আবার উত্তাপ কোরীয় উপদ্বীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। সাম্প্রতিক কিছুদিন ধরে যেমনটা ঘটছে, এবারের উত্তেজনার জন্যও দায়ী উত্তরের এক পরিকল্পনা। আগামী মাসে দূরপাল্লার রকেট ছুড়বে উত্তর কোরিয়া। সম্ভাব্য তারিখ ১২ থেকে ১৬ এপ্রিল। কিছুদিন আগে দেশটি এ কথা ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে ব্যাপক আলোড়ন চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অন্য যেসব দেশ উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের জন্য বড় ধরনের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে দেশটির নুতন ঘোষণা। উত্তর কোরিয়ার গা-ঘেঁষা দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের শীর্ষ কর্মকর্তাদের ঘুম হারাম হওয়ার জোগাড়। জাপান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে আদাজল খেয়ে লেগেছে। ধারণা করা হয়, এক হাজারের বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আছে উত্তর কোরিয়ার। এর মধ্যে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও আছে, যা যুক্তরাষ্ট্রে গিয়ে আঘাত হানতে পারবে।রকেট ছোড়ার ঘোষণা কেন ঠিক এ সময় দেওয়া হলো সে ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে কমিউনিস্ট উত্তর কোরিয়া। তারা বলেছে, কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণের জন্য তারা দূরপাল্লার রকেট ছুড়বে। তাদের মহান নেতা কিম ইল সুংয়ের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষেই এই আয়োজন। উত্তর কোরিয়ার একজন মুখপাত্র বলেছেন, রকেটের মাধ্যমে যে দেশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে, তার নাম কাওয়াংমিয়ংসং-৩। এটি উত্তর কোরিয়ার প্রযুক্তিকে মহাকাশে নিয়ে যাবে। ‘উচ্চপর্যায়ের শান্তিপূর্ণ লক্ষ্যে’ ব্যবহার করা হবে এটি। সে কাজটি কী, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি মুখপাত্র। কিন্তু কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর কথা সত্যি বলে মানতে নারাজ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তারা বলছে, এই রকেট ছোড়ার নাম করে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে। এতে থাকবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ওয়ারহেড’ বা যুদ্ধাস্ত্র। তবে উত্তর কোরিয়া এ ধরনের সম্ভাবনার কথা নাকচ করেছে। দক্ষিণ কোরিয়ায় সদ্যসমাপ্ত পরমাণু নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনেও উত্তর কোরিয়ার রকেট ছোড়ার পরিকল্পনা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য। ২৬ ও ২৭ মার্চ অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৫৩টি দেশ অংশ নেয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল অপরাধী বা জঙ্গি সংগঠনের হাতে পারমাণবিক অস্ত্র যাওয়া ঠেকানো। এতে অংশ নেয়নি উত্তর কোরিয়া। সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রকেট ছোড়ার কর্মসূচি থেকে ফিরে আসতে উত্তর কোরিয়ার প্রতি অনুরোধ জানান। জবাবে দেশটি সিদ্ধান্তে অটল থাকার কথা বলেছে। তাদের ভাষ্য, ওবামা যদি বলেই থাকেন যে উত্তর কোরিয়ার মানুষের সঙ্গে তাঁর কোনো বৈরিতা নেই, তাহলে তিনি এই কর্মসূচির বিরোধিতা করছেন কেন? তাঁর বরং এতে সহযোগিতা করা উচিত। কারণ প্রতিটি দেশেরই এমন রকেট ছোড়ার অধিকার রয়েছে। উত্তর কোরিয়ার এই দাবি নাকচ করে সমালোচনামুখর বিভিন্ন দেশ বলেছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বরখেলাপ হবে। ওবামা বলেছেন, এই কর্মসূচি চালিয়ে উত্তর কোরিয়া হুমকি আর উসকানি দেওয়া ছাড়া অন্য কোনো ফায়দা পাবে না। মার্কিন প্রেসিডেন্টের দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকা পরিদর্শন চলমান ঘটনায় নতুন মাত্রা দেয়। দক্ষিণ কোরিয়ায় পরমাণু নিরাপত্তা সম্মেলনের সময়ই তিনি ওই