প্রায় এক দশক পর ক্ষমতায় ফিরল কানাডার ‘বিচ্ছিন্নতাবাদী’ রাজনৈতিক দল পার্টি কুইবেকোয়া (পিকিউ)। ফরাসিভাষী কুইবেক প্রদেশের সাম্প্রতিক নির্বাচনে প্রাদেশিক পার্লামেন্টের ১২৫টি আসনের মধ্যে ৫৪টি জিতে ক্ষমতায় এসেছে দলটি।স্বাধীনতার স্বপ্ন দেখা পিকিউয়ের জয় ছাড়াও কুইবেকের এবারের নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা নির্বাচনোত্তর এক রক্তপাতের ঘটনা। উন্নত গণতান্ত্রিক দেশ কানাডার রাজনীতিতে রক্তপাতের প্রশ্ন ওঠে না। জনবিরল দেশটিতে নির্বাচনের সময় তেমন হইচই পর্যন্ত হয় না বলা যায়। এর ব্যত্যয় ঘটিয়েছে কুইবেকের এবারের নির্বাচন। জয়লাভের পর পিকিউ নেত্রী পলিন মারোয়া যখন মন্ট্রিয়লে উৎফুল্ল সমর্থকদের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন, তখন ঘটনাস্থলের কাছেই এক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়। পলিনের বিজয় যে অনেকেই সহজভাবে নেয়নি, এটা তারই প্রমাণ। পলিন মারোয়া কুইবেক প্রদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। রাজনীতিতে অনেক দিনের অভিজ্ঞতা তাঁর। পলিনের নেতৃত্বে প্রদেশটিতে দীর্ঘদিন ধরে বিদ্যমান স্বাধীনতার দাবি আরও জোরালো হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কুইবেক কানাডার সবচেয়ে বড় প্রদেশ। এর অবস্থান দেশের মধ্য-পূর্বাঞ্চলে। এটি কানাডার একমাত্র প্রদেশ, যেখানে প্রশাসনিক ভাষা ফরাসি।১৯৮০ ও ১৯৯৫ সালে পিকিউ সরকারের অধীনে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়। কিন্তু এতে জয় আসেনি। এবার তাদের জয়ে আরেক দফা গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু পলিনের সংখ্যালঘু সরকার তা আয়োজনে কতটা সফল হবে, তা দেখার বিষয়। আর গণভোট হলেও পলিন যে খুব জোরালো সমর্থন পাবেন, তারও নিশ্চয়তা বেশি নয়। জয়ের পর দেওয়া ভাষণে পলিন তাঁর ভাষণে বলেন, ‘আমরা একটি দেশ চাই। আর আমাদের তা পেতে হবে।’পলিনের পিকিউ যে ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচনে জিতেছে, বিষয়টা তা নয়; বরং বলা যায়, রাজনৈতিক পরিস্থিতিই তাঁকে সুযোগ করে দিয়েছে। দুর্নীতিসহ বিভিন্ন কারণে ক্রমে অজনপ্রিয় হয়ে পড়েন সাবেক লিবারেল সরকারের প্রধানমন্ত্রী জাঁ শারে। এর মধ্যে আগুনে তেল ঢালে ছাত্র আন্দোলন। বামপন্থী শিক্ষার্থীদের এক দশকের চেষ্টার পর ২০১১ সালের ডিসেম্বরে গঠিত হয় কোয়ালিশন অব দ্য অ্যাসোসিয়েশন ফর স্টুডেন্ট ইউনিয়ন সলিডারিটি। সংক্ষেপে এটি ‘ক্লাস’ নামে পরিচিত। একপর্যায়ে ছাত্র আন্দোলনের সঙ্গে যোগ দেয় সরকারি খাতের শ্রমিকেরা। স্বাস্থ্যসেবা ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এই সুযোগে পিকিউর নেতা-কর্মীরা লিবারেলদের বিরুদ্ধে প্রচারণায় নামেন। এতে অনেক সাধারণ ভোটার মুখ ফিরিয়ে নেন লিবারেলদের ওপর থেকে। পরিণতিতে ঘটে জাঁ শারের পরাজয়।বিশ্লেষকেরা অবশ্য নতুন রাজনৈতিক দল কোয়ালিশন ফর দ্য ফিউচার অব কুইবেকের আবির্ভাবকেও লিবারেলদের পরাজয়ের জন্য দায়ী করছেন। পিকিউ থেকে বেরিয়ে যাওয়া নেতা ফ্রাঁসোয়া লেগঁর নেতৃত্বে দলটি গঠিত হয়। এই দল লিবারেলদের বেশ কিছু ভোট কেড়েছে। বিশ্ব অর্থনীতিতে এই মন্দার যুগেও তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে কানাডা। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২ দশমিক ৮ শতাংশ, যা উত্তরের ধনী প্রতিবেশী যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। আর দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে এই কুইবেক। গত শতকের সত্তরের দশকে কুইবেকের লিবারেল সরকার জলবিদ্যুৎ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ধারাবাহিকতায় প্রদেশটি ধীরে ধীরে অন্যান্য খাতেও বিশাল সাফল্য অর্জন করে। কিন্তু জাঁ শারের মধ্যে পূর্বসূরিদের সেই দক্ষতা নেই। তাঁর সবচেয়ে বড় দুর্বলতা ছিল জনগণকে বড় বেশি সুদূরপ্রসারী প্রকল্প দেখানো। নির্বাচনের আগে শারে বলেছিলেন, তাঁর সরকার খনিজ, জ্বালানি ও বনজ সম্পদ খাতে আট হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ আশা করছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে ২৫ বছর। এ কথা শুনে স্বভাবতই মন ভরেনি ভোটারদের। ভোটাররা হতাশার অন্ধকার থেকে মুক্তির আশায়ই পিকিউকে সমর্থন দিয়েছে। তাই বলে পলিন খুব সহজেই যে তাঁর স্বাধীন ভূখণ্ডের দাবিতে সমর্থন পাবেন, তা নয়। সবার আগে আপামর মানুষের উপস্থিত সমস্যা মোকাবিলা করতে হবে তাঁকে। শরিফুল ইসলাম ভূঁইয়া