আবার নির্বাচনী দামামা ভারতে
আবার নির্বাচনী দ্বৈরথের দামামা বেজে উঠেছে ভারতে। ২৪ ডিসেম্বর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি দিয়েছেন সেই ঘোষণা। গত এপ্রিল-মে মাসের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এবার ভোটযুদ্ধ হতে যাচ্ছে আরও ৫ রাজ্যে। রাজ্যগুলো হচ্ছে: উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়া। নির্বাচন ২৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৩ মার্চ। এর মধ্যে জনসংখ্যায় বৃহৎ ও রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে নির্বাচন হবে সাত দফায়। সবার দৃষ্টি জনসংখ্যায়সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশের দিকে। একসময় এই উত্তর প্রদেশ ও বিহার ছিল কংগ্রেসের মূল ঘাঁটি। এই দুই রাজ্যই একসময় নিয়ন্ত্রণ করত ভারতের কেন্দ্রীয় সরকার। উত্তর প্রদেশে আজ দেশের প্রাচীনতম দল কংগ্রেসের সেই রমরমা আর নেই। তারা অবশ্য চার-পাঁচ বছর ধরে সংগ্রাম করে উত্তর প্রদেশে হূতশক্তি বেশ কিছুটা উদ্ধার করেছে। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হিসেবে রাহুল এখন চষে বেড়াচ্ছেন উত্তর প্রদেশ। লক্ষ্য একটাই—ক্ষমতা থেকে সরাতে হবে বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতীকে। জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে, কংগ্রেসের অবস্থান আগের চেয়ে ভালো। পর্যবেক্ষকেরা মনে করছেন, এবার উত্তর প্রদেশে প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়বেন মুখ্যমন্ত্রী মায়াবতী। এই রাজ্যে কংগ্রেস তার অবস্থান আগের তুলনায় অনেক শক্তিশালী করায় আসন কমে যেতে পারে মায়াবতীর দলের। অন্যদিকে মুলায়ম সিং যাদবের অবস্থাও আগের তুলনায় ভালো। তবে সেভাবে শক্তি বাড়েনি বিজেপির। কংগ্রেস মুলায়ম সিংয়ের সঙ্গে জোট বাঁধলে উত্তর প্রদেশে ক্ষমতার পালাবদল ঘটে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে পাঞ্জাবেও চাপে রয়েছে ক্ষমতাসীন আকালি-বিজেপি জোট। সেখানে গত নির্বাচনে পরাজয়ের শোধ নিতে আদাজল খেয়ে মাঠে নেমেছে কংগ্রেস। উত্তরাখণ্ডে বিজেপি এখনো শক্তিশালী। কিন্তু বসে নেই কংগ্রেস। মণিপুরে কংগ্রেসের ক্ষমতায় থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর গোয়ায় কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা। সব হিসাব-নিকাশের পর পাঁচ রাজ্যের মানুষ এবার কোন দিকে ঝুঁকবে, তা জানা যাবে আগামী ৪ মার্চেই। অমর সাহা, কলকাতা