আবার খবরে ফকল্যান্ড
গত শতকের আশির দশকে আর্জেন্টিনার সেনা অভিযানের আগে দীর্ঘদিন যুক্তরাজ্যের শাসনে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নাম খুব কম লোকেরই জানা ছিল। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জটি এখনো প্রায় জনমানবহীন। জমি অনুর্বর, আবহাওয়া খুবই নিষ্করুণ। সর্বক্ষণ হিমশীতল ঝোড়ো হাওয়া বয় বলে গাছপালা নেই বললেই চলে। মানুষের চেয়ে সেখানে ভেড়া ও পেঙ্গুইনের সংখ্যা বহুগুণ বেশি।এ হেন একটি ভূখণ্ডের মালিকানা নিয়ে রীতিমতো রশি টানাটানি চলছে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার। কারণ, পাশ্চাত্যের অন্যতম বৃহৎ শক্তি যুক্তরাজ্যের কাছে দৃশ্যত অন্য যেকোনো কারণের চেয়ে মর্যাদার বিষয়টিই মুখ্য। ফকল্যান্ড একদা বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী যুক্তরাজ্যের অবশিষ্ট ছিটেফোঁটা উপনিবেশের একটি। অন্যদিকে তার ঘরের কাছের এ দ্বীপটি ১৩ হাজার কিলোমিটার দূর থেকে জুড়ে বসা ব্রিটিশদের দখলে থাকবে, তা মানতে রাজি নয় আর্জেন্টিনা। দ্বীপটির ওপর কার অধিকার বেশি, তা নিয়ে চলছে অন্তহীন যুক্তিতর্কের লড়াই। সম্প্রতি তা আরেক দফা সামরিক সংঘাতের কাছাকাছি চলে আসে। ১৯৮২ সালের এপ্রিলে ফকল্যান্ডের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ বেধে যায়। যুদ্ধ চলে ৭৪ দিন, যাতে আর্জেন্টিনার ৬৫৫ জন ও যুক্তরাজ্যের ২৩৬ জন সেনা নিহত হয়। ব্রিটিশ সেনারা দ্বীপে চলে আসা প্রায় ১০ হাজার আর্জেন্টিনীয়কে বন্দী করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। আর্জেন্টিনা যুদ্ধে হেরে গেলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানার দাবি ছাড়েনি। সম্প্রতি দুই দেশের নেতৃত্বের মধ্যে এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের মধ্যে চলেছে বাক্যবাণ বিনিময়। দ্বন্দ্বের জের ধরে আর্জেন্টিনা সম্প্রতি তাদের বন্দরে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক থাকা দুটি জাহাজ ভিড়তে দেয়নি। এর আগে আর্জেন্টিনার মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্য অত্যাধুুনিক যুদ্ধজাহাজ এইচএমএস ডন্টলেসকে মোতায়েন করে ফকল্যান্ডে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত, যা খারাপ দিকে মোড় নিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (আর্জেন্টিনা স্প্যানিশ ভাষায় ডাকে লা মালভিনাস) মালিকানার দাবির পেছনে কার আইনগত, ঐতিহাসিক ও ভৌগোলিক যুক্তিগুলো কী, তা খতিয়ে দেখা যাক। এ ধরনের ক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটি আসে, তা হচ্ছে ফকল্যান্ডে আগে কে পা রেখেছিল। এ ব্যাপারে আর্জেন্টিনার বৈদেশিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয়ের ভাষ্য, ১৫২০ সালে পর্তুগিজ নৌ-অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান ও তাঁর সঙ্গীরা ফকল্যান্ড আবিষ্কার করেন। তাঁদের এই অভিযান পরিচালনা করে স্পেন। তবে ম্যাগেলান ও তাঁর সঙ্গীরা দ্বীপে নামেননি তখন। ব্রিটিশ সরকারের দেওয়া তথ্য, ১৬৯০ সালে নৌবাহিনীর ক্যাপ্টেন জন স্ট্রং দ্বীপে নামেন। তিনি তাঁর পৃষ্ঠপোষক ভাইকাউন্ট ফকল্যান্ডের নামানুসারে ওই দ্বীপপুঞ্জের নাম রাখেন ফকল্যান্ড।