আবর্জনার ভাগাড় বাঁকখালী নদী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাসাবাড়ির ময়লা-আবর্জনার (বর্জ্য) ভাগাড়ে পরিণত হয়েছে বাঁকখালী নদী। পৌরসভা কর্তৃপক্ষ নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলে বাঁকখালী নদীর ১০টি অংশে ফেলছে । প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঠেলাগাড়ি ও ট্রাকে করে এসব বর্জ্য ফেলা হয়। ফলে মারাত্মক আকার ধারণ করেছে নদীদূষণ। পরিবেশ অধিদপ্তরের গত এপ্রিল মাসের জরিপে এর প্রমাণ মেলে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, প্রতিদিন কক্সবাজার শহরের বর্জ্য ফেলার কারণে প্রায় ৪০ কিলোমিটারের বাঁকখালী নদীর কমপক্ষে ১০ কিলোমিটারের তলদেশ ভরাট হয়ে গেছে। পাশাপাশি সংকুচিত হয়ে পড়েছে নদীর গতিপথও। ফলে সামান্য বৃষ্টিতে পানি উপচে নদীর দুই তীরের সদর ও রামু উপজেলার ৪০টির বেশি গ্রামে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পর্যটন রাজধানী খ্যাত এই পৌরসভায় চার লক্ষাধিক মানুষের বসবাস। অথচ শহরের বর্জ্য ফেলার জন্য পৌরসভা কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট স্থান নেই। ফলে লাখ লাখ টন বর্জ্য বাঁকখালী নদীতে ফেলে ভরাট করা হচ্ছে। অনেকে নদীর ভরাট অংশ দখল করে নানা অবকাঠামো তৈরি করছে। এ নিয়ে কারও মাথাব্যথা নেই। জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, সামান্য বৃষ্টি হলেই পৌরসভার কয়েক হাজার দোকানপাট হাঁটুপানিতে ডুবে যায়। পৌরসভার নালা-নর্দমাগুলো পাহাড় কাটার মাটি ও ময়লা আবর্জনায় ভর্তি থাকে। ফলে সহজে বৃষ্টির পানি নালা দিয়ে বাঁকখালী নদীতে নেমে যেতে পারে না। শহরের বদরমোকাম এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, বাঁকখালী নদীর নুনিয়াছটা, ৬ নম্বর জেটি ঘাট, কস্তুরাঘাট, মাঝেরঘাটসহ বিভিন্ন স্থানের তলদেশ ভরাট হওয়ায় নদীর গতিপথও সংকুচিত হয়ে পড়েছে। ফলে জোয়ারের পানি চলাচল বাধাগ্রস্ত হয়। গত বৃহস্পতিবার দুপুরে বাঁকখালী নদীর কস্তুরাঘাট অংশে গিয়ে দেখা গেছে, ঠেলাগাড়িতে করে শহরের ময়লা আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। আবর্জনার স্তূপে উড়ছে মশা-মাছি। দুর্গন্ধে আশপাশের লোকজন নাক চেপে হাঁটাচলা করছেন। এ ছাড়া নদীর বড়বাজার, হাঙ্গরপাড়া, রাখাইনপাড়া, টেকপাড়া, মাঝিরঘাট অংশেও বর্জ্য ফেলে নদী ভরাটের দৃশ্য চোখে পড়ে। বর্জ্য ফেলার কাজে নিয়োজিত শ্রমিক সিরাজুল ইসলাম (৩৪) বলেন, ‘প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের অলিগলি, সড়কের মোড় ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহ করে আট থেকে ১০টি দল শতাধিক ঠেলা গাড়ি ও ট্রাকে করে নদীতে ফেলছে। এতে পৌরসভা কর্তৃপক্ষের মৌখিক সম্মতি রয়েছে।’এ প্রসঙ্গে জানতে চাইলে পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে চেইন্দা নামক স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য একটি ভাগাড় তৈরির জন্য তিন একর জমি কেনা হচ্ছে। তখন শহরের বর্জ্য নদীতে ফেলা হবে না। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বাঁকখালী নদী খনন করে কক্সবাজার বিমানবন্দরের নতুন রানওয়ে তৈরির জমি ভরাট করা হবে। তখন নদী নাব্যতা ফিরে পাবে। তবে এই খননকাজ কখন শুরু হবে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।এদিকে পরিবেশ অধিদপ্তরের এপ্রিল মাসের জরিপে দেখা যায়, বাঁকখালী নদীর মাঝেরঘাট এলাকায় টিডিএস (মোট দ্রবীভূত বর্জ্য) পাওয়া গেছে প্রতি লিটারে সর্বোচ্চ নয় হাজার ১১০ মিলিগ্রাম। মাঝেরঘাট ও ফিসারিঘাট এলাকায় লবণাক্ততা পাওয়া গেছে প্রতি লিটারে যথাক্রমে সাত হাজার ১১০ এবং সাত হাজার ৪৮০ মিলিগ্রাম। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নদীর পানিতে টিডিএসের আদর্শমান হচ্ছে সর্বোচ্চ ৬০০ মিলিগ্রাম। মাত্রাতিরিক্ত টিডিএস বলে দেয়, বাঁকখালী নদী দূষিত হয়ে পড়ছে। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বর্জ্য নিক্ষেপ ও ভরাটের কারণে জেলার প্রধান এই নদী (বাঁকখালী) মারাত্মক দূষণের শিকার হচ্ছে। গত এপ্রিল মাসে জরিপ চালিয়ে এর প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।’