আবার আলোচনায় লাদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর ওসামা বিন লাদেন আবার সংবাদ শিরোনাম হয়েছেন। সর্বসাম্প্রতিক এক অডিও বার্তায় লাদেন ডেট্রয়েটের আকাশে একটি মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টার দায় স্বীকার করেছেন। গত ২৫ ডিসেম্বর নাইজেরিয়ার নাগরিক উমর ফারুক আবদুল মুত্তালাব বিমানটি ধ্বংসের চেষ্টা চালান। আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত ওই অডিও বার্তায় লাদেন যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়ে বলেন, ‘গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বর্বরতায় যুক্তরাষ্ট্রের সমর্থন যতদিন থাকবে, মার্কিনিদের বিরুদ্ধে এ ধরনের হামলা ততদিন অব্যাহত থাকবে।’বরাবরের মতোই যুক্তরাষ্ট্র বলেছে, তারা এখনো ওই অডিও বার্তার যথার্থতা যাচাই করতে পারেনি। এই অডিওর কণ্ঠের সঙ্গে লাদেনের মূল কণ্ঠ মিলিয়ে দেখা হবে। তবে হোয়াইট হাউস লাদেনের সমালোচনা করে তাঁকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেছে।এখন প্রশ্ন হলো, লাদেন কেন এই অডিও বার্তা প্রকাশে প্রায় এক মাস সময় নিলেন। এর মাধ্যমে কি লাদেন বোঝাতে চাচ্ছেন, তিনি এখনো জীবিত ও সক্রিয় আছেন এবং অনেক কিছুই তাঁর নিয়ন্ত্রণে রয়েছে? ওসামা বিন লাদেন আছেন কোথায়? কেন তিনি বা তাঁর কাল্পনিক অবয়ব সর্বদা মার্কিনিদের তাড়া করছে? এগুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ও ইলেকট্রনিক গোয়েন্দার কার্যকারিতা বিশ্বব্যাপী বিস্তৃত। তাই এটা বিশ্বাস করা কষ্টকর, এমন অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র লাদেনের বর্তমান অবস্থা (জীবিত না মৃত) এবং ঠিকানা জানে না।২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন অভিযানে কাবুল থেকে তালেবান বিতাড়িত হওয়ার পর বিশ্ববাসী জানত, লাদেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী তোরাবোরা পার্বত্য এলাকায় লুকিয়ে আছেন। বি-৫২ বোমারু বিমান দিয়ে প্রচণ্ড শক্তিশালী বোমা তোরাবোরায় ছোড়া হয়েছে। তারপরও কি লাদেন বেঁচে আছেন? ধ্বংস ক্ষমতা বিবেচনায় বি-৫২ বিমান থেকে ছোড়া বোমা ও ক্ষেপণাস্ত্র কয়েক কিলোটনের পরমাণু অস্ত্রের সমতুল্য। ভয়াবহ সেই বোমা হামলার পর তোরাবোরা এখন মৃত্যু ও ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তোরাবোরা অভিযানের পর লাদেনকে নিয়ে দুশ্চিন্তা কমে যায়। জর্জ ডব্লিউ বুশের দ্বিতীয় মেয়াদের শাসনকালে যুক্তরাষ্ট্র লাদেনের কথা প্রায় ভুলেই যায়। লাদেনের ব্যাপারে মার্কিনিদের বদ্ধমূল ধারণা পাল্টে যেতে শুরু করে। তখন যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখার অঙ্গীকার সংবলিত দু-একটি অডিও বা ভিডিও বার্তা ছাড়া সংবাদ প্রতিবেদনে লাদেন খুব কমই স্থান পেতেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রাণহানির পর সরকার যখন দেশের অভ্যন্তরে চাপের মুখে পড়ত, তখন ওই টেপ প্রকাশ হতো। বিশ্বের অন্যান্য গণমাধ্যমের চেয়ে আল-জাজিরায় লাদেনের টেপ বেশি প্রচারিত হতো।