কিন্তু ফকল্যান্ডের প্রথম বসতি স্থাপনকারী কারা? জবাবে আর্জেন্টিনার ভাষ্য, ্র১৭৬৪ সালে ফ্রান্স দ্বীপপুঞ্জের পোর্ট লুইয়ে প্রথম বসতি স্থাপন করে। কিন্তু এ ব্যাপারে আপত্তি জানায় স্পেন। পরে তারা দ্বীপের মালিকানার স্বীকৃতি লাভ করে। ১৭৬৭ সালে এই দ্বীপের শাসনভার স্পেনীয়দের হাতে চলে যায়। এদিকে ১৭৬৫ সালে একদল ব্রিটিশ অভিযাত্রী গোপনে ওই দ্বীপের একটি অংশে পৌঁছায়। ১৭৬৬ সালে তারা সেখানে দুর্গ গড়ে তোলে। ১৭৭০ সালে স্পেনীয়রা তাদের উৎখাত করে। তবে পরে এক সমঝোতার ভিত্তিতে ব্রিটিশরা ওই দ্বীপে আবার বসতি স্থাপনের সুযোগ পায়। আর্জেন্টিনার দাবি, ১৭৭৪ সালে যুক্তরাজ্যের সঙ্গে স্পেনের একটি গোপন চুক্তি হয়। সে চুক্তি অনুযায়ী ব্রিটিশ বসতি স্থাপনকারীদের পোর্ট এগমন্ট ছেড়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। সেই থেকে ফকল্যান্ড স্পেনের নিয়ন্ত্রণে। আর্জেন্টিনার দাবি, পরবর্তী সময়ে স্পেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর উত্তরাধিকার সূত্রে দ্বীপের মালিকানা তাদের ওপরই বর্তায়। তারা বলছে, ১৭৭৪ সালে ব্রিটিশরা দ্বীপটি ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘ ৫০ বছরে আর সেদিকে পা বাড়ায়নি। কিন্তু অষ্টাদশ শতকের বিশের দশকে স্বাধীন আর্জেন্টিনা যখন ওই দ্বীপে তাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে যায়, তখনই ব্রিটিশরা সামনে বাধা হয়ে দাঁড়ায়।অন্যদিকে ব্রিটিশদের ভাষ্য, শুরুতে এটি ফরাসি উপনিবেশ ছিল। পূর্ব ফকল্যান্ডে তারাই পোর্ট লুই প্রতিষ্ঠা করে। তিন বছর পর এটি স্পেনের কাছে হস্তান্তর করা হয়। ১৯৬৫ সালে পশ্চিম ফকল্যান্ডে একদল ব্রিটিশ অভিযাত্রী পৌঁছায়। তারাই মূলত আনুষ্ঠানিকভাবে দ্বীপটি দখল করে। পরে আশপাশের দ্বীপগুলোও ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের শাসনাধীনে চলে আসে। ব্রিটিশদের দাবি, ১৭৬৬ সালে তাদের আরেকটি অভিযাত্রীদল পোর্ট এগমন্টে পৌঁছে শ খানেক লোকের বসতি গড়ে তোলে। কিন্তু ১৭৭৪ সালে অর্থনৈতিক কারণে তারা সেখান থেকে সরে যায়। তাই বলে দ্বীপপুঞ্জটি থেকে যুক্তরাজ্যের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব কখনো খর্ব হয়নি। যুক্তরাজ্যের দাবি, ১৮১১ সালে পূর্ব ফকল্যান্ড থেকে স্পেনীয় বসতি স্থাপনকারীরা চলে যায়। ওই সময় ফকল্যান্ডে তারা কোনো ধরনের শাসন ব্যবস্থা রেখে যায়নি। ১৮৩৩ সাল থেকে ব্রিটিশ শাসনাধীনে ওই দ্বীপপুঞ্জে ধীরে ধীরে আবার জনবসতি গড়ে ওঠে।