আবার নতুন স্থাপনা সৈকতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হলেও তা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর পেছনে ক্ষমতাসীন দলের নেতারা ছাড়াও স্থানীয় প্রভাবশালী লোকজন জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন কয়েকজন অবৈধ মালিক। ফলে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকত আদৌ অবৈধ স্থাপনামুক্ত হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অভিযোগ রয়েছে, উচ্ছেদের এক সপ্তাহ না যেতেই কক্সবাজার সমুদ্রসৈকত দখল করে অবৈধ দোকানপাটসহ নানা স্থাপনা তৈরি শুরু হয়েছে। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী এলাকায় গত কয়েক দিনে শতাধিক দোকান, ভাসমান রেস্তোরাঁ ও ঝিনুক দিয়ে তৈরি পণ্য বিক্রির স্থাপনা তৈরি করা হয়েছে। গত ২৪ জানুয়ারি জেলা প্রশাসনের কর্মকর্তারা সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে শতাধিক দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই নতুন করে স্থাপনা তৈরি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী জানান, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সৈকতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। কলাতলী, লাবণী, শৈবাল, ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট ও ঝাউবাগানের ভেতর থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে।’ প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাত দিনের মধ্যে সৈকত থেকে স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আগামী তিন মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসককে একটি বিশেষ কমিটি গঠনেরও নির্দেশ দেন আদালত। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্থায়ী অস্থায়ী সব স্থাপনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও একটি বিশেষ মহলের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। ২৪ জানুয়ারি জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করলে ক্ষমতাসীন দলের এক নেতা বাধার সৃষ্টি করেন। ওই নেতা দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন। উচ্চ আদালত থেকে স্থাপনা উচ্ছেদ না করার জন্য নিষেধাজ্ঞা নিয়ে আনছেন কেউ কেউ। এ সুযোগে অনেকে সৈকতে ভাসমান দোকানপাট তৈরি করছেন। অভিযোগ রয়েছে, অস্থায়ী দোকানপাটে ব্যবসা করার বিপরীতে দৈনিক ভিত্তিতে স্থানীয় পুলিশ ও ভূমি কার্যালয়ের কিছু কর্মচারীকে মাসোয়ারা দিতে হয়। অন্যথায় উচ্ছেদের ভয় দেখানো হয়। জানা যায়, কলাতলী থেকে ডায়াবেটিকস হাসপাতাল পর্যন্ত চার কিলোমিটার সৈকত ও সংলগ্ন ঝাউবাগানের ভেতর দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে। ডায়াবেটিকস হাসপাতাল থেকে ইনানী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সৈকতে কয়েক শ একর সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে হোটেল-মোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। লাবণী পয়েন্টে চার দশমিক ৩৫ একর খাসজমি দখল করে বাংলোসহ বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলে আটটি সরকারি দপ্তর। গত ১৯ ডিসেম্বর ওই আট দপ্তরের বিরুদ্ধে স্থাপনা সরিয়ে নিতে উচ্ছেদ মামলা করা হয়েছে। মহাজোট মার্কেটসহ শতাধিক প্রতিষ্ঠানকেও উচ্ছেদ নোটিশ দেওয়া হয়। এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, ‘সরকারি বেসরকারি সব স্থাপনার বৈধ কাগজপত্র থাকা উচিত। সরকারি যেকোনো প্রতিষ্ঠানের প্রয়োজনে সরকার জমি অধিগ্রহণ করতে পারে।’ জেলা প্রশাসক বলেন, ‘হাইকোর্টের আদেশের খবর পত্রিকার মাধ্যমে জেনে আমরা গত ১৩ জানুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করি। মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নির্দেশ দিয়েছি। তিন মাসের মধ্যে সৈকতের সীমানা নির্ধারণের জন্য বিশেষ কমিটি গঠন, পিলার (খুঁটি) পুঁতে সৈকত এলাকা চিহ্নিতকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।’ সরকারি জমি দখল করে রেস্তোরাঁ তৈরি প্রসঙ্গে পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি জানান, ‘বহু আগে ওই জমি সরকার থেকে ইজারা নেওয়া হয়েছিল। সরকারের স্বার্থে সরকারি জমি ব্যবহার করছে পুলিশ। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে কাগজপত্র পাঠানো হচ্ছে।’ স্থানীয় বাসিন্দারা জানান, লাবণী পয়েন্টে খাসজমি দখল করে ২০০৮ সালে শতাধিক দোকান নিয়ে তৈরি হয় সৈকত ঝিনুক মার্কেট। উত্তর পাশে ৫৪টি দোকান নিয়ে গত বছর তৈরি করা হয় মহাজোট মার্কেট। জেলা প্রশাসন সম্প্রতি এ দুটি বিপণিকেন্দ্র উচ্ছেদের নোটিশ দেয়। কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ বিপণিকেন্দ্র দুটি উচ্ছেদে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেন। জানা যায়, জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও মার্কেটের ব্যবসায়ী জহিরুল ইসলাম উচ্ছেদের বিরুদ্ধে রিট করেন। সৈকত ঝিনুক মার্কেট উচ্ছেদে নিষেধাজ্ঞা চেয়ে অপর রিট করেন সৈকত ঝিনুক সমবায় সমিতির সভাপতি কাশেম আলী। জহিরুল ইসলাম জানান, কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এক-সনা ইজারা নিয়ে মহাজোট মার্কেট তৈরি করা হয়েছিল। এখন এটি উচ্ছেদ করলে ৫৪ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে উচ্ছেদ বন্ধে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সৈকতের জমি দখল করে স্থাপনা তৈরি করছেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাতবদল করে লাভবান হচ্ছেন। এখন হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সৈকত আদৌ দখলমুক্ত হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।’ পরিবেশবাদী সংগঠন গ্রিন কক্সবাজারের নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘সৈকতে যেন নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু এখনো সৈকত ও ঝাউবাগানের ভেতরে স্থাপনা তৈরি হচ্ছে।’ এ প্রসঙ্গে পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি জানান, ‘হাইকোর্টের নির্দেশের কপি আমি এখনো পাইনি। তবে সৈকত দখল করে অবৈধ স্থাপনা তৈরির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’