আবার আসিব ফিরে
>

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের কলকাতা থেকে এসেছিল ১৯ জনের একটি দল। দলটি এসেছিল সাইকেল চালিয়ে। তারা চলতি পথে বেড়িয়েছে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জসহ নানা জায়গায়। সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছেন দলটির সদস্য সুদীপ্ত পাল
২০১২ থেকে প্রতিবছর ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধনের উদ্দেশ্যে কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা অবধি একটা সাইকেল শোভাযাত্রার আয়োজন করে পর্যটন সংস্থা ‘১০০ মাইলস’। উদ্যোগটির পোশাকি নাম ‘ভাষা সূত্র’। গত দুই বছর থেকে এই উদ্যোগে শামিল হয়েছি আমিও। অভিজ্ঞতাটা বড্ড সুন্দর। তাই বাংলাদেশ, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, পদ্মার ইলিশ, মানুষের মহামিলন—এই ভেবেই বছরটা কাটিয়েছি।
প্রতীক্ষার অবসান হয়েছিল ১৪ ফেব্রুয়ারি। সেদিনই ষষ্ঠ ভাষা সূত্রের যাত্রা শুরু। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে শুরু করে টানা সাইকেল চালিয়ে প্রথম গন্তব্য বারাসাত। আগের বছরগুলোর চেয়ে অভিযাত্রীর সংখ্যা এবার বেশি, মোট ১৯ জন। গত বছরের সর্বকনিষ্ঠ ১৩ বছর বয়সী দীপ এবারও ছিল। তার সঙ্গী হয়েছিল ৭ বছরের আরুষ, তার ছোট্ট সাইকেল নিয়ে। ছিলেন একজন ৭১ বছর বয়সী মানুষও। ৭ থেকে ৭১ বছর এবারের ভাষা সূত্রের অভিযাত্রী। দুজন নারীও ছিলেন। বারাসাতে প্রথম রাত কাটানোর ব্যবস্থা হয়েছিল।
পরদিন সকালে বারাসাত থেকে বেরিয়ে রানাঘাটের উদ্দেশে রওনা হলাম। রানাঘাটে ঢুকতে ঢুকতে সূর্য বিশ্রাম নিতে চলে গেল সেদিনের মতো। একসঙ্গে থেকে সবাই হাসি-মজার মধ্যে সন্ধ্যা কাটিয়ে রাতের খাওয়া শেষ করে পরদিনের যাত্রার প্রস্তুতি নিয়ে ঘুমোতে চলে গিয়েছিলাম।

