আবার কি ফিরবে সেই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুদের সঙ্গে লেখক
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। ক্যাম্পাসে ফেরা হয় না অনেকদিন হলো। কীভাবে সময় কাটছে, ক্যাম্পাসের কী মিস করছেন—লিখে পাঠাতে পারেন আপনিও। ইমেইলে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]। অথবা যোগাযোগ করুন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে।

সপ্তাহের টানা পাঁচ দিন ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্টর চাপে আমাদের অবস্থা নাজেহাল থাকত। শরীর ও মন তখন মরিয়া ছিল বৃহস্পতি ও শুক্রবারের আশায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে এ দুটি দিনই তো ছুটি মেলে।

বৃহস্পতিবার আসার আগেই আমরা বন্ধের দুটি দিন কীভাবে কাটাব, তা নিয়ে পরিকল্পনা শুরু করে দিতাম। মিলনায়তনের সিঁড়িতে বসে বন্ধু, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে গানের আসরে বসে মনটা চাঙা হয়ে যেত। বন্ধুদের সঙ্গে দল বেঁধে ক্যাম্পাস ঘুরতাম, সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতাম। কোনো সপ্তাহে আবার চলত নিজেরা রান্না করে একসঙ্গে খাওয়ার আয়োজন।

বলে রাখা ভালো, হলে রান্না করার অনুমতি নেই। কিন্তু সপ্তাহের এই দুটি দিন একসঙ্গে খাওয়ার আনন্দ সেই নিষেধাজ্ঞাকে ছাপিয়ে যেত। ২০১৯ সালের ডিসেম্বর মাসের এক রাতের কথা না বললেই নয়। কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে যে বন্ধুরা থাকত, সে রাত তারা ক্যাম্পাসে কাটানোর সিদ্ধান্ত নেয়। সবাই এক হয়ে লেগে পড়ি রান্নার উপকরণ সংগ্রহের কাজে।

রান্নায় হাত পাকা বন্ধুরা মূল দায়িত্ব নিলেও কেউই অলসভাবে বসে থাকিনি। চাল-ডাল ধোয়া থেকে শুরু করে মসলা ও তরিতরকারি খাওয়ার উপযোগী করতে হাত লাগিয়েছিলাম সবাই। রান্নার পর খাওয়াদাওয়া শেষ হতে হতে প্রায় মধ্যরাত। তাতে কী, আমরা ক্যাম্পাসে ঘুরতে বেরিয়ে পড়ি তখনই।

সাদ্দাম হল থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ছাত্রহলগুলোয় নিজেদের অবস্থান জানান দিয়ে, মফিজ লেক ও প্যারাডাইজ রোড ভ্রমণ শেষে পৌঁছে যাই ইবিতে প্রবেশের মূল ফটকের সঙ্গেই অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে। সেখানে কিছুক্ষণ গল্পগুজব করে সিদ্ধান্ত হয় গ্রুপ ছবি তোলার; যেটি আজও স্মৃতির পাতায় অম্লান। বারবার মনে করিয়ে দিচ্ছে সেই দিনের মতো আরও অসংখ্য ঘটনার কথা।

চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হওয়া করোনায় প্রায় দেড় বছর নিস্তব্ধ আমাদের শিক্ষাঙ্গন। দীর্ঘদিন ক্যাম্পাসে বিচরণ না থাকায় আগের সেই স্মৃতিগুলো প্রতিনিয়তই আমাদের তাড়না দেয়। ক্যাম্পাস বন্ধের সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতে বাড়ছে ফেরার আকুলতা।

আবার নিশ্চয়ই সবুজ ক্যাম্পাস দুহাতে বুকে টেনে নেবে আমাদের। শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হবে তার আঙিনা, ফিরে পাবে আগের রূপ। আর আমরা মেতে উঠব সেই সে রাতের মতো উদ্‌যাপনে।