(কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, তিনি আবার ধানসিঁড়িটির তীরে ফিরে আসবেন। কবি এসেছেন কি না, কেউ জানে না। আমরা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে ঠিকই ফিরে এসেছি ঢাকায়।)

আবার আসিয়াছি ফিরে বুড়িগঙ্গাটির তীরে—এই ঢাকায়
হয়তো মানুষ নয়—হয়তো বা রোবটের বেশে
ট্রেন-বাসে গাদাগাদি করে এই কার্বন ডাই-অক্সাইডের দেশে,
ফিটনেসবিহীন লঞ্চে ভেসে আসিয়াছি বিলবোর্ডের ছায়ায়
হয়তো মলম পার্টির শিকার হব, ব্যাগ-জামা-জুতা হারিয়ে হাঁটিব খালি পায়
সারা দিন কেটে যাবে বৃষ্টিতে একাকার ড্রেনের দুর্গন্ধ ভরা জলে ভেসে ভেসে
আবার আসিয়াছি আমি জ্যাম, ডাস্টবিন, অট্টালিকা, ফরমালিন ভালোবেসে।
বালি ফেলে বেদখল হয়ে যাওয়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্যার এ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিব চেয়ে ধুলাবালি ধোঁয়া উড়িতেছে সকাল-সন্ধ্যা বাতাসে
হয়তো শুনিব গলা ফাটিয়ে হেলপার ডাকিতেছে লোকাল বাসে ঝুলে
হয়তো মরা মুরগি রাঁধিতেছে বাবুর্চি—এক দোকানের চুলায়
ওয়াসার ঘোলা জলে, হয়তো জন্ডিস-টাইফয়েডের জীবাণুর পালে
সবুজ শেওলা—ময়লা পাইপ বেয়ে সাঁতরায়ে আসিতেছে নীড়ে
দেখিবে বাস কাউন্টারে দীর্ঘ লাইন; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।