আবার তামাকের গ্রাসে ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর, রামু, চকরিয়া এবং পাশের পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজার হাজার একর ফসলি জমিতে চলছে তামাকের আগ্রাসন। বিশেষ করে জেলার প্রধান দুই নদী—মাতামুহুরী ও বাঁকখালীর তীর দখল করে প্রভাবশালীরা তামাক চাষ করছে। ফলে বেকায়দায় পড়েছেন স্থানীয় চাষিরা। তাঁরা আগে নদীর তীরের এসব জমিতে রবিশস্য উৎপাদন করতেন।বাঁকখালী নদীর রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া অংশে গিয়ে দেখা যায়, নদীর দুই তীর দখল করে তামাক চাষ চলছে। একইভাবে গর্জনিয়ার পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নেও নদীর তীরজুড়ে তামাকের খেত। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ জানান, বাঁকখালী নদীর দোছড়ি ও রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া ইউনিয়ন অংশে অন্তত তিন হাজার একর জমিতে এখন তামাকের চাষ চলছে। এ ছাড়া ফসলি জমিতেও প্রতিযোগিতামূলকভাবে চলছে তামাক চাষ। এতে ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। গর্জনিয়া ও দোছড়ি গ্রামের চাষি মনির আহমদ (৪৫) ও গোলাম বারী (৫৫) বলেন, এই শীত মৌসুমে নদীর দুই তীরের খাস জমিতে আলু, বেগুন, কপি, মুলা, টমেটোসহ নানা শাক-সবজির চাষ করে জীবিকা নির্বাহ করতাম। এখন ওই জমি প্রভাবশালী ব্যক্তিরা দখলে নিয়ে তামাক চাষ করছেন। দেখা গেছে, চকরিয়া উপজেলার চিরিঙ্গা, হারবাং, মাতামুহুরী নদীর তীর ও সংরক্ষিত বনাঞ্চল, সদর উপজেলার ঈদগাঁও, ভাদিতলাসহ বিভিন্ন স্থানে এখন তামাক চাষ চলছে ব্যাপক হারে। দেশি-বিদেশি কয়েকটি বিড়ি-সিগারেট তৈরির কোম্পানি লোভনীয় সুবিধা দিয়ে ফসলের পরিবর্তে তামাক চাষের জন্য চাষিদের উৎসাহিত করছেন বলে অভিযোগ রয়েছে। ঈদগাঁও গ্রামের চাষি মনছুর আলম (৫১) জানান, তামাক চাষ করতে নগদ টাকার প্রয়োজন হয় না। নগদ টাকা ও বীজ কোম্পানির কর্মীরা ঘরে এসে দিয়ে যান। উৎপাদিত তামাক কত টাকায় কিনবেন, তাও তারা অগ্রিম নির্ধারণ করে দেন। কিন্তু ধান বা অন্যান্য ফসলের ক্ষেত্রে চাষিদের এই সহায়তা পাওয়া যায় না। তাই চাষিরা বাধ্য হয়ে তামাক চাষে ঝুঁকছেন। অনুসন্ধানে জানা গেছে, মাতামুহুরী ও বাঁকখালীর পাশাপাশি জেলার আরও সাতটি নদী ও খালের দুই তীরের প্রায় আট হাজার একর জমিতে এখন তামাকের চাষ হচ্ছে। এ ছাড়াও নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, রামু ও চকরিয়ার প্রায় ১০ হাজার একর সংরক্ষিত ভূমি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে তামাকের আগ্রাসন চলছে। ভূমি ও বন বিভাগের কতিপয় কর্মচারী অবৈধ সুবিধা আদায় করে প্রভাবশালীদের সরকারি জমিতে তামাক চাষের সুযোগ করে দিচ্ছেন। এতে অন্তত পাঁচ হাজার প্রান্তিক চাষি বেকার হয়ে পড়েন। সরকারি জমিতে তামাক চাষ প্রসঙ্গে জানতে চাইলে বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানির নাইক্ষ্যংছড়ি ব্যবস্থাপক মো. ফোরকান বলেন, ‘এ বিষয়ে কথা বলা নিষেধ রয়েছে।’এ প্রসঙ্গে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম এ খালেক বলেন, নদীর চর সরকারি খাস জমি। খাস জমিতে তামাক চাষ হলে বন বিভাগের করার কিছু নেই। তবে বন বিভাগের জমিতে তামাক চাষ হচ্ছে কিনা দেখার জন্য বন-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দিন বলেন, ‘নদীর তীরে সরকারি খাস জমিতে তামাক চাষ করতে কাউকে ইজারা দেওয়া হয়নি। এখন যারা তামাক চাষ করছেন, শিগগির অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক নরেশ চন্দ্র বারই বলেন, ‘তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমরা চাষিদের নিয়ে নানা সভা করছি। চাষিদের জন্য বরাদ্দকৃত সার যেন তামাক চাষে ব্যবহার না হয়, সে ব্যাপারেও কড়া নজরদারি রাখছি। জেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার জানান, গত বছর জেলায় এক হাজার ৫০ হেক্টর (দুই হাজার ৯৪ একর) জমিতে (চকরিয়ায় ৯৫০ হেক্টর এবং রামুতে ১০০ হেক্টর) তামাক চাষ হয়েছিল। এবারও একই পরিমাণ জমিতে তামাক চাষ হচ্ছে। নদীর দুই তীর এবং বন বিভাগের সংরক্ষিত বনভূমিতে তামাক চাষ করা হলেও এই হিসাব কৃষি বিভাগে নেই, বন বিভাগে আছে।