বছরের পাঁচ মাস পেরিয়ে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে প্রতিটি কলেজে পাঠদান শুরু হওয়ার কথা। কিন্তু চট্টগ্রামের অনেক সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে কয়েকটি আবশ্যিক বিষয়ের শিক্ষক ও পাঠ্যবই সংকট এখনো কাটেনি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন জমা নেওয়ার শেষ দিন পার হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর থেকে একাদশ শ্রেণীতে তথ্যপ্রযুক্তিসহ কয়েকটি বিষয় পাঠদান বাধ্যতামূলক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু এসব বিষয়ের ওপর এখনো কোনো বই বের হয়নি কিংবা কোনো শিক্ষকও নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের শেষ নেই।জানা গেছে, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসইএসডিপি) অর্থায়ন ও পরিকল্পনা অনুযায়ী কারিকুলাম বিশেষজ্ঞরা গুচ্ছভিত্তিক বিষয় নির্ধারণ করেন। সে হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) একাদশ শ্রেণীর পাঠক্রমে গুচ্ছভিত্তিক বিষয় নির্ধারণ করে গত ১৫ মে প্রজ্ঞাপন জারি করে। এতে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগের জন্য বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়কে আবশ্যিক করা হয়। শিক্ষকেরা জানান, এ ক্ষেত্রে বিজ্ঞান, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত শাখায় গুচ্ছভিত্তিক বিষয় নিয়ে সমস্যা না থাকলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সমস্যা দেখা দিয়েছে। কারণ নগরের দু-একটি সরকারি কলেজ ছাড়া বেশির ভাগ কলেজেই এসব বিষয় বা বিষয়ভিত্তিক শিক্ষক নেই। জানা যায়, মানবিকে আবশ্যিক বিষয় হিসেবে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে যে কোনো একটি, পৌরনীতি ও সুশাসন বা অর্থনীতি অথবা যুক্তিবিদ্যা থেকে যে কোনো একটি এবং সমাজবিজ্ঞান বা সমাজকর্ম অথবা ভূগোল থেকে যে কোনো একটি বিষয় পড়তে হবে। গুচ্ছভিত্তিতে ব্যবসায় শিক্ষার জন্য বাধ্যতামূলক করা হয়েছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চট্টগ্রাম সরকারি কলেজ এবং নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ ছাড়া অন্য কোনো সরকারি ও বেসরকারি কলেজে সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও ভূগোল বিষয় নেই। ফলে এসব বিষয়ে কোনো শিক্ষকও নেই। এ প্রসঙ্গে সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ আবদুল গোফরান বলেন, ‘আমাদের কলেজে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল বিষয় নেই এবং এসব বিষয়ের কোনো শিক্ষকও নেই। এ অবস্থায় আমরা ছাত্র-ছাত্রী ভর্তি সমস্যার কথা জানিয়ে বোর্ড কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দত্ত বলেন, ‘ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নতুন বিষয় হলেও এ বিষয়ে আমাদের কলেজে যোগ্য শিক্ষক রয়েছে। ফলে এখানে পাঠদানে কোনো সমস্যা হবে না।’চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট কলেজের সমস্যাগুলো নিয়ে আমরা এনসিটিবির সঙ্গে যোগাযোগ করছি। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর তা কলেজগুলোকে জানিয়ে দেব।’প্রসঙ্গত, গত ১৮ মে থেকে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনপত্র নেওয়া শুরু হয়। আজ তা শেষ হচ্ছে। ১৬ জুন ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ তারিখ ৩০ জুন।