আবার ইরান সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদ্দামের ইরাক আর গাদ্দাফির লিবিয়া এখন ইতিহাস। ইসলামি বিশ্বে পাশ্চাত্যের বিরুদ্ধে তর্জনি নাচিয়ে কথা বলার মতো—তা যৌক্তিক-অযৌক্তিক যা-ই হোক, এখন শুধু একটি দেশই আছে। সেটি হচ্ছে ইরান। তেলসমৃদ্ধ দেশটি কেবল অর্থনৈতিক দিক দিয়েই সবল নয়, শত্রুকে পাল্টা জবাব দেওয়ার মতো ক্ষমতাও তাদের আছে। ইরানি সেনাবাহিনী বেশ শক্তিশালী। দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তারা চালিয়েছে। তাদের পরমাণুবিষয়ক গবেষণার অগ্রগতি অস্ত্র নির্মাণ থেকে খুব দূরে নয় বলেই আন্তর্জাতিক আণরিক শক্তি সংস্থার (আইএইএ) অতি সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে।কিন্তু আপাতদৃষ্টিতে ইরানি শৌর্যের অন্যতম উৎস এই পরমাণু কর্মসূচিই দেশটির বিপদ ডেকে আনতে পারে। পাশ্চাত্যের অনুরোধ-উপরোধ-প্রচ্ছন্ন হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে অনেক দিন ধরেই নানা মাত্রার পশ্চিমী নিষেধাজ্ঞার যাঁতাকলে পিষ্ট ইরান। দেশটির দাবি, ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, এই কর্মসূচির নামে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। বক্তব্যের সমর্থনে স্যাটেলাইট চিত্রসহ গোয়েন্দা তথ্যও মাঝেমধ্যে দেখানো হয়। নিষেধাজ্ঞার সাঁড়াশি চাপেও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে হটাতে পারছে না পরমাণু কর্মসূচি থেকে। এতে যুক্তরাষ্ট্রের ভাষায় তিন ‘অশুভ আর গোঁয়ার’ রাষ্ট্রের অন্যতম ইরান পাশ্চাত্যের বড় ধরনের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ইরানের ওপর হামলা চালানোর কথাও তাদের বিবেচনায় রয়েছে। উত্তেজনার ধিকিধিকি আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক দুটি ঘটনা। একটি হচ্ছে দূতাবাসে হামলা নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি, অন্যটি ইরানের মার্কিন মানববিহীন গোয়েন্দা বিমান (ড্রোন) ভূপাতিত করা।সম্প্রতি আইএইএ প্রতিবেদনে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে আভাস দিলে তা পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে। ধৈর্যচ্যুতি ঘটে যুক্তরাজ্যের। তারা গত সপ্তাহে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়। এতে ইরান চরম ক্ষুব্ধ হয়। ২১ নভেম্বর ইরানি পার্লামেন্ট ভোটাভুটি করে যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক পর্যায় থেকে অবনমনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী তেহরান থেকে ব্রিটিশ রাষ্ট্রদূত ডমিনিক চিলকটকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।তেহরানে সুউচ্চ প্রাচীরবেষ্টিত ব্রিটিশ দূতাবাসকে ঘিরে অনেক দিন ধরেই ইরানিদের মনে সন্দেহ ছিল। তাদের ধারণা, এই দূতাবাস থেকেই ‘সব ইরানবিরোধী ষড়যন্ত্রের’ উৎপত্তি। যুক্তরাজ্যের সাম্প্রতিক কঠোর পদক্ষেপ এই সন্দেহের আগুন উসকে দেয়। এর জের ধরে ২৭ নভেম্বর তেহরানে ছাত্র-জনতা বিক্ষোভের একপর্যায়ে ব্রিটিশ দূতাবাসে হামলা চালায়। এর জের ধরেই পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার। যুক্তরাজ্যের সঙ্গে ইরানের সম্পর্ক এখন এমন পর্যায়ে যে তা পুরোপুরি চুকেও যায়নি, আবার খুব বাদও নেই। যুক্তরাজ্য ইরান থেকে তার কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার পর একই কাজ করেছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও নেদারল্যান্ড। সব মিলিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের চরম অবনতি ঘটেছে।গত রোববার বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়, তারা একটি মার্কিন মানববিহীন (ড্রোন) বিমান ভূপাতিত করেছে। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, ড্রোনটি ইরানের ওপর অবৈধ নজরদারি করছিল। যুক্তরাষ্ট্র খবরের সত্যতা সরাসরি নাকচ না করে বলেছে, আফগান-ইরান সীমান্তে তাদের একটি ড্রোন হারিয়ে গেছে। তবে কারণ হিসেবে শুধু বলা হয়, নিয়ন্ত্রক পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কথা।