আবার ক্রেমলিনের পথে পুতিন
এক নজরে পুতিন১৯৭৫ সাল সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদান ১৯৯৯ সাল প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের আকস্মিক পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট২০০০ সাল প্রেসিডেন্ট নির্বাচন প্রথম জয়লাভ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ২০০৪ সাল দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত ২০০৮ সাল সংবিধান অনুযায়ী দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার নিয়ম না থাকায় ক্রেমলিন থেকে বিদায়। দিমিত্রি মেদভেদেভের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণভ্লাদিমির পুতিন সত্যিই আবার ক্রেমলিনের পথে পা বাড়াবেন কি না, রাশিয়ায় তা বেশ কিছুদিন ধরেই ছিল একটি খোলা প্রশ্ন। দেশটির ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার বার্ষিক সম্মেলন এ নিয়ে সব জল্পনাকল্পনার ইতি টেনেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী ‘লৌহমানব’ পুতিন যে আবার ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। আর পুতিন প্রেসিডেন্ট হলে প্রধানমন্ত্রী হবেন বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এককথায়, দায়িত্ব অদলবদল করে নেবেন এই দুই নেতা। সম্মেলনে মেদভেদেভ বলেন, আগামী ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে পুতিনের উচিত আবার ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া। কখনো সামনে থেকে, কখনো পর্দার পেছন থেকে নেতৃত্ব দেওয়া পুতিনও আর রাখঢাক করেননি। জবাবে তিনি বলেছেন, মেদভেদেভের এই প্রস্তাব তাঁর জন্য খুবই সম্মানের। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন। পাশাপাশি পুতিন ইঙ্গিত দিয়েছেন, ২০১২ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হলে একটি ‘কার্যকর, তারুণ্যে উদ্দীপ্ত ও উদ্যমী’ সরকার গঠন করবেন। পুতিনকে নির্বাচনের টিকিট পেতে দলটির কংগ্রেসের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবু দুই নেতার এ সমঝোতাই যে কার্যত পুতিনের ক্রেমলিনে ফিরে আসার গ্যারান্টি, সে ব্যাপারে বিশ্লেষকেরা নিঃসন্দেহ। কারণ, দেশটির দুর্বল বিরোধী দল পিপলস ফ্রিডম পার্টির বিরুদ্ধে শক্তিশালী ইউনাইটেড রাশিয়ার পক্ষ থেকে যিনিই দাঁড়ান না কেন, তাঁকে জয়ী হতে কোনো বেগ পেতে হবে না। তা ছাড়া সবার বিশ্বাস, দেশের অধিকাংশ মানুষের ওপর এখনো মেদভেদেভের চেয়ে পুতিনের বেশি প্রভাব।রাশিয়ার সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি প্রতি মেয়াদে চার বছর করে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারতেন না। সম্প্রতি সংশ্লিষ্ট ধারায় সংশোধনী আনা হয়েছে। প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। আর সংশোধনী অনুযায়ী, পুতিন ইচ্ছা করলে আরও দুই মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারবেন। এর মানে, ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ রয়েছে তাঁর সামনে।পুতিনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ বলেছেন, তাঁর লৌহকঠিন নেতৃত্বই রাশিয়ার জন্য প্রয়োজন। কিন্তু গণতন্ত্রহীনতাসহ বিভিন্ন যুক্তিতে সমালোচনা করা লোকের সংখ্যাই দৃশ্যত বেশি।ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার ভেতর থেকেই প্রথম বাধার মুখে পড়তে পারেন পুতিন। তিনি নিজে বর্তমানে এই দলটির চেয়ারম্যান। আগামী নির্বাচনে পুতিনের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়ার পর দলটির শীর্ষ পর্যায়ের দুই নেতা ঘোষণা দিয়েছেন, সেটা হলে তাঁরা আর সরকারে থাকবেন না। এ নিয়ে মতবিরোধের জেরে অর্থমন্ত্রী আলেক্সি কুদরিনকে সরকার থেকে বিদায় নিতে হয়েছে। কুদরিন অবশ্য নিজেই অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, মেদভেদেভ সরকারে দায়িত্ব পালনে তাঁর আর কোনো ইচ্ছা নেই। আর ক্রেমলিনের অর্থনীতিবিষয়ক প্রধান উপদেষ্টা আরকাদি দিভরকোভিচ বলেন, এতে আনন্দিত হওয়ার কিছুই নেই।নির্বাচনে পুতিনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা হতাশ করেছে দেশটির বিরোধী দল উদারপন্থী পিপলস ফ্রিডম পার্টির নেতাদেরও। তাঁরা বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছেন না। দলটির প্রতিষ্ঠাতাদের একজন বরিস ইয়েলৎসিন আমলের উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভ তো পুতিনকে বেলারুশের স্বৈরশাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তুলনা করে ফেলেছেন। অনেকের চোখে সমাজতন্ত্রের অবসান-পরবর্তী দুর্দশাগ্রস্ত রাশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক মর্যাদা পুনরুদ্ধারের নায়ক ভ্লাদিমির পুতিন। দেশের রাজনৈতিক অঙ্গনের চূড়ায় ওঠার সিঁড়িটার খোঁজ পান ১৯৯৯ সালে। ইয়েলৎসিন আমলের নাজুক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০০০ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন পুতিন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই শক্ত হাতে রাশিয়ার হাল ধরেন। তাঁর নেতৃত্বে একটি সমৃদ্ধ রাশিয়ার স্বপ্ন দেখতে শুরু করে জনগণ। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে ২০০৮ সাল পর্যন্ত নেতৃত্ব দেন পুতিন। দুই মেয়াদে দায়িত্ব পালনকালে সাবেক সোভিয়েত আমলের ‘স্বর্ণযুগ’ ফিরিয়ে আনতে না পারলেও দেশটির অর্থনীতির চাকা ঘোরানো, সামরিক সক্ষমতা বৃদ্ধি, চেচেন বিদ্রোহীদের শক্ত হাতে দমনসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকার কারণে তিনি বাহবা কুড়িয়েছেন। তবে সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার নিয়ম না থাকায় ২০০৮ সালে ক্রেমলিন ছাড়তে হয় পুতিনকে। তখন প্রেসিডেন্টের দায়িত্ব নেন দিমিত্রি মেদভেদেভ। সমালোচকদের মতে, টেকনোক্র্যাট মেদভেদেভ প্রেসিডেন্টের দায়িত্ব নিলেও কার্যত পর্দার আড়ালে থেকে দেশ পরিচালনা করে আসছেন সেই পুতিনই।পশ্চিমাদের কেউ কেউ রাশিয়ার সঙ্গে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পুতিনের তুলনায় প্রেসিডেন্ট মেদভেদেভকে কিছুটা নরম প্রকৃতির বলে মনে করে থাকেন। তবে রাশিয়ার রাজনীতিতে এই দ্বৈত নেতৃত্বের ব্যাপারে হয়তো এটাই পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল অনুমান। প্রকৃতপক্ষে তাঁরা একই মুদ্রার দুটি পিঠ মাত্র। সুতরাং, পুতিন নতুন করে রাশিয়ার প্রেসিডেন্ট হলে মস্কোর বৈদেশিক নীতির ক্ষেত্রে যে নাটকীয় কোনো পরিবর্তন আসবে, তা ভাবার অবকাশ নেই। তবে মেদভেদেভ ক্ষমতায় আসার পর থেকে দেশের আধুনিকায়নের জন্য, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছেন, অপেক্ষাকৃত কট্টর পুতিন ক্ষমতায় এলে তা ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অর্থনীতিবিষয়ক বিশ্লেষকদের বিশ্বাস। তবে অন্যরা বলেছেন, পুতিন আর মেদভেদেভ শুধু তাঁদের দৃষ্টিভঙ্গির দিক থেকেই কিছুটা আলাদা; নীতির ক্ষেত্রে খুব সামান্য পার্থক্যই দেখা যাবে তাঁদের মধ্যে। হারুন-অর-রশীদ, তথ্যসূত্র: বিবিসি।