
বাংলাদেশের খেলা থাকলেই মাঠে যাই। স্টেডিয়ামে বসে নিজের দেশকে সমর্থক দেওয়ার মজাই আলাদা। আমি মাঠে ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি ছয়-সাত বছর ধরে। আন্তর্জাতিক খেলার বাইরে বিপিএল চলার সময়েও মাঠে গিয়েছি। ক্রিকেট খেলাটা ছোটবেলা থেকেই পছন্দ করি। কারণ, আমার বড় ভাই ক্রিকেট খেলে বাড়ি ফিরেই গল্প করতেন সেদিন মাঠে কী কী হলো। বাংলাদেশ মাঠে ভালো করলে সেই আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। প্রতিটা খেলার টিকিট কেনার জন্য টাকা জোগাড় করা, টিকিট কেনা, অফিস থেকে ছুটি নেওয়া, সময় বের করা, স্টেডিয়ামে যাওয়া—সবশেষে খেলা দেখা। বিশাল এক মহাযজ্ঞই বলা চলে। মাঠে যাওয়ার আগে চলে এসব, আর গিয়েও উৎসব উৎসব আমেজ। জার্সি পরলেই অন্য রকম লাগে। খেলা দেখার ফাঁকে ফাঁকে সবাই মিলে খাওয়াদাওয়া, ছবি তোলা তো হয়ই। আজকাল সেলফি তোলা হয়। বন্ধুরা দেখা যায়, সেখান থেকেই ছবি আপলোড করে ফেসবুকে। তবে এত কিছুর পরে দল যদি খারাপ করে, তাহলে স্টেডিয়ামে বসে মনে হয় আর আসব না। তবে ঠিকই পরের ম্যাচের টিকিট কেনা হয়ে যায়। আবার একই স্বপ্ন বুনে মাঠে যাই। একসঙ্গে চিৎকার করে ‘বাংলাদেশ’ স্লোগানে আশপাশ মুখরিত করি। সবই তো দেশকে ভালোবেসেই। দেশের ক্রিকেটকে ভালোবাসি বলেই।
সংগীতশিল্পী ও সংবাদ উপস্থাপক