমনকি শব্দও প্রায় আসল যন্ত্রেরই মতো। প্রথাগত অর্কেস্ট্রার কাছে যেসব বাদ্যযন্ত্র থাকে, অরকেস্তার হাতেও সেসব যন্ত্রপাতি চলে এল। তবে তার সবই নিজেদের বানানো। বাদ্যযন্ত্রগুলো বানানো হলো বর্জ্য হিসেবে পাওয়া রান্নার পাত্র, বোতলের ছিপি, গলানো চাবি এবং এ রকম আরও হরেক জিনিসের মিশেলে।
চিত্রনির্মাণের একটি দল অরকেস্তার ব্যাপারে আগ্রহী হয়ে উঠলে তারা আন্তর্জাতিক প্রচার পায়। ২০১২ সালে ইন্টারনেটে অরকেস্তাকে নিয়ে তৈরি তথ্যচিত্রের (শিরোনাম: ল্যান্ডফিল হারমোনিক, এ বছর অস্টিনে অনুষ্ঠিত ‘সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালে’ ছবিটি মুক্তি পায়) একটি ছোট বিজ্ঞাপন ছাড়লে অরকেস্তার আন্তর্জাতিক পরিচিতি ব্যাপক হয়ে ওঠে। জার্মানি থেকে জাপান পর্যন্ত নানা জায়গায় সংগীত পরিবেশনের জন্য অরকেস্তার কাছে স্রোতের মতো আমন্ত্রণ আসতে থাকে। এমনকি মেটালিকার দক্ষিণ আমেরিকার সংগীত-সফরের উদ্বোধনী অনুষ্ঠানে তারা সংগীত পরিবেশন করে।
ভূমি ভরাটের বস্তু ও পারাগুয়ে নদীর মধ্যে চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়া কাতেউরা বস্তি গাদা গাদা নিচু ঝুপড়ি ঘরে ভরা। এর কোনো কোনোটি বানানো হয়েছে কাঁচা ইট দিয়ে, কোনোটি টিন জোড়া লাগিয়ে, আবার কোনোটি আবর্জনা শোধন করে। এই বস্তির রাস্তা দিয়ে মলমূত্রের স্রোত বয়ে যায়। আবর্জনাবাহী ট্রাকগুলোর দিন-রাত যাতায়াতের কারণে বস্তির ভেতরের রাস্তার যেখানে-সেখানে ময়লা পড়ে থাকে। জায়গায় জায়গায় পানি জমে বিশাল বিশাল মাটির চাঙর কাদা-কাদা হয়ে আছে। ময়লা-আবর্জনার গন্ধে বস্তির বাতাস ভরে থাকে। বস্তির ২০ হাজার বাসিন্দার অনেকেরই বেঁচে থাকার অবলম্বন আবর্জনা কুড়ানো। বন্যা হলে বস্তিটি পানির নিচের ডুবে যায়, ঠিক গতবার যেমনটি হয়েছিল।

আবর্জনা থেকে সুর
আবর্জনা থেকে সুর

চাভেস ভালোমতোই বোঝেন, অরকেস্তার কাজ বিশ্বমানের সংগীতজ্ঞ তৈরি করা নয়। এর কাজ সুবিধাবঞ্চিত শিশুদের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, ‘তারা কি সবাই পেশাদার সংগীতজ্ঞ হতে যাচ্ছে? আমার মনে হয়, ব্যাপার সেটা মোটেই নয়। আমরা তাদের মানুষ হওয়ার ভিন্ন একটা পথ বাতলে দিতে চাই। আমরা তাদের মধ্যে এমন কিছু মূল্যবোধের বীজ বুনে দিতে চাই, যা সমাজের ক্ষমতাধরদের মূল্যবোধের মতো নয়।’
তিনি বলেন, ‘বস্তিতে অপরাধের হোতারাই হচ্ছে রোল মডেল, যারা সহিংসতা ও আধিপত্যের মধ্য দিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে। কিন্তু অরকেস্তায় তারাই রোল মডেল, যারা সবচেয়ে কঠোর পরিশ্রম করে, যাদের ত্যাগ ও অঙ্গীকার সবচেয়ে বেশি।’
