আবাদি জমিতে একের পর এক পুকুর খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির হারুয়ালছড়িতে আবাদি জমিতে খনন করা পুকুর l প্রথম আলো
ফটিকছড়ির হারুয়ালছড়িতে আবাদি জমিতে খনন করা পুকুর l প্রথম আলো

ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামের চাষি শাহেদ মুহাম্মদ (৩৪)। জমিতে ধান চাষ করে পর পর তিন-চার মৌসুমেই লাভের মুখ দেখেননি। কোনো কোনো সময় চাষের খরচ তুলতেই হিমশিম খেতে হয়েছে। এরপর আবাদি জমিতে চাষ বন্ধ করে দিয়ে পুকুর খনন করেন। শুরু করলেন মাছ চাষ। এবার লাভের মুখ দেখতে শুরু করেছেন। শাহেদ মুহাম্মদের মতো সুয়াবিলের মইনুদ্দিন, রোসাংগিরির মোহাম্মদ জাকারিয়া ও হারুয়ালছড়ির শওকত হোসেনও এই পথ ধরেছেন। তাঁদের অনুসরণ করছেন অন্য চািষরা। চলতি বছরেই উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৩৫টি পুকুর খনন করা হয়েছে আবাদি জমিতে।
কৃষি কর্মকর্তারা জানান, অপরিকল্পিতভাবে এসব পুকুর খনন করা হচ্ছে। ফলে আবাদি জমি কমে ভবিষ্যতে খাদ্য ঘাটতি দেখা দেবে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কের হারুয়ালছড়িতে তিনটি, রোসাংগিরি ইউনিয়ন সড়কের দুই পাশে দুটি, ফটিকছড়ি পৌর সদর এলাকায় ও ফটিকছড়ি বিলে একটি করে পুকুর খনন করা হয়েছে আবাদি জমিতে। এ ছাড়া হারুয়ালছড়ি ও সুয়ারিলে নতুন করে পুকুর খনন করা হচ্ছে দুটি। অন্যান্য এলাকায়ও আবাদি জমিতে পুকুর খনন করে মাছ চাষ চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দুই বছর ধরে উপজেলার রোসাংগিরি, দৌলতপুর, ধুরুং, রাঙ্গামাটিয়া, ভুজপুরের বিভিন্ন গ্রামে আবাদি জমিতে পুকুর খনন করা হচ্ছে। চলতি বছরেই (১০ মার্চ পর্যন্ত) ৩৫টি নতুন পুকুর খনন করা হয়েছে। এ নিয়ে গত দুই বছরে শতাধিক নতুন পুকুর খনন করা হয়েছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জমির মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এসব পুকুর খনন করেন।
শাহেদ মুহাম্মদ জানান, পুকুর খনন করে মাছ চাষের জন্য ইজারা দিলে প্রতি একর আয়তনের জমিতে এক বছরের জন্য ২০-৩০ হাজার টাকা পাওয়া যায়। নিজে মাছ চাষ করলে মুনাফার পরিমাণ আরও বেশি। কিন্তু ধানের আবাদ করে কোনো লাভ নেই। তা ছাড়া মাছ চাষে খরচ তেমন নেই। এ পর্যন্ত তাঁর জমিতে তিনটি পুকুর খনন করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, আবাদি জমি অন্যভাবে ব্যবহার করতে হলে সরকারের কাছ থেকে লিখিত অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু জমির মালিকেরা অনুমোদন নিচ্ছেন না। এদিকে পুকুর খনন করায় উপজেলার আবাদি জমির শতকরা প্রায় দুই ভাগ কমে গেছে। এভাবে কমতে থাকলে ভবিষ্যতে এই এলাকায় খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে। এ ব্যাপারে কৃষকদের সচেতনতা জরুরি।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তৈয়ব জানান, এ উপজেলায় ৬৮৭টি পুকুর রয়েছে। গত দুই বছরে আরও নতুন করে পুকুর খনন হয়েছে। নিচু এলাকার একফসলি জমিতেই বেশির ভাগ পুকুর খনন করা হলেও এগুলো অপরিকল্পিতভাবে করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আবাদি জমিতে পুকুর খনন না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। তা ছাড়া সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।