আবার অবৈধ দখলে রাজাখালী সংযোগ খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাক্তাই এলাকায় রাজাখালী সংযোগ খালে অবৈধ দখল চলছেই। দখলের কারণে সংকুচিত হওয়ায় খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে শুষ্ক মৌসুমেও এলাকায় জলাবদ্ধ অবস্থা বিরাজ করছে। বর্ষা ও জোয়ারের সময় সীমাহীন দুর্ভোগে পড়ে এলাকার বাসিন্দারা। ২১ ডিসেম্বর সিটি করপোরেশনের কর্মকর্তারা খালের উত্তরপারের নয়া মসজিদ এবং তুলাতলী ও ভাঙাপুল এলাকায় ৫০ জনের বেশি অবৈধ দখলদার চিহ্নিত করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তারা জানান। জানা যায়, আরএস জরিপ অনুযায়ী রাজাখালী সংযোগ খালের দৈর্ঘ্য ছিল তিন হাজার ফুট, প্রস্থ ছিল ৯০ ফুট। বিএস জরিপে তা নথিভুক্ত হয় ৬০ ফুট। দীর্ঘদিন ধরে বেদখল হওয়ার কারণে সংকুচিত হয়ে বর্তমানে খালটির প্রস্থ ৪৫-৫০ ফুটে দাঁড়িয়েছে। খালের আশপাশের লোকজন জানান, সংকুচিত হওয়ায় খালে পানিপ্রবাহ বাধা পেয়ে এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে বিশেষ করে বর্ষা ও জোয়ারের সময় সীমাহীন দুর্ভোগে পড়ে এলাকার বাসিন্দারা।১৮ ডিসেম্বর নয়া মসজিদ ও তুলাতলী এলাকায় গেলে স্থানীয় লোকজন অভিযোগ করেন, রাতের আঁধারে মাটি-বালু ও ইট ফেলে কৌশলে খালের জায়গা দখল করে নিচ্ছে কিছু লোক। খালের উত্তরপারের কয়েকজন ব্যবসায়ী এবং নয়া মসজিদ ও তুলাতলী এলাকার কিছু লোক খালের জায়গা দখলের সঙ্গে যুক্ত। তাঁরা বলেন, প্রশাসন অবৈধ দখল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে খালটি আরও সংকুচিত হয়ে আগামী বর্ষায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করবে।নয়া মসজিদ এলাকার খালপারের বাসিন্দা রফিকুল আলম ও নুর হোসেন বলেন, ‘২০ বছর আগেও খালটির প্রস্থ ছিল ৬০-৭০ ফুট। এখন তা ৫০ ফুটের নিচে নেমে এসেছে। বর্ষায় আমরা ভীষণ কষ্ট পাব।’নাম প্রকাশ না করে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রায় তিন সপ্তাহ আগে হাজি নুর আলী সওদাগর অ্যান্ড সন্স লিমিটেডের পাশে ভাঙাপুল এলাকায় খালের জায়গায় পাকা পিলার দিয়ে দখলের চেষ্টা করে স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা গিয়ে দখল কার্যক্রম বন্ধ করে দেন এবং পিলারগুলো উপড়ে ফেলেন। পরে দখলকারীরা পিলারগুলো সরিয়ে নেয়।সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ২১ ডিসেম্বর নয়া মসজিদ, তুলাতলী ও ভাঙাপুল এলাকা পরিদর্শন করেন। ওইদিন দুপুরে তিনি জানান, এসব এলাকায় মো. শফি, মো. আজম, মো. ইলিয়াছ, মো. ইমতিয়াজ, রফিকুজ্জামান, সৈয়দ হায়দার ও আবুল হোসেনসহ ৫০ জনের বেশি লোককে খালের জায়গা দখলকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ‘তিন বছর আগে রাজাখালী সংযোগ খাল থেকে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এখন কতিপয় লোক মাটি-ইট-বালু ফেলে কৌশলে খাল দখলের পাঁয়তারা করছে। আমরা তা হতে দেব না।’ প্রসঙ্গত, এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এই খালের বিভিন্ন স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল সিটি করপোরেশন।