আবার আগের চেহারায় নগর
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামের নগরজীবনে পরিবর্তন এসেছিল দ্রুত। পরিবর্তন এসেছিল চলন-বলনে, নাগরিক সৌন্দর্যে। চলতে-ফিরতে আসা-যাওয়ার পথে এ পরিবর্তন দেখে বিস্ময় মেশানো গর্বও অনুভব করছিলেন নাগরিকেরা। কিন্তু সেই পরিবর্তন দ্রুত মিলিয়ে যেতে শুরু করেছে সপ্তাহখানেক ধরে। আবার সেই যানজট, ফুটপাত দখল করে বিকিকিনি এবং ভিখারিদের উৎপাত দেখে হতাশ চট্টগ্রামবাসী। অথচ সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এসব পরিবর্তনের স্থায়ী রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট লোকজন। রক্ষা করা সম্ভব নতুন চেহারা পাওয়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও।চট্টগ্রামে বিশ্বকাপ আসরের ব্যাপ্তি ছিল দুটি ম্যাচ। একটি অনুশীলন ম্যাচ ধরলে সেই আসর ছিল তিন ম্যাচের। ১৪ মার্চ জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে এ তিন ম্যাচের পর্দা নেমেছে। শেষদিন হল্যান্ডকে হারিয়ে স্বাগতিক ভেন্যু হিসেবে চট্টগ্রাম শতভাগ কৃতিত্ব অর্জন করে। এর আগে ১২ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে অনুশীলন ম্যাচে বাংলাদেশের শুভ সূচনার মধ্য দিয়ে চট্টগ্রামের বিশ্বকাপ যাত্রা শুরু। তবে স্থানীয় ভেন্যুতে ইংলিশদের বিপক্ষে ১১ মার্চ হয় মূল আসরের উদ্বোধন।এ তিন ম্যাচকে ঘিরে চট্টগ্রাম সেজেছিল নতুন সাজে। পাহাড় ও সমুদ্রঘেরা বন্দরনগরী তার সৌন্দর্যের সবটুকু মেলে ধরার জন্য তিন-চার মাস ধরে প্রস্তুতি নিয়েছে। অনেক ক্ষেত্রে এ সৌন্দর্যবর্ধনের প্রচেষ্টা সফলও হয়েছে বলা যায়। টাইগারপাসে রয়েল বেঙ্গল টাইগার ও নিমতলা মোড়ে ক্রিকেটারদের ভাস্কর্য স্থাপন ছিল চট্টগ্রামবাসীর জন্য নতুন পাওয়া। তা ছাড়া বিভিন্ন মোড়ে ফোয়ারা, আলোকসজ্জা ও নতুন রঙের ছোঁয়া তো ছিলই। তবে এসব স্থাপনা কতদিন টিকিয়ে রাখা যাবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সিটি করপোরেশনের পক্ষে ভাস্কর্য পাহারা দেওয়ার মতো জনবল নেই বলে জানা গেছে। সংশ্লিষ্ট লোকজনের প্রশ্ন, তাহলে কী অযত্ন-অবহেলায় নষ্ট হবে নবনির্মিত এসব স্থাপনা? বিশ্বকাপ উপলক্ষে ভিক্ষুক ও হকারমুক্ত করা হয়েছিল নগরের গুরুত্বপূর্ণ স্থান। সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে এ কাজ করেছিল বিশ্বকাপকে সামনে রেখে। কিন্তু বিশ্বকাপ যেতে না যেতেই আবার দখল হয়ে গেছে ফুটপাত। নিউমার্কেট, স্টেশন রোড, আগ্রাবাদ, জিইসি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আবারও ভিক্ষুক ও হকারদের দখলে চলে গেছে। তবে আবার ফিরে আসার শর্তেই হকার ও ভিক্ষুকেরা তাঁদের রুটিরুজির স্থান ছেড়ে দিতে সম্মত হয়েছিলেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে তাঁরা কথা দিয়েছিলেন রাস্তা ও ফুটপাতে ভিক্ষা কিংবা পণ্য বিকিকিনির জন্য বসবেন না। তাঁরা সেই কথা রেখেছেন। এখন আবার তাঁরা এসেছেন। যদি স্থায়ী একটা ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো। কিন্তু এজন্য কিছু পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ দরকার। সরকারের বিভিন্ন পক্ষকে এক হয়ে কাজ করতে হবে।’ প্রসঙ্গত, হকারদের স্থায়ী পুনর্বাসনের কথা বিভিন্ন সরকারের আমলে শোনা গেলেও তার কোনো উদ্যোগ দেখা যায়নি এ পর্যন্ত। এজন্য নগরের স্টেশন রোডের পাশে রেলওয়ের একটি জমিও দেখা হয়েছিল। জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে নগরকে ভিক্ষুক ও হকারমুক্ত করতে সিটি করপোরেশন ও নগর পুলিশ বিশ্বকাপ শুরুর আগেই উদ্যোগ নিয়েছিল। সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম এ নিয়ে দুদফা বৈঠকও করেছিলেন। তাঁরা অনুরোধ করেছিলেন যাতে ১১ মার্চের আগে এক সপ্তাহ থেকে ১৪ মার্চের পরের এক সপ্তাহ হকার ও ভিক্ষুকেরা ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখেন। এ ছাড়া নগর পুলিশের ট্রাফিক বিভাগ যানজট নিরসনেও কাজ করেছিল। সেটাও অনেকটা ফলপ্রসূ হয়েছিল। সেইসঙ্গে পুরোনো ভবন, বাড়ি ও যানবাহন রং করার কাজও অনেকটা সম্পন্ন হয়েছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পরও সৌন্দর্যবর্ধনের অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এর মধ্যে নগরের কাজীর দেউড়ি ও প্রবর্তক মোড়ে ফোয়ারা নির্মাণের কাজ শেষ হয়নি এখনো। কিন্তু যেসব কাজ হয়েছে সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে বিশ্বকাপ ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা বিশ্বকাপকে নিয়ে স্বল্প সময়ের জন্য বদলে যাওয়ার কথা ভেবেছি। যেমন কিছুদিনের জন্য ভিক্ষুক ও হকারমুক্ত থাকব, সৌন্দর্যবর্ধন করব। কিন্তু এটাকে স্থায়ী রূপ দেওয়া প্রয়োজন। এ ধরনের বড় আসর অন্যান্য দেশের জীবনযাত্রায় স্থায়ী পরিবর্তন এনে দেয়। তাই আমাদেরও এ দিকটি ভেবে দেখা দরকার। যদি ১৫ দিনের জন্য আমরা পরিবর্তন আনতে পারি তাহলে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী পরিবর্তন কেন সম্ভব নয়?’