আবার দরপতন আবার বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের উৎকণ্ঠা ও অস্থিরতা আবার বেড়েছে। কয়েক দিনের টানা দরপতনের কারণে আবারও রাস্তায় নেমেছেন তাঁরা। কালোটাকা বিনিয়োগ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপন ও সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের ওপর বিধিনিষেধের খবর প্রভাব ফেলেছে লেনদেনে।বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা এ ধরনের সিদ্ধান্তের খবরে হতাশ হয়ে বলছেন, বাজারে যখনই একটু গতি আসতে শুরু করেছিল, তখনই এ ধরনের কথাবার্তা ঠিক হয়নি।এ প্রসঙ্গে বাজার বিশ্লেষক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিইসি) পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বাজার নিয়ে বেফাঁস আলোচনা, লেখালেখি না হলেই ভালো। বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দিলেই বাজারের উন্নতি ঘটবে।’নতুন বছরের প্রথম সপ্তাহটি ভালো কাটলেও দ্বিতীয় সপ্তাহে দরপতনের ধারা শুরু হয়। চলতি সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটে। বিনিয়োগকারীদের স্বার্থে চট্টগ্রাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেন বন্ধ রাখা হয়। মঙ্গলবার সিইসিতে সার্বিক মূল্যসূচক ৫৫ পয়েন্ট কমে যায়। লেনদেন হয় প্রায় ৯৬ লাখ টাকা। পরে বিনিয়োগকারীদের দাবির মুখে সিইসি কর্তৃপক্ষ এ লেনদেন বাতিল ঘোষণা করে। এ দিন বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং শেয়ারবাজারে দরপতন, এনবিআরের প্রজ্ঞাপন ও সরকারি কর্মকর্তাদের বিনিয়োগ নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। একই দাবিতে গতকাল বুধবার দুপুরেও আগ্রাবাদ সিইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা। এ সময়ে বিক্ষোভকারীরা এনবিআরের চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরে সমাবেশ থেকে কালোটাকা বিনিয়োগে বিধিনিষেধ তুলে নেওয়া ও সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দাবি করেন। গতকাল নগরের বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়ে দেখা যায়, বেশির ভাগ বিনিয়োগকারী হতাশ। নাম প্রকাশ না করে এক বিনিয়োগকারী বলেন, ‘আমি ও আমার স্ত্রী মিলে শেয়ারবাজারে ৩২ লাখ টাকা বিনিয়োগ করেছি। এখন পুরোপুরি নিঃস্ব। উল্টো ঋণের বোঝা নিয়েই চলছি। জানি না আমাদের ভবিষ্যৎ কী।’চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার দত্ত বাজারের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বলেন, ‘এটা সত্যিই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। বিনিয়োগকারীদের এ মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। তা না হলে সব হারাতে হবে।’ লেনদেন বন্ধের খতিয়ান: মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ নিজেদের ক্ষমতাবলে লেনদেন বন্ধ রাখে। এর আগে গত বছরের জানুয়ারি মাসে কয়েক দফা এসইসির নির্দেশে কয়েক দফা বন্ধ রাখা হয়। সিইসি সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জানুয়ারি দরপতনের ভয়াবহতা ঠেকাতে ৪০ মিনিটের মাথায় লেনদেন বন্ধ করে দেওয়া হয়। ১৮ জানুয়ারি একই কারণে বেলা একটা ৪০ মিনিটে লেনদেন বন্ধ করা হয় এবং বাজারের উন্নয়নের লক্ষ্যে ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিন লেনদেন বন্ধ রাখা হয়। পুঁজি হারানো কয়েকজন ক্ষুদ্র বিনিয়োগকারী: নগরের কয়েকটি ব্রোকারেজ হাউস ঘুরে কথা হয় সাম্প্রতিক সময়ে পুঁজি হারানো কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে। শান্তিবাগ এলাকার গৃহিণী নার্গিস চৌধুরী শেয়ারবাজারে নতুন। এ মাসেই ২০ লাখ টাকা নিয়ে বাজারে আসেন। কিন্তু পাঁচ দিনে তিনি প্রায় ছয় লাখ টাকার মতো পুঁজি হারান। এতে খুবই হতাশ হয়ে পড়েন। বলেন, ‘সংসারের জমানো কিছু টাকা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছি। এখন মনে হচ্ছে ভুলই হয়েছে।’হালিশহরে সৌদিপ্রবাসী মো. নাজিম উদ্দিন ২০১০ সালের অক্টোবরে শেয়ারবাজারে ২১ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন। এর মধ্যে ইতিমধ্যে লোকসান হয়েছে ১৫ লাখ ৫০ হাজার টাকার মতো। এখন হাতে আছে মাত্র ছয় লাখ টাকা। চোখে-মুখে ক্ষোভ আর যন্ত্রণার ভাব স্পষ্ট। শুধুই বললেন, ‘আমার কিছু বলার নেই।’ সুপারিওয়ালাপাড়ার মোহাম্মদ উল্লাহ বলেন, ‘২০০৯ সালের অক্টোবরে ২৪ লাখ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছি। এখন লোকসান হতে হতে তা ১৫ লাখ ৯০ হাজারে নেমে এসেছে।’ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ বলেন, ‘আমরা মরে গেছি। আমাদের এখন আর উঠে দাঁড়ানোর শক্তি নেই।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রীর তথ্যসচিব সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, সেখানে এসইসির চেয়ারম্যান কী করে বলেন এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি কোথাও। এটা আমাদের বোধগম্য নয়। আমরা জানতে চাই কাদের সুবিধা দেওয়ার জন্য এ ধরনের আলোচনা হচ্ছে। আমাদের মনে হয়, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য কোনো বিশেষ মহল চক্রান্ত করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ আছলাম মোরশেদ মনে করেন, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তাঁর সরাসরি তদারকি প্রয়োজন।