আবার ডুরে শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিকতা ও ঐতিহ্য—এই দুই মিলেই তো ফ্যাশন। তাই ফ্যাশনধারায় ঐতিহ্যবাহি ডুরে শাড়ির জনপ্রিয়তা ফিরে এসেছে আবারও। তবে তার ধরনটা বুননে, নকশায় আধুনিক তো বটেই। বাঙালি নারীর সঙ্গে ডুরে শাড়ির সম্পর্ক বহু পুরোনো। লালপেড়ে তাঁত আর আড়াআড়ি ডুরে শাড়িতে ফুটে উঠত একসময় বাঙালি নারীর চিরায়ত রূপ। ষাটের দশকের বাংলা সিনেমায় নায়িকাদের পরনের ডুরে শাড়ির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তারপর ব্লক, বাটিক, প্রিন্টের ভিড়ে হারাতে বসেছিল সে ঐতিহ্য। তবে আবার ফিরে এসেছে এ শাড়ির ফ্যাশন। এভাবেই বললেন ফ্যাশন হাউস রঙের ডিজাইনার বিপ্লব সাহা।দোয়েল সিল্কের পরিচালক জি এম আলমগীর বলেন, তাঁতের পাশাপাশি অ্যান্ডি, ডুপিয়ান, র-সিল্ক, হাফ সিল্কেও তৈরি হচ্ছে ডুরে শাড়ি। ভিন্ন মাত্রা যোগ করা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, কাটওয়ার্ক, হ্যান্ড পেইন্ট, এমব্রয়ডারি, অ্যাক্রিলিক বুননের মাধ্যমে। ডুরে শাড়ির আভিজাত্যও তাই এখন দেখার মতো। ঘরে-বাইরে, অফিসে, উৎসবে সব জায়গায়ই চমৎকার মানিয়ে যায় এ শাড়ি। আপনিও চাইলে সাজতে পারেন ভিন্ন মাত্রার দেশীয় সাজে। সব সময় পরার জন্য বেছে নিতে পারেন তাঁতের কিংবা সুতির ডুরে শাড়ি। খাড়া কিংবা আড়াআড়ি, যেকোনো ধরনের চেকই বেছে নিতে পারেন। অফিস বা কোনো করপোরেট প্রতিষ্ঠানেও আরামদায়ক ও চমৎকার পোশাক হতে পারে এ শাড়ি। সে ক্ষেত্রে বেছে নেওয়া যায় র-সিল্ক, অ্যান্ডি কিংবা ডুপিয়ানের শাড়ি। উৎসবে-আয়োজনে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে বেছে নিতে পারেন এ শাড়ি। সে ক্ষেত্রে হ্যান্ড পেইন্ট, স্ক্রিন প্রিন্ট, উইভিং, এমব্রয়ডারির শাড়িগুলো বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে খেয়াল রাখুন, শাড়িগুলোতে যেন সোনালি ও রুপালির ছোঁয়া থাকে। তবে ডুরে শাড়ির সঙ্গে নিজেকে সাজিয়ে নিন একটু ভিন্নভাবে। তাঁতের ডুরে শাড়ির সঙ্গে সাজটা যে একেবারে চিরায়ত হতে হবে, এমনটি নয়। কখনো এর সঙ্গে করে নিতে পারেন একটা হাতখোঁপা। চোখে বাদামি-সোনালি সাজ আর ন্যাচারাল টোনের লিপস্টিক। অথবা কখনো গাঢ় বাদামি চোখের সাজের সঙ্গে চুলটা পনিটেইল করে ছোট একটা টিপ দিয়ে নিতে পারেন। অফিসে কাজের সুবিধার জন্য চুলটা পাঞ্চ ক্লিপে আটকে চোখটা করে নিতে পারেন কাজলকালো। বাইরে বের হলে তার সঙ্গে যোগ করে নিতে পারেন রোদচশমা। অথবা একেবারেই ন্যাচারাল লুকে চোখের কোলে লাগিয়ে নিতে পারেন কাজল। কানে থাকতে পারে লম্বা দুল। তবে গলায় লম্বা মালা হলে দুলটা যেন হয় ছোট। কানে বড় রিং পরা যেতে পারে। হাতে পরতে পারেন পছন্দমতো মোটা বালা বা একগাছা চুড়ি। আপনার পছন্দের ডুরে শাড়িটি পেতে চলে যেতে পারেন দেশীয় ফ্যাশন হাউসগুলোতে। নবরূপার বিক্রেতা সুজন বললেন, তাঁত, মার্সেলাইজ সুতির লাল, কালো, ছাই, সবুজ, হলুদ, সোনালি কালোর মিশেল ছাড়াও সোনালি বুটি কিংবা কাঁথাফোঁড়ের শাড়ি পাওয়া যাচ্ছে নবরূপায়। রঙে পাবেন বাহারি সব ডুরে শাড়ি। দোয়েল সিল্কে আছে এক রং, বহু রঙের মিশেল, হ্যান্ড পেইন্ট, এমব্রয়ডারি, উইভিংয়ের শাড়ি। আপনি চাইলে পছন্দমতো রং ও শেডের শাড়ি ফরমায়েশ দিয়ে করিয়ে নিতে পারেন এখান থেকে।সুতির শাড়িগুলো পাবেন ৫৫০-৮৫০ টাকায়। অ্যান্ডি, ধুপিয়ান, র-সিল্কের শাড়ি পাবেন ৮৫০-২৫০০ টাকায়। বিভিন্ন কারুকাজসহ ডুরে শাড়ি পাবেন ২০০০-৫৫০০ টাকায়।