আবার আসিব ফিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঙলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা বলা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না, মা। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না।’ পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে আসে—একাত্তরে মাকে লেখা এক মুক্তিযোদ্ধার চিঠি। এমন সব চিঠি দিয়ে গ্রথিত হয়েছে এ বইটি ‘একাত্তরের চিঠি’। বইটি কর্মস্থলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপঢৌকন হিসেবে পেয়েছিলাম। ঘরমুখী হওয়ার সময় পড়ছিলাম। অঝোরে বৃষ্টি হচ্ছিল সেদিন। সবকিছু কেন যেন মাত্রাতিরিক্ত ঝাপসা হয়ে আসছিল। এই পথের দুই ধারের খেত, জলাশয়, খাল, নদী, ঘরবাড়ি, সংগ্রামী দুখী মানুষ ওদের প্রতিনিয়তই দেখেছি আর কত কী ভেবেছি। ভেবেছি টেলেমেকাস হয়ে আসব একদিন ওদের দুয়ারে। আজ আর ওদের ভালো দেখতে পেলাম না। সপ্তাহান্তেই ছাড়তে হবে প্রিয় স্বদেশ। জীবনের প্রয়োজনে, সময়ের ডাকে সাড়া দিয়ে। বিদায়ের দিন যতই ঘনিয়ে আসছিল ততই যেন থেকে থেকে মন বাঁধা পড়ছিল কত কিছুর সঙ্গে। ক্ষণে ক্ষণে মন হু হু করে ওঠে। বিশ্ববিদ্যালয় জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে কেনা আমার প্রিয় বইগুলোতে আর নিয়মিত হাত পড়বে না, কবিতার খাতায় যোগ হবে না নতুন কবিতা, ঘরের কোণে পড়ে থাকবে কত প্রহর জড়ানো এই গিটার। সপ্তাহ ঘুরে স্রেফ ভালোবাসার টানে ছুটে যাওয়া হবে না বিশ্বসাহিত্য কেন্দ্রের গাড়িতে। পারব না হতে হাজির চেরাগী পাহাড়ের মোড়ের সেই নিয়মিত আড্ডায়। সেদিন আমার জন্মদিন। এমন দিনেই বিদায়। আব্বার কোরআন পাঠের ধ্বনিতে যেন ঘরময় নিশ্চলতা। মায়ের চোখে এত অশ্রু দেখিনি কখনো, দেখিনি প্রিয় বন্ধুর শিশুর মতো এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। এতসব কান্নার রোল জগদ্দলের মতো ভারী করে তোলে মন। সঙ্গে নিলাম আটপৌরে স্বপ্ন, বাহান্নর বর্ণমালা, স্বাধীন পরিচয়ের অহংকার আর স্বদেশ প্রত্যাবর্তনের দৃঢ় প্রত্যয়। বিদায়ের দিন বারবার মনে পড়ছিল একাত্তরের চিঠিগুলোর ভাষা। কি দুরন্ত সাহস, সীমাহীন ভালোবাসা আর চেতনা নিয়ে ওরা নিশ্চিত মৃত্যুর পথে দিয়েছিল পা! কত যুবক দিল অকুণ্ঠ প্রাণ। কতই বা হবে তাদের বয়স? মনে পড়ে মা বলত, বাড়ি থেকে পালিয়ে যাওয়া আমার সেজ মামাকে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কারণ, তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এ শিশু-কিশোরগুলোর চেতনার কাছে নিজেকে খুব ছোট মনে হয়।দেখতে দেখতে কেটে গেছে বিদেশে দুই বছর। শত ব্যস্ততার মাঝেও জন্ম নিয়েছে একটি নতুন কবিতার খাতা। ডেনভারের গান ছাপিয়ে আজ এমন বিরলে গিটারে ভাঙা স্বরলিপিতে বেজে ওঠে লোকগীতি আর রবীন্দ্রসংগীত। কফির পেয়ালা হাতে জানালায় বসে দেখি হাজার হাজার ফুট উঁচুতে উড়ে যায় বিমান, আমি স্বপ্ন দেখি। পাট চুকিয়ে ফিরব আমি ভাটির দেশে—পদ্মা, মেঘনা, যমুনার দেশে। আমরা ফিরব পতাকা হাতে। রউফুল আলমস্টকহোম, সুইডেন