আবার অ্যাসিড-সন্ত্রাস

চট্টগ্রামের শেলী আক্তার (২২) নিজ ঘরে অ্যাসিড হামলার শিকার হয়েছেন। তাঁর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় তাঁর মায়ের শরীরের ১০ শতাংশ পুড়ে যায়। শেলীর সাবেক স্বামী মো. জাহাঙ্গীর পুলিশের কাছে স্বীকার করেছেন, স্ত্রীর দেওয়া তালাকের ‘প্রতিশোধ’ নিতেই তিনি অ্যাসিড ছুড়েছেন। ঘটনাটি গত ২৬ সেপ্টেম্বর ভোর রাতের।
এ ঘটনার একদিন পরই রাজধানীতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন ২২ বছরের গৃহবধূ নাসিমা আক্তার। তিনি স্বামীর সঙ্গে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নাসিমাকে অ্যাসিড নিক্ষেপ করেন।
অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) তথ্য অনুযায়ী, গত দুই মাসে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে অন্তত ১৪টি। অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে এএসএফ। সংগঠনটি মনে করছে, তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় সমস্যার কারণে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা থামছে না। এ সন্ত্রাসের শিকার বেশি হচ্ছেন নারীরাই।
এএসএফের কাছে ১৯৯৯ সাল থেকে বছরওয়ারি পরিসংখ্যান আছে। সে বছর ১৬৫টি অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যা বাড়তে বাড়তে ২০০২ সালে এসে দাঁড়ায় ৪৯৪টিতে। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করে। এতে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা কমতে শুরু করে, কিন্তু থামে না।
গত দুই বছরে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ছিল ৭৪টি করে। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ নয় মাসে অ্যাসিড হামলার সংখ্যা ৩৬। এর মধ্যে আগস্ট ও সেপ্টেম্বরে এই সংখ্যা সবচেয়ে বেশি ছিল, অন্তত সাতটি করে। এসব ঘটনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। এর মধ্যে একজন নারী মারা গেছেন।
পরিসংখ্যান বলছে, ১৯৯৯ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩৩৯টি। এসব ঘটনায় অ্যাসিডে দগ্ধ হয়েছেন ৩ হাজার ৭০৪ জন।
অ্যাসিড হামলা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার বার। অথচ মামলার সংখ্যা ২ হাজার ১৯। এর মধ্যে ১৮৫টি মামলায় ৩২৫ জনের সাজা হয়েছে। এদের ১৪ জনকে মৃত্যুদণ্ড এবং ১১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এখনো কারও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
গত দুই মাসে পরপর কয়েকটি ঘটনা ঘটায় অ্যাসিড-সন্ত্রাসের প্রবণতা আবার ফিরে আসার আশঙ্কা করছেন এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ। তিনি বলেন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন-২০০২ অনুযায়ী অ্যাসিড-সন্ত্রাস জামিন অযোগ্য অপরাধ। অথচ দেখা যাচ্ছে, অ্যাসিড হামলা মামলার আসামিরা জামিন পেয়ে যাচ্ছেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি তাঁদের অনেকে আবার উল্টো আক্রান্ত ব্যক্তির পরিবারকে হুমকি দিচ্ছেন। এতে অপরাধীদের অপরাধপ্রবণতা বেড়ে যাচ্ছে।
সেলিনা আহমেদ মনে করেন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের সঠিক ও সুষ্ঠু প্রয়োগ না হওয়া পর্যন্ত অ্যাসিড-সন্ত্রাস বন্ধ হবে না। তিনি বলেন, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং রায় কার্যকর হলেই কেবল এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব।’ এ জন্য এ-সংক্রান্ত মামলা দ্রুত বিচারের আওতায় নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এএসএফের হিসাব অনুযায়ী, নারীরাই বেশির ভাগ সময় অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। তবে শিশু ও পুরুষেরাও এর শিকার হচ্ছেন। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত যে ৪২ জন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন, তাঁদের ২৫ জন নারী, ১০ জন পুরুষ; ৫ জন কন্যাশিশু ও ২ জন ছেলেশিশু। ২০১৫ সালেও নারীরাই বেশি অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন, যার সংখ্যা ৪১। আর এ সময়ে পুরুষ আক্রান্ত হয়েছেন ২৩ জন এবং শিশু ১০টি।
যৌতুকের সমস্যা, পারিবারিক ও বৈবাহিক কলহ, প্রেম বা বিয়ের প্রস্তাব নাকচ, জমিজমার বিরোধ এবং অর্থ-সংক্রান্ত সমস্যার কারণেই বেশির ভাগ অ্যাসিড হামলার ঘটনা ঘটে থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘গোড়ার বছরগুলোয় প্রেম বা বিয়ের প্রস্তাব নাকচের কারণে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এটি এখন যেকোনো ধরনের ঘটনায় প্রতিশোধের একটি অস্ত্রে পরিণত হয়েছে।’ অ্যাসিডের সহজলভ্যতাই এর জন্য দায়ী বলে মনে করেন তিনি।
সামন্ত লাল সেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সম্প্রতি চারজন অ্যাসিডে দগ্ধ ব্যক্তি চিকিৎসা নিয়েছেন, যাঁদের মধ্যে তিনজনই নারী, যাঁদের দুজনের চিকিৎসা এখনো চলছে।
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, অ্যাসিডদগ্ধ একজন ব্যক্তি কেবল শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হন না, মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘ মেয়াদে ট্রমায় ভোগেন, যেখান থেকে স্বাভাবিক জীবনে পিরে আসা বেশ কঠিন। সাম্প্রতিক অ্যাসিড সন্ত্রাসের ঘটনায় সামন্ত লাল সেন উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ঘটনা প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।