আবার নাটক পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংকট ছাড়ছেই না পাকিস্তানকে। আরেক নাটকীয় ঘটনায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। শক্তির খেলায় হেরে গেলেন গিলানি। জঙ্গিবাদ ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তানের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এল নতুন অস্থিতিশীলতা।দেশকে নানা রকম সংকট থেকে উদ্ধার করার বদলে অন্যতম প্রধান দল ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) ব্যস্ত থাকতে হচ্ছে সরকার টিকিয়ে থাকা নিয়েই। আদালতের সঙ্গে টক্কর লড়তে গিয়ে টলমল হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আসনও। পিপিপি ইতিমধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বস্ত্রমন্ত্রী মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ শুক্রবার পার্লামেন্টের অধিবেশনও আহ্বান করা হয়েছে। কিন্তু গিলানির বদলে নতুন কেউ প্রধানমন্ত্রী হলেই যে পিপিপি সংকট কাটিয়ে উঠতে পারবে তা নয়। বরং এই প্রধানমন্ত্রীকে নতুন করে রাজনৈতিক পরীক্ষার মুখে পড়তে হবে, যে পরীক্ষায় তেমন সাফল্য দেখাতে পারেননি গিলানি। নির্বাহী বিভাগের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে লিপ্ত সুপ্রিম কোর্ট নতুন প্রধানমন্ত্রীকেও প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার নির্দেশ দিতে পারেন। অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী গিলানির সঙ্গে বিচার বিভাগের টানাপোড়েন শুরু হয় প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। তদন্তের ব্যবস্থা না নিয়ে প্রেসিডেন্টকে রক্ষা করার চেষ্টা করছেন—গিলানির বিরুদ্ধে এ অভিযোগ তোলেন দেশের সর্বোচ্চ আদালত। এর মধ্যে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও ওঠে। গত এপ্রিলে দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে অভিযুক্ত হন গিলানি। এ সময় আদালত প্রতীকী দণ্ডাদেশ দেন তাঁকে। মনে হয়েছিল, এ যাত্রায় অল্পের ওপর পার পেলেন প্রধানমন্ত্রী। কিন্তু ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল না করাতেই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হলো। এই সিদ্ধান্ত নিতে দুই মাস লাগল কেন, এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি সুপ্রিম কোর্ট।এদিকে এ মুহূর্তে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে গেলে পিপিপিকে তার শরিকদের খুশি করতে হবে। এ ক্ষেত্রে বেশ কাঠখড় পোড়াতে হবে দলটিকে। কারণ, জোটের শরিকদের সঙ্গে ইদানীং তাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন। ২০১৩ সালের শুরুতে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা। অনেক বিশ্লেষকের মতে, উদ্ভূত রাজনৈতিক সংকট আগাম নির্বাচন নিয়ে আসতে পারে।ক্ষমতায় আসার পর থেকে গিলানি সরকারের ভাবমূর্তি ছিল না। শুরু থেকেই শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে নানা বিরোধে তিক্ততা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সরকারের বেশির ভাগ নেতা অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত। তাঁদের ওপর সরকারের নিয়ন্ত্রণও খুব বেশি নেই। এই দুর্বল সরকার অনির্ভরযোগ্য শরিকদের ওপর নির্ভর করে আছে। সেনাবাহিনীর ওপরও তাদের নিয়ন্ত্রণ সীমিত। দুর্নীতি মোকাবিলা ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে তারা পুরোপুরি ব্যর্থ। এসব ব্যর্থতা পিপিপি তথা পাকিস্তানের অসামরিক রাজনৈতিক শক্তিকে যে সংকটের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তা থেকে সহসা উত্তরণ সম্ভব নয় বলে মনে করছেন অনেকে।  দাউদ ইসলাম