এলাকায় যান। দুই কোরিয়াকে বিভক্ত করা ওই এলাকাটি অসামরিকীকৃত (ডিমিলিটারাইজড জোন বা সংক্ষেপে ডিএমজেড) বলে পরিচিত। এটি চার কিলোমিটার (আড়াই মাইল) চওড়া একটি এলাকা। ১৯৫৩ সালে অস্ত্রবিরতির মাধ্যমে কোরীয় যুদ্ধ থামার পর এটি সীমান্ত রেখা হিসেবে কাজ করছে। জায়গাটি অতি বিপজ্জনক। সেখানে প্রচুর মাইন পোঁতা রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে কড়া প্রহরাধীন সীমান্ত এলাকা হিসেবে পরিচিত। সেখানে ক্যাম্প বনিফাসে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে কথা বলেন ওবামা। একটি পর্যবেক্ষণ চৌকি থেকে ওবামা দুরবিন দিয়ে মিনিট দশেক উত্তর কোরিয়ার দিকে তাকিয়ে থাকেন। এ সময় তাঁর সামনে ছিল গুলি-নিরোধক কাঁচ।সম্মেলনে যোগ দিতে গিয়ে ওবামা পরে চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠক করেন, তারও মূল আলোচ্যসূচি ছিল উত্তর কোরিয়া। চীনের সঙ্গে কট্টর কমিউনিস্ট দেশটির বন্ধুত্ব পুরোনো। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতি আলোচনার মধ্যস্থতাকারীও তারা। উত্তর কোরিয়াকে রকেট ছোড়ার পরিকল্পনা থেকে ফিরে আসতে বলার জন্য জিনতাওকে অনুরোধ করেন ওবামা। উত্তর কোরিয়ার নতুন কর্মসূচি নিয়ে মিত্র চীনও উদ্বিগ্ন। চীনা উপপররাষ্ট্রমন্ত্রী ঝাং ঝিজুন বলেছেন, এই উদ্বেগের কথা পিইংইয়ংয়ের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা কামনা করা হয়েছে। উত্তর কোরিয়ার রকেট ছোড়ার ঘোষণায় দৃশ্যত সবচেয়ে বেশি ঘাবড়ে গেছে জাপান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, উত্তর কোরিয়ার রকেট জাপানের জন্য কোনো হুমকি সৃষ্টি করলে তা ভূপাতিত করা হবে বলে হুমকি দিয়েছে দেশটি। এ জন্য আগাম ব্যবস্থা তৈরি করতে তৎপর হয়েছে তারা। ওকিনাওয়া দ্বীপে এই ব্যবস্থা গড়ে তুলছে জাপান। তাদের এমন ভয় পাওয়ার কারণও রয়েছে। এর আগে ২০০৯ সালের এপ্রিলে উত্তর কোরিয়া একই ধরনের রকেট ছুড়েছিল। সেটি জাপানের ওপর দিয়ে উড়ে যায়। সে ঘটনার কথা মনে করে জাপান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র ও যুদ্ধজাহাজ মোতায়েন করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র খাদ্য দেবে, বিনিময়ে উত্তর কোরিয়া তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি বাতিল করবে—দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে, খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে হুট করে উত্তর কোরিয়ার রকেট ছোড়ার কর্মসূচি ঘোষণা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। এ নিয়ে বিশ্লেষকেরা নানা কথা বলছেন।অনেকের মতে, খাদ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি উত্তর কোরিয়ার কর্মকর্তারা। রকেট ছোড়ার মাধ্যমে তাঁরা বুঝিয়ে দিতে চাইছেন নিজেদের আসল মনোভাব। একই সঙ্গে বোঝাতে চাইছেন তাঁদের সামরিক শক্তি ও রাজনৈতিক স্বাধীনতার বিষয়টি। আবার অনেক বিশ্লেষক মনে করছেন, এই কর্মসূচি ঘোষণা করার মাধ্যমে প্রয়াত বাবা কিম জং ইলের মতো উত্তর কোরিয়ার নতুন নেতা তরুণ কিম জং উনও ‘ইঁদুর-বিড়াল’ খেলার কৌশল নিয়েছেন। কিম জং ইলের নামে অভিযোগ রয়েছে, শক্তিধর প্রতিপক্ষকে কাবু করতে বিধ্বংসী সমরাস্ত্র প্রদর্শন করে প্রচ্ছন্ন হুমকি দিতেন তিনি। উত্তর কোরিয়ায় এখন খাদ্যসংকট চরমে। এর সঙ্গে যোগ হয়েছে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের সংকট। সেখানে প্রতিবছর বহু লোক অনাহারে মারা যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ‘সেকেলে ও কট্টরপন্থী’ সমাজতান্ত্রিক আদর্শ অনুসরণকারী দেশটি একঘরে হয়ে আছে। আন্তর্জাতিক বিশ্বের সহায়তা থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে এ ধরনের শক্তি জাহির তাদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে অনেকের আশঙ্কা। এতে নিষেধাজ্ঞার ফাঁস আরও আঁটো হয়ে তাদের খাদ্যসংকট আরও চরমে পৌঁছাতে পারে।