আবার বার্লিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ব্যস্ত মানুষের চলাচল। দূরের প্লাটফর্মে যাত্রীদের বিদায়দৃশ্য আর অন্য প্লাটফর্মে আগত যাত্রীদের আপনজনের আলিঙ্গন। দ্রুত অপস্রিয়মাণ ঘটনা। ব্যস্ত চলন্ত জীবন। কেউ থেমে নেই। হঠাৎ ইংরেজি ভাষায় ঘোষণা—ট্রেন আসতে আর ২০ মিনিট দেরি। হাতে বাড়তি সময় পেয়ে আবার হারিয়ে যাই স্টেশনের ব্যস্ত জীবনের ভিড়ে। ছাত্রজীবনে বহুবার জার্মানিতে এসেছি। ফ্রাঙ্কফুর্ট, ডুসেলডর্ফ, মিউনিখ, আখেনসহ আরও কত যে শহর চষে বেড়িয়েছি। কিন্তু আমার সব সময়ের আকর্ষণ ছিল বার্লিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসঘেরা বার্লিন। সেখানেই যাচ্ছি আজ ২৫ বছর পর। মনে অন্য রকম উত্তেজনা। দেখতে দেখতে ট্রেন এসে গেল। তড়িঘড়ি করে বাক্সপেটরা টেনেহিঁচড়ে বগিতে উঠে দেখি, ফার্স্ট ক্লাসে যাত্রী নেই বললেই চলে। কয়েকটা আসন নিয়ে জেঁকে বসতেই গাড়ি ছেড়ে দিল। ফ্রাঙ্কফুর্ট শহরের সুন্দর পরিপাটি বাড়িগুলো পুরোনো, কিন্তু ঝকঝকে। রাস্তার দ্রুতগামী গাড়িগুলো ট্রেনের গতির সঙ্গে পেরে উঠছিল না। আমাদের ট্রেন একসময় জার্মানির পাহাড় উপত্যকায় আর সমভূমির সুন্দর সবুজের মধ্যে মিশে গেল। কখনো সমভূমিতে বিস্তীর্ণ গমখেতের কার্পেট, কখনো দিগন্তপ্রসারী ঘাসের গালিচা; আবার কখনো বা নিছক পাহাড়ি ঢালে একান্ত বেড়ে ওঠা সবুজ সুন্দর বন চিরে শো-শো শব্দে কোথাও কোথাও পাহাড়ের গর্ভ বিদীর্ণ করে সুড়ঙ্গপথে ট্রেন চলতে লাগল। মনিটরে দেখা যায় গতি ঘণ্টায় কোথাও ২৫০, আবার কোথাও ৩০০ কিলোমিটার। দূর থেকে চোখে ভাসে সারি সারি উঁচু উইন্ড মিলের মতো। পরে শুনেছি, পুরো জার্মানিতেই এই উইন্ড মিল। বাতাসের তোড়ে পাখা ঘোরে, সঙ্গে জুড়ে দেওয়া আছে বিদ্যুৎ উৎপাদক যন্ত্র। দিব্যি এলাকার বিদ্যুতের জোগান হয়। কী চমৎকার, বায়ুশক্তি থেকে বিদ্যুৎ! জার্মান মুলুকের নির্মল সবুজ প্রকৃতি, সবুজের মধ্যে সুন্দর সাজানো গ্রামের ওপর পড়ন্ত সূর্যের সোনালি আভায় যে মোহময় পরিবেশ তৈরি হয়েছিল, তা মনে হলো মুহূর্তেই শেষ হয়ে গেল। পাঁচ ঘণ্টার রাস্তা যখন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বুঝতেই পারিনি আমাদের ট্রেনও বার্লিনের হফবানহফে এসে ভিড়ল। ‘হফবানহফ’ প্রধান রেলস্টেশন। বিশাল। মনে পড়ে, আশির দশকে যখন এখানে আসতাম, তখন এটা ছিল পুরোনো দোতলা একটা রেলস্টেশন। আর এখন প্রায় পাঁচতলা। প্রতিটি তলায় অনেক প্লাটফর্ম, প্রচুর ঝকঝকে বাহারি দোকান, অনেক চলন্ত সিঁড়ি, অনেক আলোঝলমল—সবই পরিষ্কার পরিচ্ছন্ন, একরত্তি ধুলোও কোথাও নেই। কোন দিকে যাব, কোন দিক দিয়ে বের হব, গোলকধাঁধার মতো তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে পড়ে, এই রেলস্টেশনেই একদিন লন্ডন থেকে ফেরার পথে যাত্রাবিরতিতে, ঠিক এমনই সন্ধ্যায় আমার অন্যমনস্কতার ফাঁকে হাওয়া হয়ে গিয়েছিল ভরা সুটকেসটি। এ দেশে তুরস্ক, মরক্কোসহ অন্য দেশের কিছু অভিবাসী আছে, যারা মূলত বেকার ভাতায় চলে। আর এদের শখ হচ্ছে ছিঁচকে চুরি। ঘটনাটি মনে পড়তেই আমাদের লাগেজগুলো শক্ত হাতে ধরে বাইরে বের হওয়ার রাস্তায় এগোই। দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি হেঁকে হোটেলের পথে অপার বিস্ময়ে সেই ২৫ বছর আগে দেখা বার্লিনের রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি ইত্যাদি আমার চোখে নতুন ফ্রেমে ধরা দেয়। সব তো একই রকম আছে, বদলায়নি কিছুই! রাস্তাগুলো একই রকম পরিষ্কার, বাড়িগুলো মনে হয় সদ্য বৃষ্টিস্নাত, রাস্তায় গাড়িগুলো এমনই তবে সংখ্যায় মনে হয় একটু কমেই গেছে। মানুষজনও বাড়েনি বলতে গেলে। বার্লিনের এই কটা দিনে মনে হলো মানুষগুলো বদলায়নি, শুধু যুগের তালে চলছে। রাস্তায় জার্মানরা অনেক অতিথিপরায়ণ। কুবার রাস্তায় এস-বান (মাটির ওপর দিয়ে চলা মেট্রো), উ-বান (মাটির নিচ দিয়ে চলা মেট্রো), বাসলাইন—এসবের ঘূর্ণিপাকে পথ হারিয়ে একে-ওকে জিজ্ঞাসা করছি, সবাই এগিয়ে এসে সাহায্য করেছে। জার্মানির তথা তাবৎ ইউরোপের প্রতিটি রেল ও মেট্রো স্টেশনে এখন ডিজিটাল টিকিটকিলার যন্ত্র; কত টাকার কোন টিকিট, বোতাম চেপে ইউরোপিয়ান নোট দিলেই টিকিটসহ ফিরতি টাকা বেরিয়ে আসে। পরের দুই দিন কনফারেন্স। আর আমার তর সইছিল না বার্লিন প্রাচীরটা ছুঁয়ে দেখতে। তাই কনফারেন্সের শেষ দিনে আগেভাগেই ছুটি বার্লিন প্রাচীরের উদ্দেশে। আমাদের হোটেল ‘হেরমানপ্লাজ’ থেকে ইউ-বানে দুই স্টেশন পরে লাইন বদলিয়ে এস-বানে উঠে কয়েকটা স্টেশন পরেই ওস্টবানহফ—ম্যাপে বার্লিন ওয়াল লেখা আছে দেখে দেখে এগিয়ে যাই। ট্রেনে যেতে যেতে মনে পড়ল, সেই বার্লিন প্রাচীর আমরা ছাত্রজীবনে কত দেখেছি, মনে কী বিভীষিকা জন্ম হতো। আমরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নে থাকতাম। ছুটিতে বেড়াতে যেতাম ইউরোপ, রেলে ব্রেস্ট বর্ডার পেরিয়ে পোল্যান্ড, তারপর পূর্ব জার্মানি, এরপর বার্লিন। ট্রেনে যেতে যেতে অনেকটা পথ দেখা যেত বার্লিন প্রাচীর, উঁচু কংক্রিটের, তার ওপর দুই মানুষ সমান উঁচু কাঁটাতার। একটি দেশ, একই সংস্কৃতি, একই ভাষা, ধর্মে-বর্ণে ভেদ নেই, তবু জার্মানিকে ভাগ হতে হলো। বেড়ে গেল দুই ব্যবস্থায় অর্থনৈতিক দূরত্ব, জীবনযাত্রার মানের দূরত্ব, কিন্তু দুই দেশেরই সাধারণ মানুষের প্রাণের স্পন্দন নিয়তই আছড়ে পড়তে লাগল বার্লিন প্রাচীরের প্রতিটি কংক্রিটে, প্রতিটি লোহায়, প্রতিটি ইটে। কত মানুষ প্রাচীর টপকাতে গিয়ে প্রহরীদের গুলিতে লুটিয়ে পড়েছে প্রাচীরের মূলে! বলি হয়েছে কত প্রাণ! ছাত্রজীবনে রেলে করে পূর্ব বার্লিনে একটা জায়গায় নেমে যেতাম, নাম মনে নেই। বার্লিন ক্যানালের নিচ দিয়ে ফ্রিডরিকস্ট্রাসে বর্ডার দিয়ে ইমিগ্রেশন করে আসতাম পশ্চিম বার্লিন (বন), এখান থেকে এস-বানে করে আলেকজান্ডার প্লাডের মূল রেলস্টেশন (হফবানহফ)। অনেকক্ষণ বার্লিন প্রাচীর চোখে চোখে আমাদের সঙ্গে আসত। এই ২৫ বছরে অনেক বরফ গলেছে, ভালোবাসার টানে ভ্রাতৃত্বের টানে জার্মানিরা ভেঙে দিয়েছে বার্লিন প্রাচীর। এবার ২৫টি বছর পরে বার্লিন এসে প্রাচীরের রেখে দেওয়া অংশটুকু দেখার জন্য অধীর হয়ে ছিলাম। দুই রাষ্ট্র-ব্যবস্থায় দুই বার্লিনের চেহারা ছিল দুই রকম। পূর্ব বার্লিনের রাস্তাগুলো একটু মলিন। কোনো ব্যক্তিগত দোকান নেই, সবকিছুতেই গৎবাঁধা জিনিসপত্র যা রাশিয়াতেই পাওয়া যেত। রাস্তায় সেই পুরোনো মডেলের রুশ লাভা বা নিভা গাড়ি। আর বর্ডার পেরিয়ে পশ্চিম বার্লিনে আসতেই চাকচিক্যের শহর হাতছানি দিত। সেখানে পরিষ্কার সব রাস্তাঘাট, বহুবিচিত্র সব দোকানপাট—প্রসাধনী, খাদ্যবস্তুর। সুপারশপ। পুরোটা সময় আমি পুঁজিবাদী দেশে থাকিনি, তাই তাদের সমাজব্যবস্থা অনুভব করিনি; কিন্তু আজ আমি বুকে হাত দিয়ে বলতে পারব, সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় অন্ন-বস্ত্র-চিকিৎসা-শিক্ষা ইত্যাদি থেকে কেউ বঞ্চিত ছিল না। তবে একটা হূদয়কে দেয়াল উঁচিয়ে দুই ভাগ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলেও কোথায় যেন একটা রক্তক্ষরণ ছিলই, যা রূপ নিল ১৯৮৯-এর ৪ নভেম্বর আলেকজান্ডার প্লাভোর বিশাল জনস্রোতে। তার পরের ইতিহাস আমরা সবই জানি। ওই বছরের ৯ নভেম্বর থেকে বার্লিন প্রাচীরের ইটের জায়গা হলো সবার ড্রইংরুমের শোকেসে, উপহার হয়ে গেল বিভিন্ন দেশে। এসব বিক্ষিপ্ত ভাবনার ঘোরে কখন ওস্টবানহফে এসে ট্রেন থেকে নেমে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে হাঁটতে বার্লিন প্রাচীরের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারিনি। এখান থেকে আলেকজান্ডার প্লাজা স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এই প্রাচীরের অংশ এখন জাদুঘর (জাদুর প্রাচীর)। শুরুতেই একটা গ্রানাইটের স্তম্ভ সেখানে, ভয়েসমাইক্রোফোন লাগানো, তাতে বিভিন্ন ভাষার বাটন টিপলেই সেই ভাষায় বার্লিন প্রাচীর ভাঙার ইতিহাস বেরিয়ে আসতে থাকে। আমার সেই ইতিহাস শোনার ধৈর্য নেই, প্রাচীরের গায়ে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাই। গায়ে অজস্র শিল্পীর ছবি, বেশির ভাগই ব্যঙ্গাত্মক। পশ্চিমের আকাশে কখন সূর্য ডুবে গিয়ে বিকেলটা ধূসর হয়ে আসছে, আমাদেরও হাতে সময় নেই। দৌড়ে একটা ট্যাক্সি ঠিক করে ছুটে যাই হিটলারের বাংকারে, যেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যুদ্ধ পরিচালনা করতেন। এটা ধ্বংসযজ্ঞের ভেতর থেকে তার একটা সংরক্ষিত প্রতিকৃতি মাত্র। এখানে বার্লিন প্রাচীর দেখা দিল তার পুরোনো অবয়বে। কংক্রিটের ভেতর থেকে উঁকি দিচ্ছে লোহার রডের খাঁচা, তার ওপরে পাইপ বসানো, একসময়ের বিভীষিকার কঙ্কাল; প্রেতাত্মা হয়ে দাঁড়িয়ে আছে আজ অরক্ষিত, অবহেলিত অতীতের প্রত্যক্ষ সাক্ষী।