আমার পুরোনো অভ্যাস একসঙ্গে অনেক বই পড়া। কোনো কোনোটা শেষ করতে এক বছর বা তার চেয়েও বেশি সময় লেগে যায়। কোনোটা হয়তো তিন দিন। কোনো কোনোটা হয়তো শেষ করাই হয় না। গত কয়েক সপ্তাহ খুব মন দিয়ে পড়ছি হিউ টিংকারের লেখা সি এফ এন্ড্রুজের জীবনী দি অরডিল অব লাভ (অক্সফোর্ড ইউ প্রেস, নিউইয়র্ক, ১৯৭৯)। ভারতপ্রেমিক ও রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সখা এন্ড্রুজ পাদ্রি হয়ে ভারতে এসেছিলেন, দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে যোগ দিয়েছিলেন শিক্ষক হিসেবে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। শুধু ভারত কেন, দক্ষিণ আফ্রিকার কালো মানুষের সংগ্রামের পক্ষেও তিনি উঠে দাঁড়িয়েছিলেন। এই বই শুধু ‘দীনবন্ধু’ এন্ড্রুজের গল্প নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামেরও গল্প। পাশাপাশি যে গল্পটি আমি অনুসরণ করছি, তা হলো রবীন্দ্রনাথ ও তাঁর গীতাঞ্জলি অনুবাদ নিয়ে বিতর্ক। একসময় কোনো কোনো মহল থেকে বলা হতো, যে ইংরেজি গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার আসল কৃতিত্ব এন্ড্রুজের। কথাটা মিথ্যা, এ বইয়ে বেশ স্পষ্ট বলা আছে। এন্ড্রুজের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম দেখা লন্ডনে, ইংরেজ চিত্রকর রোটেনস্টাইনের বাড়িতে। সেখানে এন্ড্রুজ এসেছিলেন ইয়েটসের কণ্ঠে গীতাঞ্জলির কবিতাপাঠ শুনতে। অন্য আর যে বইটি খুব আগ্রহের সঙ্গে এবং খুব দ্রুততার সঙ্গে পড়ছি, তা হলো তলস্তয়ের আন্না কারেনিনা। অনেকেই বলেন, তলস্তয় রাশিয়ার সেরা লেখক, আর এ উপন্যাসই তাঁর সেরা কাজ। ভ্লাদিমির নাবোকফও সে কথাই লিখেছেন তাঁর লেকচারস অন রাশিয়ান লিটারেচার গ্রন্থে। ছাপার কাগজে এ বই রীতিমতো পাঁচ ইঞ্চি থান ইট। ছাত্রাবস্থায় কুইনাইন গেলার মতো একবার পড়েছি, তাও লাফিয়ে লাফিয়ে। কিন্তু এখন পড়ছি রয়েসয়ে, ঠান্ডা মেজাজে। কাজের ফাঁকে ফাঁকে, দুপুরে লাঞ্চ খেতে খেতে, সকাল-বিকেল সাবওয়েতে ঝুলতে ঝুলতে। না, ওই থান ইট হাতে নিয়ে নয়। কিন্ডল নামের যে নতুন ই-বুক (অর্থাৎ ইলেকট্রনিক বুক রিডার) বেরিয়েছে, তার একটি এখন আমার সার্বক্ষণিক সঙ্গী। আকারে যেকোনো পেপারব্যাক বইয়ের মতো, মোটে আট x পাঁচ ইঞ্চি, ওজনে ১০ আউন্স। যেখানে খুশি নিয়ে যাও, যেমন খুশি পড়ো। ওয়্যারলেস টেকনোলজির বদৌলতে নিমেষে বই বা পত্রিকা ডাউনলোড করা যায়। সে বই আর্কাইভ করে রাখুন, তারপর নিজের খুশিমতো পড়ুন। একটা-দুটো নয়, দেড় হাজার বই ‘সেভ’ করে রাখা যায় এই কিন্ডলে। বলা যায়, আস্ত একখানা লাইব্রেরি হাতে নিয়ে ঘুরছি। ই-বইয়ের দাম কম, ডাক মারফত আনা-নেওয়ার ঝামেলাও নেই। অর্ডার করার কয়েক সেকেন্ডের মধ্যেই তা আপনার বুক রিডারে এসে হাজির হবে। সত্যি বলতে কি, এই ই-বুক মানুষের বই পড়ার আনন্দ হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আমাজন ডটকমের সৌজন্যে পুরোনো অনেক বই-ই কিন্ডলে বিনা পয়সায় পাওয়া যায়। আন্না কারেনিনাও আমি ওই বিনা পয়সার তালিকা দেখেই অর্ডার করেছিলাম। ভেবেছিলাম, থাকুক, সময়-সুযোগ পেলে পড়ব। কিন্তু একবার শুরু করতে গিয়ে আর তা নামাতে পারছি না। বাহ্যত এ উপন্যাস উনিশ শতকের রাশিয়া ও তার বিত্তবান নাগরিকদের সাতকাহন। অনেকটা কড়ি দিয়ে কিনলাম বা সাহেব বিবি গোলাম-এর মতো। কিন্তু এই বাহ্য খোলস ছেড়ে ভেতরে ঢুকতে পারলে দেখা যায়, গভীর বেদনাময় ও শূন্য যে জীবনের