আবার একাত্তর
পাকিস্তানি হানাদারদের নৃশংসতার নিদর্শন দেখে কখনো শিউরে উঠবেন আপনি। কখনোবা আবেগে ঝাপসা হয়ে আসবে চোখ। তারপর আসবে গৌরব, আমাদের বিজয় মুহূর্ত। একেকটি জাদুঘর আমাদের ফিরিয়ে নিয়ে যায় একাত্তরের সেই দিনগুলোয়। পড়ুন ঢাকার বাইরের তিনটি জাদুঘরের কথা।

শহীদ স্মৃতি সংগ্রহশালা
৬ হাজার ৬০০ বর্গফুটের তিনটি কক্ষ। কক্ষজুড়ে শোভা পাচ্ছে আলোকচিত্র, পোস্টার, শিল্পকর্ম, ভাস্কর্য ও দলিল। দেয়ালের সামনে কাচের বাক্সে রাখা মুক্তিযোদ্ধা-শহীদদের ব্যবহৃত জিনিসপত্র। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণ-অভ্যুত্থান পেরিয়ে বিজয়। এই তিনটি কক্ষেই যেন চিত্রিত হয়েছে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার কথা। মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের ছিল অসীম আত্মত্যাগ। এই ত্যাগ স্মরণীয় করে রাখতেই এই সংগ্রহশালা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান এই সংগ্রহশালার।
১৯৭৬ সালের ২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সৈয়দ আলী আহসানের সভাপতিত্বে এক সভায় শহীদ স্মৃতি সংগ্রহশালা স্থাপনের সিদ্ধান্ত হয়। বর্তমান স্থায়ী গ্যালারির উদ্বোধন হয় ১৯৯০ সালে।
গ্যালারিগুলো ঘুরলেই চোখে পড়বে ভাষা আন্দোলনের নানা পর্বের দুর্লভ আলোকচিত্র, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সেক্টর কমান্ডারদের পোর্ট্রেট। শিল্পী কামরুল হাসানের বিখ্যাত পোস্টার, মুক্তিযুদ্ধকালীন প্রচারপত্র, আত্মসমর্পণের দলিলের চিত্র ইত্যাদি। সংগ্রহশালায় আছে বিশ্ববিদ্যালয়ের গণকবর থেকে প্রাপ্ত নাম, শহীদদের ব্যবহার্য জিনিসপত্র, শহীদদের হাড়, মাথার খুলি ও কঙ্কাল এবং মুক্তিযুদ্ধে ব্যবহৃত রকেট লঞ্চার।
সংগ্রহশালার দেয়ালে শোভা বাড়িয়েছে শিল্পী রফিকুন নবী, হাশেম খান, মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরীর মতো বরেণ্য শিল্পীদের মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পকর্ম।
সংগ্রহশালার বর্তমান কিউরেটর সফিকুল ইসলাম জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত খোলা থাকে এ সংগ্রহশালাটি। প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন, তবে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো বিশেষ দিনগুলোতে এখানে ভিড় জমে প্রচুর। সে সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়।

