আবার উন্নয়ন বিড়ম্বনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরে আরও একটি উড়ালসড়ক নির্মাণ করতে যাচ্ছে। যানজট নিরসনের লক্ষ্যে নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়কের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত এই উড়ালসড়ক নির্মাণ করা হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি অপরিকল্পিত। এই উড়ালসড়ক নগরবাসীর জন্য আরেকটি উন্নয়ন বিড়ম্বনা। সিডিএ নগরের যানজট নিরসনে আগে দুটি উড়ালসড়ক নির্মাণ করলেও তা কাজে আসছে না।
সিডিএ অ্যাভিনিউ সড়কের আশপাশের বাসিন্দারা জানান, নির্মাণকাজ শুরুর পর ভোগান্তির আশঙ্কা রয়ে যাচ্ছে। ব্যস্ততম সড়কে খোঁড়াখঁুড়ি ও কাটাকাটির কারণে তীব্র যানজট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
সিডিএ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক নির্মাণে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছিল। গত ১৫ মে দরপত্র উন্মুক্ত করা হয়। চারটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন ৪৫৩ কোটি ১৫ লাখ ৮৭ হাজার টাকা দর দিয়েছে ম্যাক্স-র্যাঙ্কিন জেভি। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় এর অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের ১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এদিকে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম নগরের ট্রাফিক সমস্যা ও উড়ালসড়কের যথার্থতা নিয়ে ইতিমধ্যে দুদফা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনগুলোতে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে জানানো হয়, চট্টগ্রাম নগরে উড়ালসড়ক করার মতো সমপরিমাণ যানবাহন চলাচল করে না। উড়ালসড়ক নির্মাণে যে বিশাল অঙ্কের টাকা ব্যয় করা হচ্ছে তার সিকি ভাগ যদি সুষ্ঠু পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য খরচ করা হয়, তাহলে চট্টগ্রাম নগরের যানজট ও বৃহত্তর জনগোষ্ঠীর যানবাহন সমস্যা অনেকাংশ কমানো সম্ভব।
সড়ক পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, ‘আগে যে দুটি উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে, তা ব্যবহার হচ্ছে না। কোনো কাজেই আসছে না এগুলো। তাহলে এখন সাড়ে চার শ কোটি টাকা দিয়ে কেন আরেকটি উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে, কার স্বার্থে?’ তিনি আরও বলেন, ‘প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে ভুল ডাটা ব্যবহার করা হয়েছে। তার পরও ভুল ডাটার ভিত্তিতেও কোনো অবস্থায় এখানে উড়ালসড়ক নির্মাণের যথার্থতা প্রমাণ করে না। আমরা তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছি, আগের উড়ালসড়কগুলো নির্মাণের সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু সরকার যদি করতে চায় তাহলে আমাদের কিছু করার নেই।’
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘নগরের মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা মোড় এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হয়। ফলে নগরবাসীকে সীমাহীন কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়। তাই এই এলাকাগুলোর যানজট নিরসনে উড়ালসড়ক নির্মাণের বিকল্প নেই। উড়ালসড়ক নির্মিত হলে এসব এলাকায় আর যানজট হবে না।’
বিশেষজ্ঞদের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজ করলে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। তবে এই উড়ালসড়কের নির্মাণ–প্রক্রিয়া শুরু করার পর এসব এলাকার বাসিন্দারা খুশি।’
নগরের মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন সেন্টার থেকে লালখান বাজারের জমিয়াতুল ফালাহ পর্যন্ত এ উড়ালসড়ক নির্মিত হবে। এর দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার আর প্রস্থ ১৬ দশমিক ৫ মিটার। এই দুটি র্যামের পাশাপাশি দুই নম্বর গেট এলাকা থেকে গাড়ি ওঠানামা করতে পারবে। প্রকল্পে নগরের বেবি সুপার মার্কেট এলাকা থেকে গাড়ি ওঠানামার পথ রাখা হবে। এর মধ্যে গাড়ি নেমে যাওয়া লেনের দৈর্ঘ্য ৭০০ মিটার ও প্রস্থ সাড়ে সাত মিটার। আর ওখান থেকে গাড়ি ওঠার লেনের দৈর্ঘ্য এক কিলোমিটার ও প্রস্থ সাড়ে সাত মিটার।
সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, এ মাসেই উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু হবে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণকাজ শুরুর পর নগরবাসীর ভোগান্তির আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘উড়ালসড়ক নির্মাণের ব্যাপারে আমরা এখন অনেক অভিজ্ঞ। এত বড় একটি বিশাল কর্মযজ্ঞ চলবে, তা টেরও পাওয়া যাবে না। নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে।’
প্রসঙ্গত, সিডিএ নগরের যানজট নিরসনে বহদ্দারহাট ও দেওয়ানহাট এলাকায় দুটি উড়ালসড়ক নির্মাণ করেছে। নগরের কদমতলী এলাকায় আরও একটি উড়ালসড়ক নির্মাণাধীন রয়েছে।