গল্প তলস্তয় বলেছেন, তার কেন্দ্রে রয়েছে এক নৈতিক দ্বন্দ্ব, ব্যক্তিগত হয়েও যে দ্বন্দ্ব আসলে সমাজের। প্রেম ও প্রেমহীনতা, পাওয়া ও না পাওয়া—এই দুয়ের লড়াই, তা সর্বকালীন। দুই দম্পতির সমান্তরাল কাহিনির কাঠামো ব্যবহার করে তলস্তয় এ উপন্যাসে ভালো-মন্দ, ঠিক-বেঠিক, নৈতিক-অনৈতিক প্রশ্নে নিজের সঙ্গে যেন এক বোঝাপড়ায় নেমেছেন। প্রেমের খাতিরে আন্না তার স্বামী ত্যাগ করে, সংসার ত্যাগ করে, এমনকি পুত্রকে ছেড়ে আসে। এই আন্না, সে কি অনৈতিক, ভ্রষ্ঠা, পাপী? এক অর্থে এ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’। কারণ আত্মহননের ভেতর দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হয় আন্নাকে। কিন্তু এ বইয়ের প্রতিটি ছত্রে আমরা পাই এক একাকী ও দুঃখী রমণীর প্রতি শিল্পী তলস্তয়ের অন্তহীন ভালোবাসা ও সহমর্মিতা। নাবোকফ বলেছিলেন, এ উপন্যাসে তলস্তয়ের লক্ষ্য শুধু দৈনন্দিন সত্য (প্রাভদা, এই অর্থে) উদ্ধার নয়, তাঁর লক্ষ্য চিরন্তন সত্য (ইস্তিনা, এই অর্থে)। তলস্তয়ের কাছে তা-ই চিরন্তন সত্য, যা নৈতিক। আমরা জানি, এই রুশ লেখক এক ধরনের সনাতনপন্থী খ্রিষ্টীয় মরমিয়াবাদে বিশ্বাস করতেন। সেই মরমিয়াবাদে যিশু আছেন, কিন্তু উপাসনালয় নেই, পাপ-পুণ্য আছে, কিন্তু পুরোহিতের উদ্যত তর্জনী নেই। ব্যক্তিগত ঈশ্বরের মুখোমুখি হয়ে প্রতিটি মানুষকে নিজের পাপ-পুণ্যের জবাবদিহি করতে হয়। ভুল বললাম, জবাবদিহি নয়, যার যার দায়িত্ববোধের স্বীকৃতি। ফলে আন্না কারেনিনার যে নৈতিক দ্বন্দ্ব, তাতে পাপ ও পুণ্য মুখ্য নয়, মুখ্য তাঁর নিজের কাজের জন্য ব্যক্তিগত দায়িত্ববোধের স্বীকৃতি। এ কথা ঠিক, এ উপন্যাস যখন প্রথম বের হয়, চারদিক থেকে তলস্তয়কে ছি ছি শুনতে হয়েছিল। অথচ আন্না ও ভ্রনস্কির যে গল্প, তাতে চমকানোর কিছুই নেই। শেক্সপিয়ারের অধিকাংশ গল্পই তো প্রেম, পতন ও পুনরুদ্ধারের কাহিনি। সেই পুরোনো গল্পকেই তলস্তয় এক সর্বকালের নৈতিক দ্বন্দ্বের প্রতিভাস হিসেবে স্থাপন করেছেন। যেকোনো বড় শিল্পী আসলে ঈশ্বরের মতো, তিনি কোথাও নেই, অথচ সর্বত্র আছেন। সে কথা মনে করিয়ে দিয়ে নাবোকফ আন্না কারেনিনার লেখককে কার্যত ঈশ্বরের সঙ্গেই তুলনা করেছিলেন। এই দীর্ঘ উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মনের জগতের সঙ্গে আমাদের এমন ঘনিষ্ঠভাবে পরিচয় করিয়ে দেন তলস্তয় যে মনে হয় তাদের আমরা চিনি, তারা আমাদের নিকট প্রতিবেশী। এ বই পড়তে পড়তে একসময় কীভাবে আমরাও যেন তাদের জীবন ও সংকটের অংশ হয়ে পড়ি। এ উপন্যাসে এক জায়গা আছে, যেখানে স্বামীকে ছেড়ে আসা আন্না তার একমাত্র পুত্র সেরিওজাকে দেখতে ব্যাকুল হয়ে ওঠে। সেরিওজাও মনেপ্রাণে চাইছে আগামীকাল তার জন্মদিনে মা যেন এক মুহূর্তের জন্য হলেও তাকে দেখতে আসেন। আমি যখন এই দৃশ্যগুলোর ভেতর দিয়ে চলেছি, মনেপ্রাণে প্রার্থনা করেছি, প্লিজ, এদের দুজনের যেন দেখা হয়। একবার, এক মুহূর্তের জন্য হলেও। কী হয়, তা জানার জন্য লাফিয়ে কয়েক পাতা পর সে খোঁজ নিতে একবার চুরি করে পড়েও নিয়েছি।কিন্ডলে বই পড়ার সুবিধা হলো, সে বইয়ের কত দূর আপনি এগিয়েছেন, শতাংশের হিসাবে আপনাকে তা জানিয়ে দেবে। আমি এই মুহূর্তে ৬৯ শতাংশ পড়ে শেষ করেছি। আগে কখনো সকালে সাবওয়ে করে অফিস যাওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করিনি। এখন করি, কারণ আন্নার গল্পটি আমি শেষ করতে চাই।২৯ জুলাই, ২০১০, নিউইয়র্ক