আবর্জনা থেকে স্বাস্থ্যকর পানীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে রাখা আবর্জনা শুধু দুর্ভোগ আর ভোগান্তিই বাড়িয়েছে মানুষের। তবে দুর্ভোগের এই আবর্জনায় লুকিয়ে আছে উপকারী জীবাণু! দেশের চার তরুণ গবেষক আবর্জনায় থাকা উপকারী দুটি জীবাণুর সাহায্যে তৈরি করেছেন স্বাস্থ্যকর পানীয়। নতুন উদ্ভাবিত এই পানীয়ের নাম রাখা হয়েছে ‘কোলকিক’।সম্প্রতি নোভারটিস বাংলাদেশ আয়োজিত বায়োক্যাম্প শীর্ষক আন্তর্জাতিক জৈবপ্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে কোলকিক জিতে নিয়েছে শ্রেষ্ঠ পুরস্কার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক আদনান মান্নান এই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। প্রোবিং নামের এই দলের বাকি সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোহাম্মদ মুরাদ ও মোমিনুল হক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী নুসরাত হোসাইন। গত রোববার রাতে নগরের কাতালগঞ্জে অবস্থিত নিজ বাসভবনে বসে প্রকল্পের আদ্যোপান্ত শোনান দলনেতা আদনান মান্নান। তিনি জানান, চিকিৎ সক বাবা এম এ মান্নান ও মা জোবায়েদা কাদেরী সব সময় অনুপ্রেরণা দিতেন নতুন কিছু করার। তাঁদের অনুপ্রেরণা ও সহকর্মীদের নিরলস পরিশ্রমে এই উদ্ভাবন সম্ভব হয়েছে। নতুন পানীয় কোলকিক: আবর্জনা থেকেই তৈরি হবে এ পানীয়। আমরা এত দিন ধরে জেনে এসেছি, আবর্জনা শুধু অপকারী জীবাণুসমৃদ্ধ। কিন্তু আবর্জনায় রয়েছে দুই ধরনের উপকারী জীবাণু। এ দুটি উপকারী জীবাণু হলো ল্যাক্টোব্যাসিলাস ও বিফোডুব্যাকটেরিয়া। জীবাণু ও প্রক্রিয়াজাত গম ব্যবহার করে গবেষকেরা একটি মিশ্রণ তৈরি করেন। গরম বা ঠান্ডা পানির সঙ্গে এ মিশ্রণ মিশিয়ে প্রস্তুত হয় কোলকিক পানীয়। কেন ব্যতিক্রম: প্রোবিং দলের প্রধান ও তরুণ গবেষক আদনান মান্নান বলেন, ‘বাজারে প্রচলিত পানীয়গুলো ব্যবহূত হয় শুধু শক্তিবর্ধক হিসেবে। আমাদের কোলকিক এসব পানীয়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই পানীয় চার ধরনের কাজ করতে পারে। এই পানীয় পান করলে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও সতেজতা বাড়বে।’ তিনি জানান, এ পানীয় তৈরিতে খুব বেশি খরচ হবে না। কেননা, পানীয় উৎ পাদনের সব কাঁচামাল প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মাত্র ২০ জন প্রযুক্তিবিদ ও অল্পসংখ্যক শ্রমিক নিয়োগ করে খুব অল্প খরচে কোলকিক উৎ পাদন করা যাবে।প্রকল্প বাস্তবায়নে বাধা: এ প্রকল্প আগামী বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বায়োক্যাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। আদনান মান্নান বলেন, এ ধরনের অনেক প্রকল্প আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না। প্রোবিংয়ের দলনেতা জানান, ‘আমাদের কোলকিক প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন মাত্র পাঁচ কোটি টাকা। প্রথম কয়েক বছরে প্রকল্পে লোকসান দিতে হবে। কিন্তু তিন বছরের মাথায় লাভজনক একটি প্রকল্পে পরিণত করতে পারব।’ তিনি আরও জানান, প্রকল্প থেকে অর্জিত অর্থের একটি অংশ ব্যয় করা হবে স্তন ক্যানসার ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচারণার কাজে।একটি গবেষণাগার ও সামাজিক দায়বদ্ধতা: দেশের বাইরে পড়াশোনা করলেও আদনানের ধ্যানজ্ঞান এখন শুধুই দেশকে ঘিরে। নিত্যনতুন গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান তিনি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আনুষঙ্গিক সরঞ্জাম নেই বলে তিনি জানান।