আবার উজান গাঙের নাইয়া

চিকিৎসক নাঈম ও তাঁর সহকারী আনিকার পদায়ন হয় সমুদ্র উপকূলীয় অঞ্চলের একটি স্বাস্থ্য ক্লিনিকে। এখানকার মানুষের জীবিকা মাছ ধরা। কুসংস্কারাচ্ছন্ন এই জনপদের মানুষ হাসপাতালমুখী নয়। অসুক-বিসুখে বৈদ্য, কবিরাজ ও গ্রামের হাতুড়ে ডাক্তারই তাদের ভরসা। আর গর্ভবতী মহিলা হলে তো কথাই নেই, তার উপর নেমে আসে নানা নিষেধাজ্ঞা। ঘর থেকে বের হওয়া যাবে না, এটা করা যাবে না...। এমনকি ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে ঘরেই সত্মান প্রসব করা হয়। ফলে ঝুঁকিতে পড়ে মা ও নবজাতক। এসবের বিরুদ্ধে পরিবর্তনের আওয়াজ তোলেন নাঈম ও আনিকা। ধীরে ধীরে বদলাতে থাকে পরিবেশ। মানুষগুলো বুঝতে পারে তাদের ভুল।
এই কাহিনি উজান গাঙের নাইয়া নাটকের দ্বিতীয় অংশের। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ১০ পর্বের ধারাবাহিক নাটকটি চলতি মাসের শেষ সপ্তাহে প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এর আগে বিটিভিতে প্রচারিত হয়েছিল উজান গাঙের নাইয়া নাটকের ১৬ পর্বের প্রথম অংশ।
নাটকের রচয়িতা রফিকুল ইসলাম ও শুভাশীষ সিনহা বলেন, কক্সবাজারের সমুদ্র উপকূলীয় এলাকার ঘটনা নিয়ে নাটকটির গল্প তৈরি হয়। জেলেপল্লির স্বাস্থ্য, জেলেদের সংগ্রামীজীবন, লোভ, ষড়যন্ত্র, ভালোবাসা, প্রত্যাশা, বন্ধুত্ব—সব মিলিয়ে নান্দনিক গল্পের পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে এ নাটকে।
এতে অভিনয় করছেন চম্পা, রিয়াজ, তারিক আনাম, লুৎফুর রহমান, আফরোজা বানু, ফারহানা মিলি, অর্চিতা স্পর্শিয়া, নন্দিনী শিমু, জেবুন্নেসাসহ ১৯০ জন শিল্পী। নভেম্বর ও ডিসেম্বর মাসে কক্সবাজারের সমুদ্র উপকূলের ৬৭টি লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে।
নির্বাহী প্রযোজক হিমেশ কর বলেন, নবজাতক ও গর্ভবতী মায়ের যত্নের ব্যাপারে জনগণকে সচেতন করার লক্ষ্যেই নাটকটি তৈরি করা হয়েছে।
পরিচালক বাশার জর্সিস বলেন, নাটকটি আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ নীতিমালার আলোকে তৈরি হয়েছে। সমাজে নাটকটির ব্যাপ্তি ও গুরুত্ব অনেক বেশি। এ নাটকে সব চরিত্র বাস্তবতার সঙ্গে মিল রেখেই ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, কক্সবাজারের নাট্যযুদ্ধের শিল্পী ও রামুর নাট্যকর্মীরা এ নাটকে অভিনয় করেছেন। তাঁদের অংশগ্রহণ না থাকলে বিশাল ব্যাপ্তির এ নাটক নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে পড়ত।
নাটকটির প্রধান সহকারী পরিচালক চন্দন খান, সহকারী পরিচালক আয়েশা মনিকা ও আবুল খায়ের।