সমর জাদুঘর
গাজীউল হক, কুমিল্লা
লাল ইটের ওপরে ঝলমলে সোনালি অক্ষরে লেখা ‘যাঁদের রক্তে মুক্ত স্বদেশ’। লাল আর সোনালি মিলে আমাদের গৌরব আর সংগ্রামের এক অসাধারণ প্রতীক যেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লার ময়নামতি সেনানিবাসে ‘যাঁদের রক্তে মুক্ত স্বদেশ’ কমপ্লেক্সের অবস্থান। এখানেই সমর জাদুঘর। যে জাদুঘর স্মরণ করিয়ে দেয় একাত্তরে আমাদের বীর সেনাদের অর্জন আর আত্মত্যাগের কথা।
একপাশে কাচের বাক্সে কিছু বুলেট, আরেক পাশে রামদা আর নানা স্মারক। সামনে পাকিস্তানি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেওয়া ভারী অস্ত্র। সমর জাদুঘরের একেকটি কক্ষ ফিরিয়ে নিয়ে যাবে একাত্তরের সেই দিনগুলোতে। জাদুঘরের ভেতরে রয়েছে চারটি টেবিল। এর একটিতে রয়েছে শহীদ স্মৃতিসৌধের প্রতিকৃতি, দ্বিতীয় টেবিলে একটি হালকা মেশিনগান, তৃতীয় টেবিলে পাক বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভারি অস্ত্র এবং চতুর্থ টেবিলে চীনে তৈরি ভারি মেশিনগান, যার ওজন ৮৯ পাউন্ড।
জাদুঘরের পাশে দেবদারুগাছের নিচেই শহীদ মিনার। কাছেই মুক্তিযুদ্ধ লাইব্রেরি। লাইব্রেরিতে আছে মুক্তিযুদ্ধ-বিষয়ক বইয়ের সংগ্রহ। এখানেই আছে ‘স্বাধীনতার কথা’ নামের দুইটি গ্যালারি।
১ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো কমপ্লেক্স এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন কর্মীরা। দেয়ালে লাগানো হচ্ছে নতুন করে রং। পরিদর্শন বই খুলে দেখা গেল, সমর জাদুঘর নিয়ে নানাজনের নানা সুপারিশ ও ভালো লাগার পঙ্ক্তিমালা লেখা আছে সেখানে।
সমর জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন বলেন, যে কেউ চাইলেই এখানে প্রবেশ করতে পারেন না। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রবেশ করতে হয়। ইতিহাস অনুসন্ধিত্সুরা সমর জাদুঘর দেখতে আসেন। এটি দেখতে কোনো ধরনের ফি লাগে না। তবে মনে রাখতে হবে, শহীদ স্মৃতিসৌধের ভেতরে যানবাহন চলাচল ও ছবি তোলা নিষেধ।
কৃতজ্ঞতা: কুমিল্লা সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর শিহ্াব উদ্দিন শোয়াইব।
গণহত্যার ইতিহাস
উত্তম মণ্ডল, খুলনা
বাঙালির মুক্তি, স্বাধীনতার স্পৃহা আর মুক্তিযুদ্ধকালের সবচেয়ে মর্মন্তুদ পর্ব গণহত্যার ইতিহাসকে মেলে ধরেছে খুলনার ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের উৎসাহে ২০১৪ সালের ১৭ মে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী খুলনা এ জাদুঘর ও আর্কাইভ প্রতিষ্ঠা করে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের নৃশংসতা, বর্বরতা যথাযথভাবে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।
খুলনার ময়লাপোতা এলাকার শের-এ-বাংলা রোড়ের ৩৩৪ নম্বর বাড়িটির নিচতলায় তিনটি কক্ষ ভাড়া নিয়ে এর কার্যক্রম শুরু হয়। গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে খুলনা নগরের ২৬ সাউথ সেন্ট্রাল রোডের দ্বিতল বাড়ি উপহার পেয়েছে প্রতিষ্ঠানটি।
আর্কাইভ ও জাদুঘরের প্রবেশমুখেই আছে ১৯৭১ সালের গণহত্যা স্মারক মানচিত্র। আছে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের আলোকচিত্র, ২৫ মার্চ অপারেশন সার্চ লাইটে বাঙালি জাতির ওপর পকিস্তানিদের নির্মম নির্যাতনের চিত্রাবলি। আছে ১৬ ডিসেম্বর বিজয়ের মুহূর্তের আলোকচিত্র। একের পর এক সাজানো হয়েছে যুদ্ধকালীন নানা ধরনের নির্যাতনের আলোকচিত্র। আছে মুক্তিযুদ্ধকালীন ঘটনার ওপর প্রকাশিত ম্যাগাজিন ও স্মরণিকাও।

জাদুঘর সূত্রে জানায়, জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে ৪১৯টি, গণহত্যা ও নির্যাতনের বাঁধানো ছবি ১২৫টি। আগরতলার শিল্পীদের আঁকা ‘শিল্পীর চোখে গণহত্যা-নির্যাতন আর্ট’ শিরোনামের ছবি আছে ১২টি। ২০১৫ সালে ‘শিল্পীর চোখে গণহত্যা নির্যাতন’ নামে একটি আর্টক্যাম্প হয়, সেখানকার ছবি আছে ১৭টি, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্রের ৬০টি সিডিসহ মুক্তিযুদ্ধ ও গণহত্যার নানান নিদর্শন আছে। জাদুঘরের পক্ষ থেকে গণহত্যার ওপর জাতীয় জাদুঘর, ভারতের ত্রিপুরা ও খুলনায় বিশেষ আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। এই জাদুঘরের উদ্যেগে বধ্যভূমি চিহ্নিতকরণ ও ফলক স্থাপনের কাজ চলছে।
ট্রাস্টের ট্রাস্টি সম্পাদক শেখ বাহারুল আলম জানান, আর্কাইভ ও জাদুঘরের পক্ষ থেকে দেশের বধ্যভূমি ও গণকবর চিহ্নিত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে সাত শর বেশি গণহত্যাস্থল চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণহত্যা নির্ঘণ্ট নামে প্রতিটি গণহত্যাস্থলের ওপর আলাদা বই প্রকাশ করতে শুরু করেছি। যার ৩১টি খণ্ড এর মধ্যে প্রকাশিত হয়েছে।
বাহারুল আলম বলেন, আমরা খুলনায় গণহত্যার স্মারক বধ্যভূমি গড়ে তোলা ও আন্তর্জাতিক মানের ‘ইনস্টিটিউট অব জেনোসাইড স্টাডিজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি।
জাদুঘরটি শুক্রবারসহ প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এটি পরিদর্শনে কোনো ফি লাগে না।