লাদেনের আগের কয়েকটি ভিডিও টেপের যথার্থতার ব্যাপারে বিতর্ক ছিল গঁত্বাধা। বয়স বাড়া সত্ত্বেও লাদেনকে কেন তরুণ মনে হয়? তাঁর মুখমণ্ডলের বলিরেখাগুলো আগের ভিডিওর চেয়ে ভিন্ন দেখা যায়, তাঁর চোখের নিচের কালো দাগ আকস্মিক বিলীন হয়ে গেছে ইত্যাদি। এ পরিপ্রেক্ষিতে প্রশ্নে ওঠে, এসব টেপ কি বৃহত্তর কোনো পরিকল্পনা বাস্তবায়নে লাদেন বিষয়টি জিইয়ে রাখতে মার্কিনিদের কৌশলগত প্রতারণা-পরিকল্পনার অংশ?লাদেন কি পাকিস্তানে? পশ্চিমা গোয়েন্দা বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা এখনো বলছেন, লাদেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী পার্বত্য এলাকার কোথাও লুকিয়ে আছেন। পাকিস্তান বারবার পশ্চিমাদের দাবি নাকচ করে বলছে, লাদেন পাকিস্তানে নেই। তাঁরা এমনও ইঙ্গিত দিচ্ছেন, লাদেন হয়তো বেঁচে নেই। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকার তথ্যদাতা ও পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে তথ্যবিনিময়, সমন্বয়সহ বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনো পাকিস্তানে লাদেনের অবস্থান চিহ্নিত করতে পারেনি। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি এলাকা বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হেলিকপ্টারের সাহায্যে বহু হামলা চালিয়েও লাদেন অথবা তাঁর প্রধান সহযোগী আয়মান আল-জাওয়াহিরিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে বা তাঁদের অবস্থান চিহ্নিত করতে পারেনি যুক্তরাষ্ট্র।তাহলে লাদেন রহস্যটা কী, তিনি কি বেঁচে আছেন এবং সুস্থ আছেন? তিনি কি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় আত্মগোপন করে আছেন, না কি আফগানিস্তানের উত্তরাঞ্চলের দুর্গম কোনো এলাকায় অবস্থান করছেন? তিনি কি সোমালিয়া অথবা ইয়েমেনের মতো দূরবর্তী কোনো দেশে চলে গেছেন? আসলেই কি লাদেন এত কৌশলী যে, এতগুলো বছর সফলভাবে মার্কিন গোয়েন্দাদের নজর এড়াতে পারেন। না কি লাদেন মার্কিনিদের ‘সুবিধার’ মানুষ, যাকে পরিস্থিতির প্রয়োজনে কাজে লাগানো যায়?আল-কায়েদা কি কাল্পনিক না বাস্তবতা? কেন বিশ্বের তেলসমৃদ্ধ বা তেল আনা-নেওয়ার পথের পার্শ্ববর্তী এলাকা থেকে আকস্মিক আল-কায়েদার হুমকি আসে ও তেল পরিবহনের পথ লোহিত সাগরের মুখে অবস্থিত ইয়েমেন এখন আল-কায়েদার ‘নিরাপদ আশ্রয়ে’ পরিণত হয়েছে। তেল উত্পাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের সদস্য ও বিশ্বের অন্যতম তেল উত্পাদনকারী দেশ নাইজেরিয়া আল-কায়েদার পরবর্তী ঘাঁটি? মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে নাইজেরিয়ার এক নাগরিক। তাই নাইজেরিয়াই কি হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্যবস্তু?লাদেনের খোঁজে যুক্তরাষ্ট্র আর কত বছর পার করবে তা কি কেউ অনুমান করতে পারে? তবে একটা বিষয় নিশ্চিত, মার্কিনিরা লাদেনকে বাঁচিয়ে রাখতে এবং তাঁর পিছে ছুটতে চাইবে।