অরকেস্তার সদস্যাসংখ্যা ৪০। না, অন্তর্নিহিত সাংগীতিক মেধার ভিত্তিতে তাদের বাছাই করা হয় না। তাদের বাছাই চলে শনিবার সকালের ক্লাসে যে নিষ্ঠা দেখায়, তার ভিত্তিতে। বাছাইয়ের পর তাদের অংশ নিতে হয় সাপ্তাহিক মহড়ায়। সেখানে তাদের কিছু সুর তুলতে হয়, যার মধ্যে আছে কিছু ধ্রুপদি রচনা—বিটোফেনের পঞ্চম সিম্ফনি ও ভিভালদির দ্য ফোর সিজনস। পাশাপাশি পারাগুয়ের ঐতিহ্যবাহী সুর তো আছেই।
অনুদানকে ধন্যবাদ, এর বদৌলতে বাদকেরা এখন মহড়ার সময় ঐতিহ্যবাহী যন্ত্র ব্যবহার করতে পারে। তবে এখনো তারা ঘরে বানানো যন্ত্রে সুর তোলে, অরকেস্তার আত্মপরিচয়ের এটাই যে অবিচ্ছেদ্য অংশ।
ফরাসি বংশোদ্ভূত সহকারী পরিচালক তোমা লেকুরের মতে, ‘কাতেউরাতে কোনো কিছুই আনুষ্ঠানিক বা অতিপরিকল্পিত নয়। এখানে প্রায় সবকিছুই হয় স্বতঃস্ফূর্তভাবে। দলটির প্রথম আন্তর্জাতিক সফর ছিল রীতিমতো দুঃস্বপ্ন। কারণ, অনেক কিশোরের পাসপোর্ট কেন, জন্মসনদও ছিল না। মহড়া, সফর, অরকেস্তার দায়িত্ব—এসব তাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে।’
বস্তির ভেতরের সংকীর্ণ অংশে রাজমিস্ত্রিরা অরকেস্তার প্রথম স্থায়ী আবাস বানানোর কাজে ব্যস্ত। ইতিমধ্যে ছোট একদল কিশোরী ভায়োলায় মৌলিক সুর তুলতে শিখেছে। বাইরের হইচই, হট্টগোল, ড্রিলিংয়ের শব্দ—কোনো কিছুই দৃশ্যত তাদের কর্ণকুহরে ঢুকছে না। ছেলেরা পুরোনো এক্স-রের ফিল্ম ভেতরের আবরণ হিসেবে ব্যবহার করে কাঠ ও ধাতু দিয়ে ড্রাম তৈরি করছে। এর ফলে কোলাহল আরও বেড়েছে।
২০ বছর বয়সী আন্দ্রেস রিভেরোসের বললেন, ‘অরকেস্তায় যোগ দিয়ে আমি জীবনের এক ভিন্ন পথ খুঁজে পেয়েছি।’ এই তরুণটি স্যাক্সোফোন বাজান। পড়েন কলেজের প্রথম বর্ষে। তিনি আরও বললেন, ‘আমি ভাগ্যবান। কারণ, আমার যে বন্ধুরা এতে যোগ দেয়নি, তারা হয় নেশাগ্রস্ত, না-হয় কারাগারে।’
ব্রান্দোন কোবোন এ পর্যন্ত ১৫টি দেশ সফর করেছে। সে এখন কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ১৮ বছরের জীবনে তার অভিজ্ঞতার ঝুলি যত সমৃদ্ধ হয়েছে, অরকেস্তায় যোগ না দিলে সারা জীবনেও সে এত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারত না।
নিজের ডাবল ব্যাসের দিকে ইঙ্গিত করে সে বলে, ‘ছোটবেলা থেকেই আমার ভ্রমণের শখ ছিল। কিন্তু কখনো ভাবিনি, আমার সে ইচ্ছা কখনো পূরণ হবে...বিশেষ করে এটা বাজিয়েই যে সেটা হবে, সেই চিন্তা তো কখনোই করিনি।’ বস্তুটি ধাতুর এক টোল খাওয়া ড্রাম। একসময় এতে ক্যালসিয়াম কার্বাইড ও ভাঙা জাহাজের কড়িকাঠ ছিল।