ফকল্যান্ডের আইনগত মালিকানার বিষয়ে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল’র আইন বিশেষজ্ঞ মার্কো মিলানোভিচ বলেন, আর্জেন্টিনা দাবি করছে ওই দ্বীপপুঞ্জ আগে স্পেনের অধীনে ছিল। স্পেন থেকে স্বাধীন হওয়ার পর এর কর্তৃত্ব তাদের হাতে চলে আসে। কিন্তু ব্রিটিশরা বলছে, স্পেনীয়রা দ্বীপপুঞ্জটি পরিত্যক্ত অবস্থায় ফেলে গিয়েছিল বলে তাদের স্বত্ব তামাদি হয়ে গেছে। পরবর্তী সময়ে যেহেতু ব্রিটিশরাই দ্বীপগুলোতে নতুন করে বসতি গড়ে তোলে, সেই সূত্রে তারাই এখন এর প্রকৃত মালিক।যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ১৯৯৪ সালে আর্জেন্টিনার উদ্যোগে ফকল্যান্ডে এক জনমত জরিপ চালানো হয়। এর ফলাফলে দেখা গেছে, ৮৭ শতাংশ বাসিন্দাই দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনার সঙ্গে কোনো পরিস্থিতিতেই আলোচনা করতে ইচ্ছুক নয়। আর্জেন্টিনা বলছে, অধিবাসীদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানের অবশ্যই আইনগত সম্পর্ক থাকতে হবে। কিন্তু ফকল্যান্ডে সে ধরনের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, ১৮৩৩ সালে ব্রিটিশরা জোর করে দ্বীপটি দখল করে নেয়। সেখানকার বাসিন্দাদের তাড়িয়ে দেয় তারা। পরে তাদের আর ফিরে যেতে দেয়নি। এতে তারা আর্জেন্টিনার স্বাধীন ভূখণ্ডের অখণ্ডতার ওপর হস্তক্ষেপ করেছে। এর মাধ্যমে জাতিসংঘ সনদ ভঙ্গ করেছে তারা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বারবার যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রিটিশরা তাঁর ডাকে সাড়া দেয়নি। কির্চনার এই আচরণকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ভাষ্য, দ্বীপবাসী যত দিন চাইবে, ফকল্যান্ড তত দিন যুক্তরাজ্যের অধীনে থাকবে। সংক্ষেপে ফকল্যান্ডব্রিটিশ শাসনাধীন দ্বীপপুঞ্জ্রফকল্যান্ডের মোট আয়তন ১২ হাজার ১৭৩ বর্গকিলোমিটার। সবচেয়ে বড় শহর ও রাজধানী স্ট্যানলি। দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে ৬৫০ কিলোমিটার দূরে এর অবস্থান। মূল দুটি দ্বীপ হচ্ছে পূর্ব ও পশ্চিম ফকল্যাণ্ড।্র গভর্নরশাসিত এই দ্বীপপুঞ্জের দাপ্তরিক ভাষা ইংরেজি। ফকল্যান্ডের বাসিন্দাদের মধ্যে ৬১ শতাংশ স্থানীয় দ্বীপবাসী। ২৯ শতাংশ ব্রিটিশ। এ ছাড়া আছে কিছু স্পেনীয়, জাপানি, চিলীয় ও অন্য দেশের মানুষ। আর্জেন্টিনা থেকে এটি প্রায় ৪৮০ কিলোমিটার ও যুক্তরাজ্য থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ফকল্যান্ডে কৃষিকাজ তেমন নেই। তবে মাছসহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ আছে। আছে পর্যটনশিল্প। দ্বীপে ভেড়া পালন কষ্টকর হলেও প্রতিষ্ঠিত ব্যবসা। এসব ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দ্বীপবাসী ভালোভাবেই বেঁচেবর্তে আছেন।