আবার অশান্ত কিরগিজস্তান
আবার রক্ত ঝরলো কিরগিজস্তানে। এবার গোলযোগের কারণ জাতিগত সংঘাত। ইতিমধ্যেই রাজনৈতিক সংকটে থাকা মধ্য এশিয়ার দেশ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটিকে আরও বড় সমস্যার মুখে ফেলে নতুন এই বিপত্তি।নতুন করে গোলযোগ বাধলেও কিরগিজস্তান আর মধ্য এশিয়ায় তার প্রতিবেশী দেশ কয়টিতে অবশ্য জাতিগত বিরোধ নুতন কিছু নয় মোটেই। তার পেছনে রয়েছে আরেক ইতিহাস। ১০ জুন রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ওশে কিরগিজ ও উজবেক জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পরপরই আরেকটি গুরুত্বপূর্ণ শহর জালালাবাদেও সহিংসতা শুরু হয়। অবস্থা এতই ভয়াবহ পর্যায়ে ওঠে যে সংঘাতপূর্ণ অঞ্চলে জরুরি অবস্থা জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিল সরকার। ঐতিহাসিক ওশ শহরে মার্কিন ও রাশিয়ার বিমান ঘাঁটির অবস্থান। পরিস্থিতি এখন শান্ত হলেও শরণার্থী সমস্যাসহ বিভিন্ন কারণে বিরাজ করছে অস্বস্তিকর পরিবেশ।গত এপ্রিল মাসে সরকারবিরোধী এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন কিরগিজস্তানের নির্বাচিত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ। প্রেসিডেন্ট বাকিয়েভই ২০০৫ সালে ‘টিউলিপ’ বিপ্লবের মাধ্যমে আসকার আকিয়েভকে ক্ষমতাচ্যুত করেছিলেন। কিন্তু দুর্নীতি ও দারিদ্র্য কমিয়ে আনার প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকেও আরেকটি অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলের নেতা রোজা ওতুনবায়েভা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে এই সরকার ছয় মাস পর পার্লামেন্ট নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সহিংসতার কারণে লাখ দুয়েক সংখ্যালঘু উজবেক প্রাণভয়ে প্রতিবেশী উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে আশ্রয় নিয়েছে। কিরগিজ ও উজবেকদের মধ্যে চাপা বিরোধ থাকলেও উপস্থিত কী কারণে এবারের সহিংসতা শুরু হয় তা অস্পষ্ট। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওশ শহরে দুই জাতির যুবকদের মধ্যে হাতাহাতি থেকে সংঘাতের শুরু হয়। অন্তর্বর্তী সরকারের অভিযোগ, ক্ষমতায় ফেরার পথ তৈরি করতে ক্ষমতাচ্যুত বাকিয়েভের সমর্থকেরাই এই উত্তেজনা উসকে দিয়েছে। সরকারপ্রধান ওতুনবায়েভা বলেছেন, সংঘাত শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে দক্ষিণাঞ্চলে দুই জাতির মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল। মূলত এপ্রিলে প্রেসিডেন্ট বাকিয়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সেখানে এক ধরনের নেতৃত্বহীন পরিস্থিতি তৈরি হয়।ওতুনবায়েভা বলেন, ২৭ জুন অনুষ্ঠেয় সংবিধান বিষয়ে গণভোট নস্যাৎ করতেই সহিংসতা উসকে দেওয়া হয়েছে। বেলারুশে নির্বাসিত বাকিয়েভ এই অভিযোগ অস্বীকার করে একে মিথ্যাচার বলে অভিহিত করেছেন। বাকিয়েভ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। সেখানে এখনো তাঁর অনেক সমর্থন।তবে অসন্তোষের বারুদে যেই আগুন দিক কিরগিজস্তানের এই অশান্তির পেছনে মূলত দায়ী মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত দেশগুলোর জাতিগত গঠন আর এ সংক্রান্ত বৈষম্য। কিরগিজস্তানের মোট ৫৪ লাখ জনসংখ্যার জনসংখ্যার ৭০ শতাংশই জাতিতে কিরগিজ। মাত্র ১৫ শতাংশ উজবেক। উজবেকদের বেশির ভাগই দেশের দক্ষিণে বাস করে। সেখানে তারাই সংখ্যাগরিষ্ঠ। কিরগিজস্তানের জাতীয় জীবনে—তা সরকার, স্থানীয় প্রশাসন সেনাবাহিনী যা-ই হোক, সংখ্যালঘু উজবেকদের স্থান নেই বললেই চলে। বেশির ভাগ হত্যাকাণ্ড যেখানে ঘটেছে, সেই ঐতিহাসিক ফারগানা উপত্যকাকে (ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরখ্যাত) ১৯২০-এর দশকে উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান—এই তিন সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে ভাগ করে দিয়েছিলেন স্টালিন। এর ফলে কিরগিজ প্রজাতন্ত্রে পড়ল উল্লেখযোগ্য সংখ্যক উজবেক সংখ্যালঘু। আবার উজবেক প্রজাতন্ত্রে রয়ে গেল বেশ কিছু তাজিক। সোভিয়েত ইউনিয়ন যতদিন ছিল, সবগুলো প্রজাতন্ত্রই এক দেশের অধীনে ছিল বলে এতে তেমন কিছু আসে যায়নি। অশান্তি হলেও সোভিয়েত বাহিনী ঠেঙিয়ে সব ঠিক করেছে। কিন্তু গত শতকের নব্বই দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওই কৃত্রিমভাবে সৃষ্ট সীমান্তই চূড়ান্ত হয়ে গেল, আর তা হয়ে দাঁড়াল জাতিগত অশান্তির স্থায়ী কারণ।স্বাধীন হওয়ার দশক দুই পরও মধ্য এশীয় দেশগুলো এই দীর্ঘদিনের জাতিগত বৈষম্য ও বিরোধ নিরসনে যে সফল হয়নি সাম্প্রতিক অশান্তি তারই প্রমাণ।পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও বিশ্লেষকদের মতে, কিরগিজস্তানকে ঘিরে গোটা মধ্য এশিয়ার অশান্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কারণ, সহিংসতা আবার মাথাচাড়া দিলে সীমান্তে বড় শরণার্থী সমস্যা দেখা দিতে পারে এবং শেষ পর্যন্ত সংঘাত থামাতে আঞ্চলিক নেতা ‘সাবেক অভিভাবক’ রাশিয়াকে হয়তো সেনা পাঠাতে হবে। সংঘাতের কয়েকদিনের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রোজা ওতুনবায়েভা নিজেই রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন।