আবার আফ্রিকামুখী ভারত
গত শতকের আশির দশকে আফ্রিকা মহাদেশে উন্নয়ন তহবিলের একমাত্র অবলম্বন ছিল আইএমএফ ও বিশ্বব্যাংক। তবে মহাদেশটিতে সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে তেলসহ নিত্যনতুন খনিজ সম্পদের ভান্ডার। দুই উঠতি অর্থনৈতিক শক্তি ভারত ও চীন তাদের নজর সেদিকে নিবদ্ধ করেছে। ফলে আফ্রিকায় বিনিয়োগের জন্য তহবিলের নতুন উৎস হয়ে উঠছে এশিয়ার দ্রুত বর্ধিষ্ণু এ দুই বৃহৎ দেশ।প্রাকৃতিকভাবে সম্পদশালী মহাদেশ আফ্রিকায় চীনের উপস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চীন সেখানে ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোসহ নানা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। আফ্রিকায় চীনের এই রমরমা দেখে সচকিত হয়ে উঠেছে ভারত। উঠতি অর্থনৈতিক পরাশক্তির তালিকায় চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত আফ্রিকায় পিছিয়ে থাকতে রাজি নয় মোটেই। আফ্রিকার দেশগুলোতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে দেশটি। আফ্রিকায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ভারত আগামী দুই বছরের মধ্যে সেখানে ১৯টি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করবে। এর মধ্যে উগান্ডায় বৈদেশিক বাণিজ্য ও বতসোয়ানায় হীরাশিল্পবিষয়ক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ভারত ও আফ্রিকার সম্পর্ক শত শত বছরের পুরোনো। বিভিন্ন সময়ে ভারতীয়রা আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডা, কেনিয়া ও তাঞ্জানিয়ায় বসতি স্থাপন করেছে। এ ছাড়া গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে আফ্রিকার স্বাধীনতাকামী দেশগুলোর সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশ্য পরবর্তীকালে সম্পর্কের মাত্রাটা কমে গেছে। দীর্ঘদিনের এ সম্পর্কের পরও অবশ্য ভারতের সঙ্গে আফ্রিকার দেশগুলোর একটি শীর্ষ বৈঠক হতে অপেক্ষা করতে হয়েছে ২০০৮ সাল পর্যন্ত। সে বছর ৮-৯ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতেই প্রশিক্ষণকেন্দ্রগুলো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ভারত ও আফ্রিকার পরবর্তী শীর্ষ সম্মেলন আগামী বছর পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। গত দুই বছরে ওই সব দেশের রাষ্ট্রপ্রধানেরা ভারত সফরে এসেছেন। চলতি বছরের মার্চ মাসে ভারত ও আফ্রিকান ইউনিয়ন (এইউ) একটি যৌথ কর্মপরিকল্পনা চালুর উদ্যোগ নেয়। প্রশিক্ষণকেন্দ্রগুলো স্থাপনের উদ্যোগ ওই কর্মপরিকল্পনারই অংশ। এ ছাড়া গত মার্চে ভারত ও এইউয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও লেনদেন বৃদ্ধির লক্ষ্যে আগামী চার বছরের জন্য বিশদ কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক বাণিজ্য, শিক্ষা, কুটিরশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আফ্রিকার দেশগুলোতে প্রশিক্ষণ দেবে ভারত। সে দেশের কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ দিয়ে আফ্রিকার কর্মীদের দক্ষ ও শিক্ষিত করে তোলা হবে। এভাবে ভারত বদলে দিতে পারে আফ্রিকাকে। ভারত চীনের মতো খনিজ সম্পদ আহরণ ও অবকাঠামোগত প্রকল্পে না গিয়ে মানবসম্পদ উন্নয়নে কাজ করবে। এ ছাড়া ভারতের অর্থায়নে প্রতিষ্ঠিত প্যান-আফ্রিকা ই-নেটওয়ার্ক আফ্রিকার মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসাবিষয়ক টেলিসেবা চালুর একটি প্রকল্পে সহযোগিতা করবে। সম্প্রতি এ প্রকল্পটিকে সৃজনশীল উদ্ভাবনের জন্য ইউরোপের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে।আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ চার হাজার কোটি ডলার। ভারতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো আফ্রিকার দেশগুলোতে বিনিয়োগ করছে। চীনের মতো ভারতেরও ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটানোর জন্য আফ্রিকাকে দরকার। তবে মহাদেশটির সঙ্গে ভারতের লেনদেন বাড়ানোর এটাই একমাত্র কারণ নয়। জাতিসংঘের সংস্কার এবং নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য আফ্রিকার দেশগুলোর সমর্থন ভারতের জন্য খুবই জরুরি।ভাষান্তর: আবুল হোসেন