ইরানের সঙ্গে এখন ঝামেলা বেধেছে যুক্তরাজ্যের। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাকযুদ্ধ প্রায় নৈমিত্তিক ব্যাপার। সেই ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের চক্ষুশূল। ১৯৭৯ সালের ১৬ জানুয়ারি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে ইরানের শাহ যখন দেশ ত্যাগে বাধ্য হন, তখন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল যুক্তরাষ্ট্র। একই বছর ৪ নভেম্বর ইরানি ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাসের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চরম আকার ধারণ করে। ছাত্রদের প্রথম দাবি ছিল বিচারের জন্য যুক্তরাষ্ট্র থেকে শাহকে ফেরত পাঠানো। পরে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক না গলানোর’ বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার দাবি করে। দীর্ঘ দেনদরবারের পর ১৯৮১ সালের ২০ জানুয়ারি সব মার্কিন জিম্মিকে ছেড়ে দেয় ইরানি কর্তৃপক্ষ।এরপর গোটা দশকজুড়েই যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক টানাপোড়েন চলে। ১৯৯৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে ইরানের ওপর তেল ও বাণিজ্যবিষয়ক নিষেধাজ্ঞা আরোপ করেন। পরের বছর এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়।২০০২ সালের ২৯ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে বলেন, ইরান, ইরাক ও উত্তর কোরিয়া মিলে তৈরি হয়েছে ‘অশুভ অক্ষ’। একই বছর সেপ্টেম্বরে রাশিয়ার প্রযুক্তিতে ইরানের বুশেহের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ শুরু হলে তা নিয়ে প্রবল আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে তারা অভিযোগ তোলে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ইরান তখনও এ অভিযোগ নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্রের বক্তব্য, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের অটল অবস্থান তাকে ও মিত্রদের কৌশলগত হুমকির মধ্যে ফেলেছে। এ কারণে ইরানকে কাবু করতে নিষেধাজ্ঞা কঠোরে তৎপর যুক্তরাষ্ট্র। এতে অবশ্য হিতে বিপরীত হতে পারে। বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক ইরানের ওপর পাশ্চাত্য নিষেধাজ্ঞা কঠোর করায় এর মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। চীন, রাশিয়া, তুরস্ক, ব্রাজিল ও ভারত সম্প্রতি একযোগে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা উপকারের চেয়ে বরং ক্ষতিই করবে বেশি। এই পরিস্থিতিতে জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা সফল না-ও হতে পারে। সে ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে গেলে যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মিলে নিতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইরানকে থামাতে সামরিক ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছেন। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণে এই ইঙ্গিত পাওয়া যায়। নেতানিয়াহু ওই দিন বলেন, কারও সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবেন না তাঁরা। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্রা সাবধান করে দিয়ে বলেছেন, ইরানে হামলা চালালে সবচেয়ে বেশি যা হবে তা হচ্ছে, তাদের পরমাণু কর্মসূচি দু-এক বছর পিছিয়ে দেওয়া যাবে। এর বেশি কিছু নয়। গত বছর সাবেক মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটসও এ কথা বলে সতর্ক করে দেন যে ইরানে হামলা চালালে তারা আত্মপ্রত্যয় ও জেদের বশে সামনের দিকে এগিয়ে যাবে। তখন পারমাণবিক বোমা বানানোর বিষয়টি হয়তো আর চেপেও রাখবে না তারা।