১৬ ফেব্রুয়ারি সকালে রানাঘাট পেরিয়ে ‘শিবনিবাস উচ্চবিদ্যালয়ে’ খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামতে হলো। বিদ্যালয়ের পক্ষ থেকে সব সাইকেল অভিযাত্রীকে সম্মান জানানো হলো। এরপর আমরা গেদে সীমান্তের দিকে এগিয়ে গেলাম। বিকেল চারটা নাগাদ সীমান্তে পৌঁছানো গেল। তারপর ওখানে ইমিগ্রেশন, কাস্টমের আনুষ্ঠানিকতা সেরে সীমান্ত পেরোলাম। দর্শনায় যখন প্রবেশ করছি, তখন দূর থেকে দেখতে পাচ্ছিলাম কয়েক শ মানুষ দাঁড়িয়ে আছে আমাদের অভ্যর্থনার জন্য। শুরুতেই দর্শনার মেয়র মতিয়ার রহমান ফুল-মালা দিয়ে আমাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানালেন। পুরোনো যত চেনা মুখ আছে, সবাই এসে জড়িয়ে ধরে কুশল সংবাদ নিলেন। সত্যি, এখানে বারবার আসা এই ভালোবাসার টানেই।
১৭ ফেব্রুয়ারি আমাদের গন্তব্য দর্শনা থেকে কুষ্টিয়া, ফকির লালন শাহের মাজার হয়ে শিলাইদহ কুঠিবাড়ি। বিকেল পাঁচটা নাগাদ আমরা লালন শাহের মাজারে এসে পৌঁছালাম। মাজারটি এক অদ্ভুত জায়গা। ফকির সাহেব শেষনিদ্রায় শুয়ে আছেন পরম শান্তিতে তাঁর প্রিয়জনদের সঙ্গে। পাশে এক বিরাট প্রাঙ্গণ। সেখানে সবার অবাধ যাতায়াত। বাউল-ফকিরেরা সেখানে নিজেদের মতো গান করেন, সাধনা নিয়ে থাকেন—সবাই নিজের মতো। তাঁদের সঙ্গে আলাপ করতে করতে অনেক সময় কেটে গেল। তারপর সন্ধ্যার অন্ধকারে শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশে রওনা দিলাম। সেখানে পৌঁছাতে রাত প্রায় আটটা বেজে গেল। লজে রাত কাটিয়ে পরদিন সকালে কুঠিবাড়ি পরিদর্শন করলাম। তারপর নৌকায় করে পদ্মা পেরোনোর পালা। মধ্যে চার থেকে পাঁচ কিলোমিটার পদ্মার চরের ওপর দিয়ে সাইকেল চালিয়ে যেতে হলো। ধু ধু বালুর চর। চারদিকে জনমানব প্রায় নেই বললেই চলে। বালুর ঘনত্ব সব জায়গায় সমান নয়, তাই চাকা মাঝেমধ্যে বসে যাচ্ছিল। বেশ কিছুটা রাস্তা হাঁটতেও হলো। প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। জীবনে বহু জায়গা দেখেছি, কিন্তু এই পদ্মার চর সারা জীবনের জন্য মনে জায়গা করে নিল।
পাবনায় পৌঁছে ‘ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রে’র আশ্রম পরিদর্শন করে আসা গেল। দুপুরে খাওয়ার পর মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি দেখার পালা। পরের গন্তব্য শাহজাদপুর। আজও পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় আটটা বেজে গেল। অন্ধকারের মধ্য দিয়ে সাইকেল চালানো খুব কষ্টকর না হলেও কিছুটা বিপজ্জনক তো বটে। আমাদের প্রথম থেকেই ঠিক করা ছিল ‘যতক্ষণ আলো ততক্ষণ চলো’, মানে দিনের আলোয় আমরা সাইকেল চালাব আর অন্ধকার হলেই বিশ্রাম। কিন্তু সব সময় সেটা করা সম্ভব হয়নি। বাংলাদেশের মানুষ এত অতিথিপরায়ণ যে পথে বহুবার আমাদের থামতে হয়েছে। যাঁদের সামর্থ্য আছে, তাঁদের তো কথাই নেই কিন্তু সাধারণ মানুষও তাঁদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
শাহজাদপুরে শফিক ভাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সবাইকে নিয়ে গেলেন শাহজাদপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা আমাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন। জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার হাতে পেলাম এখানেই। বিদ্যালয়টি শতবর্ষ অতিক্রম করেছে। ১৮৯০ সালের ২০ জানুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন পরিদর্শন করতে। পরিদর্শন বইয়ে কবি নিজের হাতে শংসাপত্র লিখে গিয়েছিলেন। কবিগুরুর হাতের লেখার সেই প্রতিলিপি ল্যামিনেশন করে আমাদের সবাইকে উপহার হিসেবে দেওয়া হলো। বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিল। পরদিন সকালে শাহজাদপুরে ঠাকুর পরিবারের কাছারি বাড়ি দেখে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দিলাম।

যমুনায় প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ নৌকাযাত্রার পর অন্য পাড়ে উঠে ধোঁয়া ওঠা গরম ভাত, ইলিশ মাছের তেল আর ডিমে ভরা ইলিশ মাছ দিয়ে দুপুরের ‘সামান্য ক্ষুন্নিবৃত্তি’ সেরে ফের পথচলা শুরু। বিকেলে মানিকগঞ্জ স্টেডিয়ামে পৌঁছালে অভ্যর্থনা জানানো হলো। রাতে সেখানেই থাকা। পরদিন সকালে আমরা সাভার স্মৃতিসৌধ দেখে ঢাকার উদ্দেশে এগিয়ে গেলাম। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ পর্যটনের পক্ষ থেকে হোটেল অবকাশে থাকার ব্যবস্থা করা হয়েছিল।
পরদিন ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে ঢাকার রাস্তায় সকাল থেকে কাতারে কাতারে মানুষের মিছিল দেখে মন ভরে উঠল। কিন্তু কোনো গন্ডগোল নেই। নেই কোনো অশান্তি। চারদিক থেকে লোক দল বেঁধে শহীদবেদির দিকে এগিয়ে যাচ্ছে। হাতে ফুল, খালি পা আর মুখে গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...’।
আমরাও মন্ত্রমুগ্ধের মতো এই মহামিছিলের অংশ হয়ে গেলাম। সবাই মিলে গান গাইতে গাইতে ধীরে ধীরে পৌঁছে গেলাম শহীদবেদিতে। চারদিক থেকে লোকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁদের দেওয়া মালা বা স্তবক থেকে ফুল খুলে নিয়ে স্কুলের ছোট ছোট ছেলেমেয়ে সুন্দর শহীদবেদিকে আরও সুন্দর করে সাজাচ্ছে। ফুলের মধ্যে তাদেরও ফুলের মতোই লাগছে।
ভাষা সূত্র পরিবারের তরফ থেকে আমরাও নিজেদের মতো করে শ্রদ্ধা জানালাম ভাষাশহীদদের উদ্দেশে। আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ ভাষা সূত্র ২০১৮-এর সমাপ্তি হলো।
তবে কবির ভাষায়, ‘শেষ হয়েও হইল না শেষ’, অপেক্ষায় আরও একটি বছর...আবার আসব...
‘রূপসা যদি ডাকে আমায় না এসে কি পারি!
রক্তে আমার কাঁপন ধরায় একুশে ফেব্রুয়ারি।’