আবার এল যুক্তরাজ্যে পড়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যেতে আগ্রহী জান্নাতুল ফেরদৌস ব্রিটিশ কাউন্সিলে এসেছিলেন ভিসা-সংক্রান্ত খবরাখবর নিতে। তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম যুক্তরাজ্য আবার উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ভিসা এবং আইইএলটিএস পরীক্ষা-সংক্রান্ত খোঁজখবর নেওয়ার জন্য এলাম।’ বাংলাদেশের উচ্চশিক্ষা প্রত্যাশীদের উচ্চশিক্ষার জন্য সবচেয়ে পছন্দের দেশগুলোর মধ্যে বরাবরই এগিয়ে থাকে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং উজ্জ্বল ভবিষ্যৎ হলো এর মূল কারণ। কিন্তু এ সুযোগে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় অনেক নামসর্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠান। এসব নামসর্বস্ব ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের খপ্পরে পড়ে বাংলাদেশি অনেক শিক্ষার্থীকেই যুক্তরাজ্যে গিয়ে সম্মুখীন হতে হয়েছে মানবেতর জীবনের। এ অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে যাওয়ার ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেয়। সে সময় অনেক বাংলাদেশি শিক্ষার্থীই যুক্তরাজ্যে যাওয়ার সব শর্ত পূরণ করার পরও যেতে পারেননি।অবশেষে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্য যাওয়ার সুযোগ এসেছে আবার। ফেব্রুয়ারিতে ভিসা-প্রক্রিয়া বন্ধ করার প্রায় পাঁচ মাস পর আবার ভিসা-প্রক্রিয়া শুরু করছে যুক্তরাজ্য। অর্থাৎ এখন বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আবার যুক্তরাজ্যে যাওয়ার ভিসার আবেদন করতে পারবেন।যুক্তরাজ্যের ভিসাপ্রত্যাশী রাজশাহীর শহীদুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমার সব কাগজপত্র প্রস্তুত ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে যুক্তরাজ্য অভিবাসন কর্তৃপক্ষ ভিসা প্রদান স্থগিত করায় আর কাজ এগোতে পারিনি। তবে এখন আবার নতুন করে ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু হওয়ায় আমি আশাবাদী। এখন আবার কাগজপত্র প্রস্তুত করছি ভিসা আবেদন করার জন্য।’ব্রিটিশ কাউন্সিলের হেড অব পারফরম্যান্স, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স রাইকা ওয়ালী খান জানালেন ‘এখনো ভিসা প্রদান-প্রক্রিয়া সম্পূর্ণভাবে চালু হয়নি। তবে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিলে এসে পরামর্শ নিতে পারবেন আগের মতোই। আর অচিরেই ভিসা প্রদান-প্রক্রিয়া শুরু হবে। সে সম্পর্কে জানার জন্য অবশ্যই ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখতে হবে।যুক্তরাজ্যে উচ্চশিক্ষার্থে যেতে চাইলে যাবতীয় তথ্য সংগ্রহের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিকল্প নেই।’বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের তিনটি শাখা রয়েছে। ঢাকা: ৫ ফুলার রোড, ঢাকা। ফোন: ৮৬১৮৯০৫। সিলেটে: আল হামরা শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট-৩১০০। ০৮২১-৮১৪৯২৫। চট্টগ্রামে: ৭৭/এ উত্তর নাসিরাবাদ, ০৩১-৬৫৭৮৮৪-৮। এ ছাড়া প্রয়োজনে ই-মেইল ও প্রয়োজনীয় কাউন্সেলিং নিতে পারেন [email protected] এই ঠিকানায়। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট: http://www.britishcouncil.org/bangladesh.htmযুক্তরাজ্যের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভর্তির অনুমোদন (অফার লেটার) পাওয়ার আগেই আইইএলটিএস পরীক্ষা দিতে হবে। কোন কোন প্রতিষ্ঠানে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যাবে তার একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য অভিবাসন কর্তৃপক্ষ। এ তালিকাটি পাওয়া যাবে www.ukvisas.gov.uk এই ওয়েবসাইটে।ভিসাপ্রত্যাশী শাহরিয়ার কবির এ উদ্যোগকে স্বাগত জানালেন। তাঁর মতে, ‘যুক্তরাজ্য যে এই পাঁচ মাস ভিসা প্রদান বন্ধ রেখেছিল তাতে বরং ভালোই হয়েছে। এখন যেহেতু যুক্তরাজ্য সরকার এ ব্যাপারে সতর্ক, সেহেতু বাংলাদেশি শিক্ষার্থীদেরও এ ব্যাপারে সাবধান হতে হবে, সবকিছু নিয়ম মেনে করতে হবে।’ব্রিটিশ কাউন্সিল সূত্রে জানা গেছে, ভিসা আবেদনের ক্ষেত্রে ভিসা প্রার্থীদের অবশ্যই ভিসা-সংক্রান্ত সব তথ্য সঠিক দিতে হবে অভিবাসন কর্তৃপক্ষের কাছে। যদি কেউ কোনোভাবে কোনো ভুল তথ্য দেন, তবে অভিবাসন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ১০ বছরের মধ্যে তাঁকে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হবে না। এমনকি পর্যটক ভিসাও নয়। অতএব ভিসা-প্রার্থীরা বুঝতেই পারছেন, কোনো অবস্থায়ই কোনো রকম ভুল তথ্য অথবা জাল নথিপত্র দেওয়া যাবে না। এ সংক্রান্ত আরও তথ্য জানতে ঘুরে দেখতে পারেন ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট।